একদিকে চলন্ত ও দাঁড়িয়ে থাকা যানবাহনে আগুন, অন্যদিকে একের পর এক ককটেল বিস্ফোরণ। কোথাও সড়ক অবরোধ, কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, আবার কোথাও ভাঙচুর। দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়ে গেছে সহিংসতা ও নাশকতার ঘটনা। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ ১১ জেলায় অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা ও দেশের ছয় জেলায় ২৮টি স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণ। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি দোকানপাট ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সারা দেশের পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ। নাশকতা ঠেকাতে টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট জোরদারের পাশাপাশি সম্ভাব্য হামলার আগাম তথ্য সংগ্রহে গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। তবে ঢালাও গ্রেপ্তার না করে প্রকৃত অপরাধীদের ধরতে এবং নিরীহ মানুষকে হয়রানি না করার বিষয়েও সতর্ক করেছেন।
- ১১ জেলায় যানবাহনে আগুন, ২৮ স্থানে ককটেল বিস্ফোরণ
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ ও ভাঙচুর
- গণগ্রেপ্তার নয়—প্রকৃত অপরাধীদের ধরার নির্দেশ
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্রের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তাঁর দলের নেতা-কর্মীদের একটি অংশ নাশকতায় জড়াচ্ছে। বিদেশে অবস্থানরত নেতাদের উসকানি ও অর্থায়নের অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ।
একের পর এক যানবাহনে আগুন
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও এলাকায় আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আগুনের শিকার হয়েছে ২২টি যানবাহন।
নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া নওগাঁ, পটুয়াখালী, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ফরিদপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ডিএমপি সূত্র জানায়, গত সোমবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর ফার্মগেট ও পল্লবী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিন গভীর রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে আগুন দেওয়া হয় দুটি মিনিট্রাকে।
ঢাকায় ১৯ স্থানে ককটেল বিস্ফোরণ
যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, গত সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন বলেন, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জে সংঘর্ষ, আগুন পুলিশের গাড়িতে
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় কয়েকটি দোকান। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।
কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকাতেও সড়ক অবরোধ করা হয়।
এর আগে গত সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বইঠা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে।
পরপর এসব ঘটনার পর গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যাতে সংঘবদ্ধভাবে লোকজন জড়ো হয়ে বড় ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
নেপথ্যের ব্যক্তিদের খুঁজছে পুলিশ
পুলিশের একটি সূত্র বলছে, সাম্প্রতিক নাশকতার পেছনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতার যোগসূত্র রয়েছে। পুলিশের দাবি, বিদেশে অবস্থানরত কিছু নেতা উসকানি দেওয়ার পাশাপাশি নাশকতায় অর্থ পাঠাচ্ছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে সূত্রটি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অল্প সময়ের মধ্যে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন; অর্থের বিনিময়ে এসব কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত বলে দাবি পুলিশের। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার (৭ নভেম্বর) থেকে সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পেছনে পরিকল্পিত অপরাধমূলক তৎপরতা রয়েছে। নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। সিসিটিভি ও সাইবার মনিটরিংয়ের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে কাজ চলছে।
তিনি জানান, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
গণগ্রেপ্তার নয়, ‘কোয়ালিটি অ্যারেস্ট’
নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানালেও ঢালাও গ্রেপ্তারের বিষয়ে পুলিশকে সতর্ক করেছেন আইজিপি আলী হোসেন ফকির। মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে সারা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে নাশকতায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বলেন তিনি।
বৈঠকের পর তিন জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জানা গেছে, আইজিপি তাঁদের ‘কোয়ালিটি অ্যারেস্ট’ বা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের ওপর জোর দিয়েছেন। অতীতের মতো গণগ্রেপ্তার না করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন তিনি।
দেশজুড়ে ধারাবাহিক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় এখন পুলিশের প্রধান লক্ষ্য নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা। একই সঙ্গে সম্ভাব্য হামলা ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হচ্ছে।
কালের আলো/এএইচ/এমকে
