Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

রংপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১০:৫১ এএম

শীতের কাজেই জীবিকা, গরমে অনিশ্চয়তায় কারিগররা

রংপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১০:৫১ এএম

শীতের কাজেই জীবিকা, গরমে অনিশ্চয়তায় কারিগররা

শীতের আগমনী হাওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় লেপ-তোশক তৈরির কারিগরদের কর্মব্যস্ততা বেড়েছে। দিনের পাশাপাশি রাতেও চলছে লেপ-তোশক তৈরির কাজ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতাদের আনাগোনা ও কাজের চাপ। তবে কয়েক মাসের এই ব্যস্ততার বিপরীতে বছরের বড় একটি সময় প্রায় কর্মহীন থাকতে হয় কারিগরদের। মৌসুমি আয়ের ওপর নির্ভর করেই চলে তাঁদের সংসার। কাজ না থাকায় গরমের সময় সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হয় অনেককে।

রোববার গঙ্গাচড়া বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লেপ-তোশক তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। কেউ তুলা ধুনছেন, কেউ কাপড় বিছিয়ে লেপ তৈরি করছেন, আবার কেউ ক্রেতার চাহিদা অনুযায়ী বানাচ্ছেন তোশক। শীতের তীব্রতা বাড়ার আগেই অনেকে লেপ-তোশক তৈরি ও কেনার প্রস্তুতি নিচ্ছেন।

৩০ বছরের পেশা, তবু সারা বছর কাজ নেই
দক্ষিণ কোলকোন্দ মাস্টারপাড়ার মো. শফিকুল ইসলাম (৪৫) প্রায় ৩০ বছর ধরে লেপ-তোশক তৈরির কাজ করছেন। শীতের মৌসুমে কাজের চাপ বাড়লে দিন-রাত পরিশ্রম করতে হয় তাঁকে। কিন্তু গরমের সময় কাজ প্রায় বন্ধ হয়ে যায়।

শফিকুল ইসলাম বলেন, ‘শীতের মৌসুমে দিনে-রাতে কাজ থাকে। কিন্তু গরমের সময় সপ্তাহেও একটা কাজ জোটে না। তখন সংসার চালাতে খুব কষ্ট হয়। প্রায় ৩০ বছর ধরে এই কাজ করি। কাজটার প্রতি মায়া জন্মে গেছে, ছাড়তে পারি না। এ বছর শীত শুরুর আগেই বেশ কাজ পেয়েছি। আল্লাহ শরীর ভালো রাখলে এই মৌসুমে কিছু আয় হবে, তা দিয়ে সংসারটা একটু ভালোভাবে চালাতে পারব।’

শীতের প্রস্তুতিতে বাড়ছে লেপের চাহিদা
শীতকে সামনে রেখে আগেভাগেই লেপ কিনতে শুরু করেছেন অনেকে। আলমবিদিতর ইউনিয়নের বাসিন্দা হাশেম আলী নতুন লেপ কিনতে বাজারে এসেছেন। তাঁর মতে, শীত বাড়লে লেপের প্রয়োজনীয়তা বেশি অনুভূত হয়। তাই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মৌসুমি আয়ে অনিশ্চিত জীবন
শীতের কয়েক মাস লেপ-তোশক তৈরির কাজ কারিগরদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। এ সময় কাজের চাপ থাকায় কেউ কেউ দিন-রাত পরিশ্রম করেন। কিন্তু শীত শেষ হলেই কমে যায় কাজ, থেমে যায় উপার্জনও।

ফলে বছরের কয়েক মাসের আয় দিয়েই বাকি সময়ের সংসার খরচ সামলাতে হয় তাঁদের। একদিকে শীতের মৌসুমে কাজের ব্যস্ততা, অন্যদিকে গরমের দীর্ঘ কর্মহীনতা—এই অনিশ্চয়তার মধ্য দিয়েই জীবিকা নির্বাহ করছেন গঙ্গাচড়ার লেপ-তোশক তৈরির কারিগররা।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!