Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

রাজশাহী সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:১৭ পিএম

ভবন নির্মাণের পর পেরিয়েছে ২০ বছর, মেলেনি ডায়াবেটিসের চিকিৎসাসেবা

রাজশাহী সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:১৭ পিএম

ভবন নির্মাণের পর পেরিয়েছে ২০ বছর, মেলেনি ডায়াবেটিসের চিকিৎসাসেবা

ভবন নির্মাণের প্রায় দুই দশক পেরিয়ে গেলেও চালু হয়নি রাজশাহীর বাঘা উপজেলার ডায়াবেটিস সেন্টার। চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যে নির্মিত ভবনটি দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় এখন প্রায় পরিত্যক্ত। অন্যদিকে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য যেতে হচ্ছে দূরের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে। সেন্টারটি চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

বাঘা উপজেলার মীরগঞ্জ ভূমি অফিস-সংলগ্ন এলাকায় অবস্থিত ভবনটি স্থানীয়দের কাছে দীর্ঘদিনের অপূর্ণ প্রত্যাশার প্রতীক হয়ে আছে। এলাকাবাসীর দাবি, ২০০২ সালের দিকে ভবনটি নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণসংশ্লিষ্ট কোনো ফলক না থাকায় এর সঠিক নির্মাণকাল নিশ্চিত হওয়া যায়নি।

নির্মাণের ইতিহাস নিয়ে অস্পষ্টতা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত কুমার সরকার ভবনটির নির্মাণপ্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র ও রেকর্ডসংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সল তালুকদার বলেন, মীরগঞ্জ ভূমি অফিসের পাশে একটি পরিত্যক্ত ভবন রয়েছে। স্থানীয়ভাবে জানতে পেরেছেন, ভবনটি ডায়াবেটিস সেন্টারের নামে নির্মাণ করা হয়েছিল।

তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে লিখিত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংসদ সদস্যের সঙ্গেও কথা হয়েছে। বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি হওয়ায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চালুর দাবি স্থানীয়দের

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল বলেন, এত বছর পেরিয়ে গেলেও সরকারি অর্থায়নে নির্মিত ভবনটি নিষ্ক্রিয় পড়ে আছে। অদৃশ্য কারণে ডায়াবেটিস সেন্টারটি চালু করা হয়নি। এটি চালু হলে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ সহজেই চিকিৎসাসেবা পেতেন। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেন্টারটি চালুর দাবি জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, ভবনটি নির্মাণের পর কখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। শুরু হয়নি চিকিৎসাসেবা কার্যক্রমও। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি ক্রমেই জরাজীর্ণ হয়ে পড়ছে।

ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ গ্রহণ করতে হয়। বাঘায় একটি ডায়াবেটিস সেন্টার চালু হলে এসব সেবা স্থানীয়ভাবে পাওয়ার সুযোগ তৈরি হতো বলে মনে করছেন এলাকাবাসী।

নির্মাণ ব্যয় ও দায়িত্বপ্রাপ্ত সংস্থা নিয়ে প্রশ্ন

স্থানীয়দের প্রশ্ন, কার উদ্যোগে এবং কোন প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়েছিল? সরকারি অর্থায়নে নির্মাণ হয়ে থাকলে বরাদ্দ, দরপত্র, কার্যাদেশ, ঠিকাদার নিয়োগ, নির্মাণ ব্যয় ও কাজ সম্পন্ন হওয়ার নথিপত্র কোথায়? কোন দপ্তর বা সংস্থা ভবনটি নির্মাণ করেছিল, সেটিও স্পষ্ট নয়।

প্রায় দুই দশকেও প্রতিষ্ঠানটি চালু না হওয়ার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয়দের দাবি, শুধু তদন্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবনটির প্রকৃত মালিকানা ও নির্মাণের ইতিহাস খুঁজে বের করতে হবে। প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসা সরঞ্জাম, জনবল ও ওষুধের ব্যবস্থা করে দ্রুত চালু করতে হবে সেন্টারটি।

তাদের মতে, মানুষের চিকিৎসাসেবার স্বপ্ন নিয়ে নির্মিত ভবনটি বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়। ডায়াবেটিস রোগীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন বাড়লেও বাঘায় সেবার সুযোগ তৈরি হয়নি। তাই দ্রুত সেন্টারটি চালুর উদ্যোগ চান স্থানীয়রা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!