বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বড় ধরনের সমঝোতার প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। কিন্তু দুই সপ্তাহের আলোচনা শেষে গুরুত্বপূর্ণ কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত এবারের সম্মেলন। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়ন—এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি। বিশেষ করে চূড়ান্ত ঘোষণায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ থাকবে কি না, তা নিয়ে তেল উৎপাদনকারী ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়।
দুই সপ্তাহের আলোচনা শেষে গত শুক্রবার (২০ নভেম্বর) সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতার চেষ্টা গড়ায় রোববার পর্যন্ত। দীর্ঘ টানাপোড়েনের পর প্রকাশিত চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির কোনো সরাসরি উল্লেখ রাখা হয়নি। ফলে সম্মেলন থেকে কার্যকর ও নতুন কোনো রাজনৈতিক অঙ্গীকার না আসায় হতাশা প্রকাশ করেছেন জলবায়ু আন্দোলনকর্মী, ইউরোপীয় প্রতিনিধি এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা।
জীবাশ্ম জ্বালানির উল্লেখ নিয়েই মূল বিরোধ
সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় মতবিরোধ তৈরি হয় জীবাশ্ম জ্বালানি নিয়ে। সৌদি আরব, রাশিয়া, ভারতসহ কয়েকটি দেশ চূড়ান্ত ঘোষণায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর বিষয়ে সরাসরি উল্লেখ রাখার বিরোধিতা করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো জীবাশ্ম জ্বালানির বিষয়ে স্পষ্ট অঙ্গীকার ছাড়া কোনো চুক্তি মেনে নিতে রাজি হয়নি।
গত সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত প্রথম খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দবন্ধটি ছয়বার উল্লেখ করা হয়েছিল। কিন্তু তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির মুখে পরবর্তী আলোচনায় বিষয়টি নিয়ে চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত রোববার ভোরে প্রতিনিধিদের সামনে উপস্থাপিত নতুন খসড়ায় শব্দবন্ধটি পুরোপুরি বাদ দেওয়া হয়।
চূড়ান্ত নথিতে কয়লা, তেল ও গ্যাসের বিষয়ে কেবল ২০২৩ সালের কপ২৮ সম্মেলনে গৃহীত একটি সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ রাখা হয়। ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বিশ্বকে কীভাবে ধাপে ধাপে সরিয়ে আনা হবে, সে বিষয়ে নতুন কোনো সুস্পষ্ট পথনির্দেশনা পাওয়া যায়নি।
ইউরোপীয় ইউনিয়নের আপত্তি, দ্বীপরাষ্ট্রগুলোর হতাশা
চূড়ান্ত খসড়ার বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়া আয়ারল্যান্ডের মন্ত্রী ডারা ও’ব্রায়েন বলেন, জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই—এমন জলবায়ু চুক্তি মেনে নেওয়া সম্ভব নয়। তাঁর অবস্থান থেকে স্পষ্ট হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া এবারের সম্মেলনের সিদ্ধান্তকে কার্যকর হিসেবে দেখছে না ইউরোপীয় পক্ষ।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরাও সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় এলাকা প্লাবিত হওয়া এবং ঘূর্ণিঝড়সহ জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকিতে থাকা এসব দেশের কাছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আশঙ্কা, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ছোট দ্বীপরাষ্ট্রগুলোর অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।
অন্যদিকে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব তাঁদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাসের মোট নিঃসরণে আরব দেশগুলোর অবদান সামান্য। ফলে জলবায়ু আলোচনায় দেশগুলোর ঐতিহাসিক দায় ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে তাঁদের অবস্থান।
জলবায়ু অর্থায়নেও অগ্রগতি নেই
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের পাশাপাশি জলবায়ু অর্থায়ন ছিল সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অর্থায়ন নিয়ে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
আফ্রিকান দেশগুলোর আলোচকগোষ্ঠীর চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কের কারণে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের অর্থায়নের বিষয়টি আলোচনায় গুরুত্ব হারিয়েছে। অথচ বন্যা, খরা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকি মোকাবিলায় এসব দেশের বিপুল অর্থের প্রয়োজন।
উন্নত দেশগুলোর তুলনায় জলবায়ু পরিবর্তনের জন্য কম দায়ী হলেও এর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে অনেক দরিদ্র দেশকে। তাই জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অভিযোজনের জন্য পর্যাপ্ত অর্থ নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। এবারের সম্মেলনেও সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
জীবাশ্ম জ্বালানি গোষ্ঠীর বিরুদ্ধে গুতেরেসের ক্ষোভ
সম্মেলনের সমাপনী পরিস্থিতিতে গভীর হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিব হিসেবে দায়িত্ব ছাড়ার আগে এটিই তাঁর শেষ জলবায়ু সম্মেলন। তিনি জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীগুলোর কঠোর সমালোচনা করেন।
গুতেরেস বলেন, এসব গোষ্ঠী বড় তামাক কোম্পানিগুলোর মতো কৌশল অনুসরণ করছে। তারা বিজ্ঞানের তথ্য বিকৃত করছে, নীতিনির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে এবং কার্যকর জলবায়ু পদক্ষেপ গ্রহণে বাধা সৃষ্টি করছে। এসব গোষ্ঠী বিপুল মুনাফা করলেও এর মূল্য দিতে হচ্ছে বিশ্বের সাধারণ মানুষকে।
তাঁর বক্তব্যে জলবায়ু আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবসায়িক স্বার্থের প্রভাব নিয়ে উদ্বেগ আরও স্পষ্ট হয়েছে। বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ প্রাধান্য পেলে জলবায়ু সংকট মোকাবিলার উদ্যোগ দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
কোপেনহেগেনের পর আবারও বড় সমঝোতা ব্যর্থ
কপ সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে যাওয়ার এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে। দীর্ঘ ১৭ বছর পর আবারও বড় ধরনের সমঝোতা ছাড়াই সম্মেলন শেষ হওয়ায় আন্তর্জাতিক জলবায়ু কূটনীতির কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এসব সম্মেলনের লক্ষ্য জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ, কার্বন নিঃসরণ কমানো, অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু জাতীয় অর্থনৈতিক স্বার্থ, জ্বালানি নিরাপত্তা এবং উন্নত-উন্নয়নশীল দেশের মধ্যে দায়িত্ব বণ্টন নিয়ে মতবিরোধের কারণে অনেক ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
কপ-৩১-এর ফলাফলও সেই জটিলতারই প্রতিফলন। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকা এবং জলবায়ু অভিযোজনের অর্থায়নে অগ্রগতি না হওয়ায় এবারের সম্মেলনের অর্জন নিয়ে প্রশ্ন উঠেছে।
সব মিলিয়ে কপ-৩১ শেষ হয়েছে বড় কোনো নতুন চুক্তি ছাড়াই। জলবায়ু সংকট যখন বিশ্বজুড়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতিকে ক্রমেই ঝুঁকির মুখে ফেলছে, তখন আন্তর্জাতিক সম্মেলনে ঐকমত্যের অভাব উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে দরিদ্র ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না আসায় ভবিষ্যৎ জলবায়ু উদ্যোগের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে।
কালের আলো/এসএ/এএইচ













-20261121140412.jpg)






