ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, ঝুঁকিপূর্ণ ভবন ও খেলার মাঠ না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। ১১৩ শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় পরিত্যক্ত ঘোষিত পুরোনো ভবনের কক্ষ সংস্কার করে পাঠদান চালাচ্ছেন শিক্ষকরা। অন্যদিকে, বিদ্যালয়ের খেলার মাঠের জায়গায় রয়েছে পুকুর। এতে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নিরাপত্তাঝুঁকিতেও রয়েছে।
উপজেলার সদরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে ৫০ শতাংশ জমির ওপর ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার প্রায় চার দশক পেরিয়ে গেলেও অবকাঠামোগত সংকট কাটেনি। বর্তমানে বিদ্যালয়ে দুটি শ্রেণিকক্ষবিশিষ্ট একটি ভবন রয়েছে। শিক্ষার্থীর তুলনায় কক্ষের সংখ্যা কম হওয়ায় পুরোনো ভবনের দুটি কক্ষ শিক্ষকরা নিজেদের উদ্যোগ ও অর্থায়নে সংস্কার করে ব্যবহার করছেন।
ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
পরিত্যক্ত ঘোষিত পুরোনো ভবনের কক্ষগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে শিশুদের পাঠদান নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। শ্রেণিকক্ষে পর্যাপ্ত জায়গা না থাকায় শিক্ষার্থীদের বসা ও পাঠ গ্রহণেও সমস্যা হচ্ছে। সীমিত অবকাঠামোর মধ্যে একাধিক শ্রেণির পাঠদান পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা আক্তার বলেন, শ্রেণিকক্ষের অভাবে স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে পুরোনো ভবনের কক্ষ সংস্কার করে ব্যবহার করতে হচ্ছে। দ্রুত এ অবকাঠামোগত সমস্যার সমাধান প্রয়োজন।
খেলার মাঠের জায়গায় পুকুর
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তার বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ। কিন্তু বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। মাঠের জায়গায় পুকুর থাকায় শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পুকুরের কারণে শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ১১৩ শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ের বর্তমান অবকাঠামো পর্যাপ্ত নয়। বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনের কক্ষ সংস্কার করে পাঠদান চালাতে হচ্ছে। নতুন শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হলে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।
সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি





-20261122113959.jpg)









-20261121140412.jpg)
-20261119145050.jpg)



