Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ঝিনাইদহ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১২:৩২ পিএম

৪০ বছর আগের উদ্যোগে কালীগঞ্জে প্রকৃতির অনন্য সৌন্দর্য

ঝিনাইদহ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১২:৩২ পিএম

৪০ বছর আগের উদ্যোগে কালীগঞ্জে প্রকৃতির অনন্য সৌন্দর্য

ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের শখ করে লাগানো খেজুরগাছ এখন হয়ে উঠেছে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। প্রায় চার দশক আগে রোপণ করা শতাধিক খেজুরগাছের সারি সৃষ্টি করেছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। সবুজ ফসলের মাঠের মাঝখানে পিচঢালা সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিকেলে ছুটে আসছেন শহর ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।

চার দশকের পুরোনো উদ্যোগ, বদলে গেছে দৃশ্যপট
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা ও আনন্দবাগ গ্রামের মধ্যবর্তী মাঠের বুক চিরে চলে গেছে একটি পিচঢালা সড়ক। সড়কের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে আছে শতাধিক খেজুরগাছ। বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ, আঁকাবাঁকা পথ আর গাছের সারি মিলে তৈরি করেছে দৃষ্টিনন্দন পরিবেশ।

জানা যায়, ১৯৮৬ সালে খয়েরতলা গ্রামের কৃষক হারুন অর রশিদ শখ করে সড়কের দুই পাশে এসব খেজুরগাছ রোপণ করেন। সময়ের ব্যবধানে ছোট ছোট চারাগাছগুলো বিশাল আকার ধারণ করেছে। প্রায় ৪০ বছর পর তাঁর সেই উদ্যোগই এলাকার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

গত ৯ নভেম্বর বিকেলে সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেলে করে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা সেখানে আসছেন। কেউ রাস্তার দুই পাশের খেজুরগাছের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠছেন। ফসলের মাঠের মাঝখানে সড়ক আর দুই পাশের গাছের সারি মুগ্ধ করছে সবাইকে।

প্রকৃতির টানে ছুটে আসছেন দর্শনার্থীরা
ঝিনাইদহ শহর থেকে আসা দর্শনার্থী মুকুল হোসেন বলেন, এর আগে তেঁতুলতলার পাশে সারি সারি নারকেলগাছ লাগানো প্যারিস রোডের সৌন্দর্য উপভোগ করেছেন। তবে খয়েরতলায় রাস্তার দুই পাশে এত সুন্দর খেজুরগাছের সারি আগে দেখেননি। লোকমুখে শুনে বন্ধুদের নিয়ে জায়গাটি দেখতে এসেছেন। দৃশ্যটি তাঁর খুব ভালো লেগেছে। কালীগঞ্জ শহরের পাশে এমন সুন্দর একটি জায়গা রয়েছে, তা আগে জানা ছিল না। অবসর পেলেই আবার আসবেন।

নলডাঙ্গা থেকে তিন বন্ধুকে নিয়ে ঘুরতে এসেছেন শাওন। তিনি বলেন, বাড়ির কাছেই এত সুন্দর একটি জায়গা রয়েছে, আগে জানা ছিল না। এক বন্ধুর কাছে শুনে দেখতে এসেছেন। বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে এক ফালি রাস্তা, দুই পাশে সারি সারি খেজুরগাছ ও অন্যান্য গাছ—সব মিলিয়ে পরিবেশটি অসাধারণ।

তিনি আরও বলেন, মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। এর মধ্যে বয়ে যাওয়া মৃদু বাতাস ও চারপাশের সবুজ পরিবেশ মনে প্রশান্তি এনে দেয়। সময় কাটানোর জন্য জায়গাটি খুবই ভালো।

খেজুরের রস সংগ্রহই ছিল মূল উদ্দেশ্য
সড়কের দুই পাশের খেজুরগাছগুলোর মালিক হারুন অর রশিদ জানান, ১৯৮৬ সালে তিনি গাছগুলো রোপণ করেছিলেন। মূলত খেজুরের রস সংগ্রহ করাই ছিল তাঁর উদ্দেশ্য। পাশাপাশি মাঠে কাজ করতে গিয়ে রোদে ক্লান্ত কৃষকেরা যেন গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন, সেই চিন্তাও ছিল।

তিনি বলেন, এখন বিভিন্ন এলাকা থেকে ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসে, সময় কাটায়। গাছগুলো অনেক বড় হয়েছে। বিষয়টি দেখে তাঁর খুব ভালো লাগে।

হারুন অর রশিদ আরও জানান, প্রতি বছর এসব গাছ থেকে প্রচুর রস সংগ্রহ হয়। সেই রস দিয়ে তৈরি করা হয় গুড়। নিজের জন্য যতটুকু রস ও গুড় রাখেন, তার চেয়ে বেশি মানুষকে দেন। এতে তিনি আনন্দ পান।

বর্তমানে গাছগুলোতে হাঁড়ি বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিন পর রস সংগ্রহ শুরু হবে। সন্ধ্যার দিকে শহরসহ আশপাশের এলাকার তরুণেরা রস খেতে আসেন। তিনি নিজেই গাছ কেটে রস সংগ্রহ করেন এবং নির্ভেজাল গুড় তৈরি করেন। অনেকেই তাঁর কাছ থেকে গুড় কিনতে আসেন।

একজন কৃষকের প্রায় চার দশক আগের ছোট্ট উদ্যোগ আজ শুধু খেজুরের রস ও গুড়ের উৎস নয়, হয়ে উঠেছে স্থানীয় মানুষের বিনোদন এবং প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র। হারুন অর রশিদের লাগানো সেই খেজুরগাছগুলো এখন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খয়েরতলা ও আনন্দবাগের মাঠের বুকে।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!