ইসলামে খাদ্য গ্রহণের ক্ষেত্রে হালাল ও হারামের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু খাবারের স্বাদ বা পুষ্টিগুণ নয়, বরং এর উৎস, প্রস্তুতপ্রণালি এবং উপাদানও বিবেচ্য। পবিত্র কোরআন ও হাদিসে নির্দিষ্ট কিছু খাবার ও পানীয় গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এসব বিধান মেনে চলাকে মুসলমানের ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করা হয়।
ইসলামি বিধান অনুযায়ী, সাধারণভাবে পবিত্র ও উপকারী খাবার মানুষের জন্য হালাল। তবে কিছু প্রাণী, মাদকদ্রব্য, ক্ষতিকর উপাদান এবং অবৈধভাবে অর্জিত খাবার গ্রহণ নিষিদ্ধ। এমন ছয় ধরনের খাবার ও খাদ্যসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানা প্রয়োজন।
১. মৃত প্রাণী, প্রবাহিত রক্ত ও শূকরের মাংস
পবিত্র কোরআনে মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারও নামে উৎসর্গ করা প্রাণী খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সুরা বাকারা, সুরা মায়িদা ও সুরা আনআমে এ বিষয়ে নির্দেশনা রয়েছে।
ইসলামি পদ্ধতিতে জবাই না করে স্বাভাবিকভাবে, রোগে বা দুর্ঘটনায় মারা যাওয়া হালাল প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ। একইভাবে জবাইয়ের সময় শরীর থেকে বের হওয়া প্রবাহিত রক্তও খাওয়া বা পান করা যাবে না। তবে মাংসে লেগে থাকা সামান্য রক্ত, কলিজা ও প্লীহা খাওয়ার অনুমতি রয়েছে।
শূকরের মাংসের পাশাপাশি এর চর্বি ও অন্যান্য অংশ থেকেও তৈরি খাদ্য উপাদান গ্রহণ নিষিদ্ধ। অন্যদিকে, কোনো প্রাণীকে আল্লাহর নামের পরিবর্তে অন্য কারও নামে জবাই বা উৎসর্গ করা হলে তার মাংসও খাওয়া বৈধ নয়।
তবে মৃত মাছ ও পঙ্গপালের ক্ষেত্রে আলাদা বিধান রয়েছে। হাদিসে এ দুটিকে জবাই ছাড়াই খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
২. হিংস্র পশু ও শিকারি পাখির মাংস
ইসলামি বিধান অনুযায়ী, দাঁত দিয়ে শিকার করে এমন হিংস্র প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ। বাঘ, সিংহ, নেকড়ে, কুকুর ও এ ধরনের অন্যান্য হিংস্র প্রাণী এর অন্তর্ভুক্ত।
একইভাবে নখর দিয়ে শিকার করে এমন পাখির মাংসও খাওয়া নিষিদ্ধ। ঈগল, বাজপাখি ও এ ধরনের শিকারি পাখির বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে।
সহিহ মুসলিমের ১৯৩৪ নম্বর হাদিসে রাসুলুল্লাহ (সা.) দাঁতাল হিংস্র প্রাণী এবং নখরবিশিষ্ট শিকারি পাখির মাংস খেতে নিষেধ করেছেন।
৩. গৃহপালিত গাধা ও কিছু অপবিত্র প্রাণী
গৃহপালিত গাধার মাংস খাওয়া ইসলামে নিষিদ্ধ। খায়বার যুদ্ধের সময় রাসুলুল্লাহ (সা.) এ বিষয়ে নিষেধাজ্ঞা দেন। তবে বন্য গাধা বা জেব্রার মাংসের বিধান আলাদা; তা খাওয়া বৈধ।
এ ছাড়া যেসব প্রাণী স্বভাবগতভাবে অপবিত্র ও ঘৃণিত হিসেবে বিবেচিত, সেগুলোর কিছু খাওয়াও নিষিদ্ধ। ইঁদুর, সাপ, বিচ্ছু ও টিকটিকির মতো প্রাণী এ তালিকায় উল্লেখ করা হয়।
পবিত্র কোরআনের সুরা আরাফের ১৫৭ নম্বর আয়াতে বলা হয়েছে, নবী (সা.) মানুষের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন।
৪. সব ধরনের নেশাজাতীয় দ্রব্য
যেসব খাবার বা পানীয় মানুষের বিবেক-বুদ্ধি আচ্ছন্ন করে এবং নেশা সৃষ্টি করে, সেগুলো গ্রহণ করা হারাম। মদ, বিয়ার, ইয়াবা, হেরোইন, গাঁজা ও আফিমের মতো নেশাজাতীয় দ্রব্য এর অন্তর্ভুক্ত।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নেশা সৃষ্টি করে এমন প্রতিটি বস্তুই খামর (মদ), আর প্রতিটি নেশাজাতীয় বস্তুই হারাম।’ (সহিহ মুসলিম, হাদিস: ২০০৩)
অন্য এক হাদিসে বলা হয়েছে, যে বস্তুর বেশি পরিমাণ গ্রহণে নেশা সৃষ্টি হয়, তার সামান্য পরিমাণও নিষিদ্ধ। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৬৮১)
তবে চিকিৎসার প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ বা অ্যানেসথেশিয়া ব্যবহারের বিষয়টি আলাদা। এ ক্ষেত্রে ওষুধের উপাদান ও ব্যবহারের পরিস্থিতি বিবেচনায় নিতে হয়।
৫. বিষাক্ত ও মারাত্মক ক্ষতিকর খাবার
যে খাবার বা পদার্থ গ্রহণে মানুষের মৃত্যু কিংবা গুরুতর শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে, তা গ্রহণ করা নিষিদ্ধ। বিষাক্ত পদার্থ এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান এ ক্ষেত্রে বিবেচ্য।
পবিত্র কোরআনের সুরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না।’
তবে কোনো ব্যক্তি যদি চরম দুর্ভিক্ষ বা এমন পরিস্থিতিতে পড়েন, যেখানে হালাল খাবার পাওয়ার সুযোগ নেই এবং হারাম খাবার গ্রহণ না করলে প্রাণহানির আশঙ্কা রয়েছে, তাহলে জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পরিমাণ খাবার গ্রহণের অনুমতি রয়েছে। সুরা বাকারার ১৭৩ নম্বর আয়াতে এ বিষয়ে ছাড় দেওয়া হয়েছে।
৬. চুরি বা অবৈধ উপায়ে অর্জিত খাবার
কোনো খাবার নিজে হালাল হলেও তা অর্জনের পদ্ধতি অবৈধ হলে সেই খাবার গ্রহণ নিষিদ্ধ হতে পারে। যেমন—চুরি, ডাকাতি, ঘুষ, সুদ কিংবা অন্যের সম্পদ আত্মসাতের মাধ্যমে কেনা ভাত, মাছ, ফলমূল বা অন্য খাবার।
ইসলামে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার অনুমতি নেই। তাই খাবারের ধরন হালাল হলেই তা গ্রহণ বৈধ হয়ে যায় না; এর উৎস ও মালিকানাও সঠিক হতে হবে।
হালাল খাবার বাছাইয়ে সতর্কতা জরুরি
ইসলামে হালাল রিজিক অন্বেষণ এবং হারাম থেকে বেঁচে থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শুধু খাবারের নাম বা বাহ্যিক ধরন দেখে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়। প্যাকেটজাত খাবার, ওষুধ কিংবা অন্যান্য খাদ্যপণ্য কেনার সময় উপাদান ও প্রস্তুতপ্রণালি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।
বিশেষ করে কোনো পণ্যে শূকরের চর্বি থেকে তৈরি জেলাটিন বা নিষিদ্ধ অন্য কোনো উপাদান রয়েছে কি না, তা যাচাই করা উচিত। একই সঙ্গে কোনো উপাদানের উৎস বা ব্যবহার নিয়ে সন্দেহ থাকলে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নেওয়া যেতে পারে।
সবশেষে, ইসলামের খাদ্যবিধানের মূল শিক্ষা হলো—পবিত্র, বৈধ ও নিরাপদ খাবার গ্রহণ করা এবং নিষিদ্ধ উপাদান ও অবৈধ উপার্জন থেকে দূরে থাকা।
কালের আলো/এএএন/জেএন















-20261121140412.jpg)
-20261119145050.jpg)



