Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

সৈয়দপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১০:৩৪ এএম

ঢাকার ঝুট কাপড়ে বদলে যাচ্ছে সৈয়দপুরের অর্থনীতি

সৈয়দপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১০:৩৪ এএম

ঢাকার ঝুট কাপড়ে বদলে যাচ্ছে সৈয়দপুরের অর্থনীতি

ঢাকার পোশাক কারখানার বাতিল কাপড় বা ঝুট একসময় ফেলে দেওয়া হতো। সেই ঝুট কাপড়ই এখন নীলফামারীর সৈয়দপুরে গড়ে তুলেছে সম্ভাবনাময় পোশাকশিল্প। এসব কাপড় পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, ট্রাউজার, সোয়েটারসহ নানা ধরনের শীতবস্ত্র। তুলনামূলক কম দাম ও ভালো মানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এসব পোশাকের চাহিদা রয়েছে। এমনকি ভারত, নেপাল ও ভুটানেও রপ্তানি হচ্ছে সৈয়দপুরে তৈরি পোশাক।

স্থানীয় উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, শহরজুড়ে গড়ে উঠেছে পাঁচ শতাধিক ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানা। এসব কারখানায় প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় তিন থেকে চার হাজার মানুষের। চলতি শীত মৌসুমে এ শিল্পে ১০ থেকে ১৫ কোটি টাকার পোশাক বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।

পাকিস্তান আমল থেকে শুরু, বিস্তৃতি পাঁচ শতাধিক কারখানায়
পাকিস্তান আমল থেকেই সৈয়দপুরে ঝুট কাপড় দিয়ে পোশাক তৈরির প্রচলন রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ শিল্পের পরিধি বেড়েছে। বর্তমানে শহরের মুন্সীপাড়া, কয়ানিজপাড়া, নয়াটোলা, হাতিখানা, মিস্ত্রিপাড়া, বাবুপাড়া, গোলাহাট ও বাঁশবাড়ী এলাকায় ছড়িয়ে রয়েছে পাঁচ শতাধিক পোশাক কারখানা।

কারখানাগুলোতে সারা বছরই বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয়। তবে শীত মৌসুমে উৎপাদনের বড় অংশজুড়ে থাকে জ্যাকেট, ট্রাউজার ও শিশুদের শীতবস্ত্র। বছরের অন্য সময় তৈরি হয় টি-শার্ট, জিনসের প্যান্ট, শর্টসসহ নানা পোশাক।

ঢাকার তৈরি পোশাক কারখানা থেকে তুলনামূলক কম দামে ঝুট কাপড় সংগ্রহ, স্থানীয় শ্রমিকের সহজলভ্যতা এবং কম পরিবহন ব্যয়ের কারণে উৎপাদন খরচ কম রাখতে পারছেন উদ্যোক্তারা। এতে সাশ্রয়ী দামে মানসম্মত পোশাক তৈরি করা সম্ভব হচ্ছে।

শীতবস্ত্রের বাজারে বাড়ছে বেচাকেনা
সৈয়দপুর শহরের ডা. আব্দুল মজিদ রোডের শীতবস্ত্র মার্কেটে গেলে এ শিল্পের কর্মচাঞ্চল্য চোখে পড়ে। মার্কেটের শতাধিক দোকানে চলছে পোশাকের বেচাকেনা। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও লালমনিরহাটসহ উত্তরের বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা আসছেন পোশাক কিনতে।

ক্রেতাদের কাছে সৈয়দপুরের পোশাকের সবচেয়ে বড় আকর্ষণ সাশ্রয়ী দাম। লালমনিরহাট থেকে আসা পাইকারি ক্রেতা আব্দুল রাজ্জাক জানান, সৈয়দপুরে তুলনামূলক কম দামে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়। এ কারণে প্রতিবছর এখান থেকে জ্যাকেট ও ট্রাউজার কিনে নিজ এলাকায় বিক্রি করেন তিনি। তাঁর এলাকায়ও এসব পোশাকের ভালো চাহিদা রয়েছে।

বিকাশে প্রয়োজন পুঁজি ও আধুনিক প্রযুক্তি
তবে শীত মৌসুমের শুরুতে বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি। সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির রপ্তানিকারক মো. ফাইয়াজুল হক সাজু বলেন, শীতের তীব্রতা এখনো সেভাবে বাড়েনি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারে পোশাকের বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।

তিনি মনে করেন, সৈয়দপুরের এ শিল্পকে আরও এগিয়ে নিতে কাঁচামালের দাম নিয়ন্ত্রণ, পুঁজির সংকট দূর করা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

ফেলে দেওয়া কাপড়কে কাজে লাগিয়ে সৈয়দপুরে গড়ে ওঠা এ শিল্প একদিকে যেমন বর্জ্যের পুনর্ব্যবহারের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রয়োজনীয় সহায়তা ও আধুনিকায়ন নিশ্চিত করা গেলে এ শিল্পের উৎপাদন ও রপ্তানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!