সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি এখনো উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে উৎপাদন কার্যক্রম চালুর ক্ষেত্রে পরিবেশগত বিধিবিধান মানতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উৎপাদনে ফিরতে ট্যানারিগুলোকে সহায়তা
অনুষ্ঠানে চামড়াশিল্পের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা এ শিল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে। স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হলেও বেশ কিছু কারখানা এখনো উৎপাদনে যেতে পারেনি। এসব কারখানা সচল করতে সরকার প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেবে।
তিনি বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বড় সম্ভাবনা রয়েছে। গত বছর চামড়া ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১৭৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার। পাশাপাশি ভারতও চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে উঠে এসেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নয়ন, পরিবেশগত মানদণ্ড অনুসরণ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
পরিবেশগত নিয়মে কোনো ছাড় নয়
ট্যানারিশিল্পের পরিবেশগত মান নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে।
পরিবেশগত মান ও বিধিবিধান অনুসরণে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। অর্থাৎ উৎপাদন চালু করতে সরকারি সহায়তা দেওয়া হলেও পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মান অনুসরণের ক্ষেত্রে কোনো ছাড় থাকবে না।
চামড়াশিল্পের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চামড়াশিল্পের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এসএমই ঋণ পুনঃঅর্থায়নে বরাদ্দ ২ হাজার কোটি টাকা
অনুষ্ঠানে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, আয়বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশ জরুরি। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। অর্থনৈতিক বৈষম্য কমাতে এ অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির জটিলতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্যাংকঋণ পেতে প্রয়োজনীয় নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যা সমাধানে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ সুবিধা পেতে পারেন।
মন্ত্রী জানান, বর্তমান দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধের শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিষয়টি উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সহযোগিতার নতুন সম্ভাবনা
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে।
বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের রপ্তানি খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও উন্নয়ন সহযোগীদের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। পরিবেশবান্ধব শিল্পায়ন, টেকসই উৎপাদন এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডসও বক্তব্য দেন। এ সময় সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএ/ডিএইচ
