Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:১২ পিএম

ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউরোপের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:১২ পিএম

ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউরোপের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা ইউরোপের নিরাপত্তাব্যবস্থাকে নতুন অনিশ্চয়তার মুখে ফেলতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য সমঝোতার পাশাপাশি ইউরোপের সামরিক অবস্থান ও নিরাপত্তা কাঠামো নিয়েও যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা মহাদেশটির দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যমের ভাষ্যকার স্টিভ ব্লুমফিল্ড।

তাঁর বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের ময়দান কিংবা কূটনৈতিক আলোচনার টেবিল—কোনোটিই এককভাবে ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। বরং মহাদেশটির বিভিন্ন দেশের আসন্ন নির্বাচনও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে ইউক্রেনকে পশ্চিমা সহায়তা দেওয়ার বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতায় এলে ইউরোপের নিরাপত্তা নীতি ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে।

এস্তোনিয়ার ইতিহাসে রাশিয়ার শঙ্কা
ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বোঝাতে এস্তোনিয়ার উদাহরণ তুলে ধরেছেন ব্লুমফিল্ড। ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়নের দখলে যাওয়ার পর দেশটি দীর্ঘ ৫১ বছর স্বাধীনতা হারিয়েছিল। ১৯৯১ সালে স্বাধীনতা পুনরুদ্ধারের পর থেকে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ন্যাটোকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে বিবেচনা করে আসছে এস্তোনিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাহকনা বলেছেন, এস্তোনিয়ার সমাজে ভয় তৈরি করাই বিভিন্ন ধরনের হামলা ও হস্তক্ষেপের উদ্দেশ্য। তাঁর মতে, ন্যাটোর সদস্য না হলে দেশটির স্বাধীনতা রক্ষা করা কঠিন হতো।

ন্যাটোর পুরোনো অবস্থানে ফেরার দাবি পুতিনের
ব্লুমফিল্ডের বিশ্লেষণ অনুযায়ী, পুতিন চান ন্যাটো পূর্ব ও মধ্য ইউরোপ থেকে সেনা ও সামরিক ঘাঁটি সরিয়ে ১৯৯৭ সালের অবস্থানে ফিরে যাক। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পর পূর্ব ইউরোপে ন্যাটোর যে সম্প্রসারণ ঘটেছে, তার আগের সামরিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলছে মস্কো।

এ কারণে ইউক্রেন যুদ্ধ নিয়ে যেকোনো চুক্তির সঙ্গে ইউরোপের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে বৃহত্তর সমঝোতা যুক্ত করতে চাইছেন পুতিন। ট্রাম্পও সম্প্রতি বলেছেন, সম্ভাব্য চুক্তিতে শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপের বিষয় অন্তর্ভুক্ত হতে পারে।

ব্লুমফিল্ডের আশঙ্কা, ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এমন কোনো সমঝোতা হলে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা ও সামরিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে স্বাধীনতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে যেসব দেশ রাশিয়ার প্রতিবেশী, তাদের উদ্বেগ আরও বেশি।

ইউরোপে ডানপন্থীদের উত্থান বাড়াচ্ছে জটিলতা
ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী রাজনৈতিক শক্তির উত্থানও পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে মনে করেন ব্লুমফিল্ড। ফ্রান্সের মারিন লো পেন ইউক্রেনকে আর্থিক সহায়তা বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। জার্মানির অল্টারনেটিভ ফর ডয়চল্যান্ডের সহনেত্রী আলিস ভাইডেলও ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন।

যুক্তরাজ্যের রাজনীতিক নাইজেল ফারাজ অতীতে পুতিনের প্রশংসা করেছেন। একই সঙ্গে ইউক্রেনকে পশ্চিমা সহায়তা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার কথাও বলেছেন তিনি। এসব অবস্থান ইউরোপের দেশগুলোর মধ্যে ইউক্রেন ইস্যুতে ঐক্য ধরে রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

তবে ইউরোপের সব রাজনৈতিক নেতৃত্ব একই অবস্থানে নেই। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইউক্রেনের জন্য ইউরোপীয় সহায়তা অব্যাহত রাখার উদ্যোগ নিচ্ছেন। ফলে ইউক্রেন ইস্যুতে ইউরোপের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে।

নির্বাচনের ফলেই বদলাতে পারে ইউরোপের ভবিষ্যৎ
ব্লুমফিল্ডের মতে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র ও শান্তি আলোচনার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনের ফলও মহাদেশটির ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। ইউক্রেনের প্রতি সমর্থনবিরোধী নেতারা ক্ষমতায় এলে পশ্চিমা দেশগুলোর সহযোগিতা কমে যেতে পারে। এতে ট্রাম্প ও পুতিনের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা তাঁর।

সব মিলিয়ে ইউরোপ এখন একাধিক রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখে। ইউক্রেন যুদ্ধের পরিণতি, যুক্তরাষ্ট্রের অবস্থান, রাশিয়ার কৌশল এবং ইউরোপের অভ্যন্তরীণ নির্বাচনী রাজনীতি—এই চারটি বিষয় আগামী দিনে মহাদেশটির নিরাপত্তা কাঠামোর গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

কালের আলো/এসএ/এমএস

Link copied!