প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার। বিশেষ করে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি কমেছে।
তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ১০৭ শতাংশ
চার মাসে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। ফলে প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।
তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। একই সঙ্গে অপ্রচলিত বাজারে তুরস্কের অংশীদারি গত বছরের ৪ দশমিক ৬০ শতাংশ থেকে বেড়ে এবার ৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে।
বড় বাজার জাপান, প্রবৃদ্ধি অস্ট্রেলিয়ায়ও
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রপ্তানি গন্তব্য জাপান। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ। অপ্রচলিত বাজারে মোট রপ্তানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। দেশটিতে রপ্তানি আয় হয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলার।
অন্যদিকে ভারতের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।
অন্যান্য বাজারেও বাড়ছে রপ্তানি
শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। জুলাই-অক্টোবর সময়ে এসব দেশ থেকে রপ্তানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।
অক্টোবরে রপ্তানি বেড়েছে প্রায় ৯ শতাংশ
শুধু অক্টোবর মাসেও অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত ছিল। এ মাসে এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।
অক্টোবরে তুরস্কে পোশাক রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরই রয়েছে তুরস্ক। অক্টোবরে জাপানে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।
একই সময়ে অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। তবে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।
সামগ্রিকভাবে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির এই প্রবৃদ্ধি রপ্তানি বাজার সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করছে। বিশেষ করে তুরস্কসহ নতুন বাজারগুলোতে রপ্তানি বাড়ায় প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হচ্ছে।
কালের আলো/এসকে/এমএসআইপি
