Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:৪০ পিএম

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর হচ্ছে বিশ্ব, কোন দেশে কত বয়সসীমা?

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:৪০ পিএম

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর হচ্ছে বিশ্ব, কোন দেশে কত বয়সসীমা?

বাংলাদেশে শিশুদের ফেসবুক ও ইউটিউব ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠনের কথা বলা হয়েছে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগের আলোচনা এখন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; বিশ্বের বিভিন্ন দেশেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ এবং অভিভাবকের নিয়ন্ত্রণ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কয়েকটি দেশ ইতিমধ্যে এ বিষয়ে আইন কার্যকর করেছে। আবার যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশেও একই ধরনের বিধিনিষেধ চালুর উদ্যোগ চলছে। কোথাও নির্দিষ্ট বয়সের নিচে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হয়েছে, কোথাও অভিভাবকের সম্মতি ও বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে নিষেধাজ্ঞা
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। ২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স ও ইউটিউবসহ নির্দিষ্ট প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলা ও পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলীয় ডলার জরিমানার মুখে পড়তে হতে পারে।

এশিয়ায় বাড়ছে বয়সভিত্তিক নিয়ন্ত্রণ
এশিয়ার কয়েকটি দেশও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। মালয়েশিয়ায় ২০২৬ সালের ১ জুন থেকে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হয়েছে। নতুন অ্যাকাউন্টের পাশাপাশি পুরোনো অ্যাকাউন্টের ক্ষেত্রেও বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের উচ্চঝুঁকির ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২৮ মার্চ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হওয়া এ ব্যবস্থার আওতায় ইউটিউব, টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম রয়েছে।

তুরস্কে ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

চীনে শিশুদের অনলাইন নিরাপত্তা, কনটেন্ট নিয়ন্ত্রণ এবং ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নিয়ে আগে থেকেই কঠোর বিধিনিষেধ রয়েছে। তবে দেশটিতে সব সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে ১৬ বছরের কম বয়সীদের জন্য একক কোনো নিষেধাজ্ঞা নেই।

অন্যদিকে, ভারতে কেন্দ্রীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা নেই। তবে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনে ১৮ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের যাচাইযোগ্য সম্মতির বিধান রয়েছে। দেশটির কয়েকটি রাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের প্রস্তাবও আলোচনায় রয়েছে।

যুক্তরাজ্য ও ইউরোপে নতুন বিধিনিষেধের উদ্যোগ
যুক্তরাজ্যে অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় শিশুদের ক্ষতিকর অনলাইন কনটেন্ট থেকে সুরক্ষায় প্ল্যাটফর্মগুলোর ওপর বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। ২০২৭ সালের বসন্তে এ বিধিনিষেধ কার্যকরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে। ১৩ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিসহ বাড়তি নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত আইনে পরিণত হয়নি।

ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার আইন অনুমোদন করেছিল। তবে দেশটির সাংবিধানিক পরিষদ ২০২৬ সালের আগস্টে আইনটির মূল ধারাটি বাতিল করে দেয়।

কানাডায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার জন্য একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। তবে সেটি এখনো আইনে পরিণত হয়নি।

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নেই। তবে ১৩ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আলাদা বয়সসীমা ও অভিভাবকের সম্মতির বিধান রয়েছে।

ব্রাজিল, আমিরাত ও আফ্রিকায়ও পদক্ষেপ
ব্রাজিলে ২০২৬ সালের মার্চ থেকে কার্যকর হওয়া আইন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রাখতে হবে। তবে দেশটির এ আইন সরাসরি অ্যাকাউন্ট নিষিদ্ধ করার বিধান নয়।

সংযুক্ত আরব আমিরাত ১৫ বছরের কম বয়সীদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ থেকে ১৬ বছর বয়সীদের জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থার বিধানও রাখা হয়েছে।

আফ্রিকার দেশ গ্যাবনে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মিশরে ১৩ বছরের কম বয়সীদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নিষিদ্ধ এবং ১৩ থেকে ১৫ বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক নিরাপদ ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও যেসব দেশে বিধিনিষেধের আলোচনা
ইউরোপের ডেনমার্ক, গ্রিস, অস্ট্রিয়া, ইতালি, স্পেন, জার্মানি, পোল্যান্ড, স্লোভেনিয়া ও নরওয়েতে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের উদ্যোগ রয়েছে। এর মধ্যে গ্রিস ১৫ বছরের কম বয়সীদের ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছে। ডেনমার্ক ও নরওয়েও যথাক্রমে ১৫ ও ১৬ বছরের বয়সসীমা বিবেচনা করছে।

এ ছাড়া নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার বিল উত্থাপিত হয়েছে। ফিলিপাইন, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর ও মরক্কোতেও এ বিষয়ে প্রস্তাব, আলোচনা বা নীতিগত উদ্যোগ রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের এসব উদ্যোগে শুধু বয়সসীমা নির্ধারণ নয়, বরং অভিভাবকের সম্মতি, বয়স যাচাই, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি তৈরির বৈশিষ্ট্য সীমিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশে হাইকোর্টের নির্দেশনার পর শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের নীতিমালা তৈরি হয়, তা এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।

কালের আলো/এসএ/টিসি
 

Link copied!