২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনটি আদালতে গ্রহণযোগ্যতা পায়নি।
রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
কেন করা হয়েছিল রিট
এর আগে গত ৭ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ।
রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন উপসচিবকে বিবাদী করা হয়। রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারি চালু করেছিল তৎকালীন সরকার।
লটারি বাতিল করে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত
রিটকারীর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে প্রথম শ্রেণিতে আগের মতোই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
কালের আলো/এসকে/এমএসআইপি
