Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

মৌলভীবাজার সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১২:০৬ পিএম

সুলতানি আমলের স্থাপত্যে অনন্য মৌলভীবাজারের খোজার মসজিদ

মৌলভীবাজার সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১২:০৬ পিএম

সুলতানি আমলের স্থাপত্যে অনন্য মৌলভীবাজারের খোজার মসজিদ

মৌলভীবাজারে ইতিহাস ও ঐতিহ্যের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে সুলতানি আমলে নির্মিত গয়ঘর খোজার মসজিদ। প্রায় সাড়ে পাঁচ শতাব্দী আগে নির্মিত এই মসজিদ শুধু প্রাচীন স্থাপত্যশৈলীর জন্যই নয়, দেয়ালে থাকা বাঘের থাবার ছাপ, কষ্টিপাথরের শিলালিপি এবং নানা লোককথার কারণেও বিশেষ পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসেন।

টিলার ওপর সবুজে ঘেরা ঐতিহাসিক স্থাপনা
মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের প্রত্যন্ত গয়ঘর গ্রামে একটি ছোট পাহাড়ি টিলার ওপর মসজিদটির অবস্থান। মৌলভীবাজার শহর থেকে মোস্তফাপুর ইউনিয়নের সড়ক ধরে প্রায় সাত কিলোমিটার এগোলেই দেখা মেলে প্রাচীন এই স্থাপনার।

চারপাশের সবুজ বৃক্ষরাজি, পাখির কলকাকলি ও নিরিবিলি পরিবেশ মসজিদটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। মূল মসজিদের পশ্চিম ও উত্তর পাশে রয়েছে দুটি ছোট পুকুর। উত্তর পাশের পুকুরে প্রাচীনকাল থেকেই রয়েছে বিশাল আকৃতির গজার মাছ।

মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ৩৬ ফুট। দেয়ালের ইটের গাঁথুনি প্রায় ছয় ফুট পুরু এবং মূল গম্বুজের উচ্চতা ১৮ ফুট। মূল কাঠামোয় রয়েছে তিনটি বড় ও ছয়টি ছোট দরজা। উত্তর পাশে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ইবাদতখানা রয়েছে। বর্ধিত অংশে আছে আরও দুটি ছোট গম্বুজ। বর্তমানে মসজিদের মেঝে ও গম্বুজে সাদা রঙের টাইলস ব্যবহার করা হয়েছে।

দেয়ালে বাঘের থাবার ছাপ, ঘিরে আছে জনশ্রুতি
মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন পূর্ব পাশের দেয়ালের একটি স্তম্ভে থাকা বাঘের থাবার ছাপ। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, মসজিদ নির্মাণের সময় পুরো এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল। সে সময় সেখানে বাঘের বিচরণ ছিল। একদিন একটি বাঘ মসজিদের কাঁচা দেয়ালে থাবা বসায়। সেই থাবার চিহ্ন প্রায় ৫৫০ বছর ধরে দেয়ালে অক্ষত রয়েছে বলে দাবি স্থানীয়দের।

মসজিদটি কয়েকবার সংস্কার করা হলেও থাবার ছাপটি সংরক্ষণ করা হয়েছে। ফলে ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসা মানুষের কাছে এটি অন্যতম আকর্ষণ।

মসজিদের মেহরাবের ওপরের অংশে রয়েছে আরবি লেখা ও ফুলের নকশায় করা কারুকাজ। পশ্চিম পাশের দেয়ালে সংরক্ষিত আছে প্রাচীন কষ্টিপাথরের একটি শিলালিপি। মূল্যবান এই নিদর্শন চুরি ঠেকাতে লোহার রডের খাঁচায় তালাবদ্ধ করে রাখা হয়েছে।

কষ্টিপাথর ঘিরে প্রচলিত নানা লোককথা
মসজিদটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে আরও নানা লোককথা। কথিত আছে, একসময় মসজিদের বাইরে দুটি বড় জীবন্ত কষ্টিপাথর ছিল। রাতের বেলায় পাথর দুটি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। দর্শনার্থীরা পাথর দুটিকে শ্রদ্ধা করতেন এবং স্পর্শ করে রোগমুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন।

পরবর্তী সময়ে একটি পাথর নষ্ট হয়ে গেলে সেটি পাশের দিঘিতে ডুবিয়ে দেওয়া হয়। অন্যটি চুরি হয়ে যায় বলে প্রচলিত রয়েছে।

স্থানীয়দের বিশ্বাস, এই মসজিদে মানত করলে মহান আল্লাহর ইচ্ছায় তা পূরণ হয়। এ কারণে অনেকেই এখানে এসে নফল নামাজ আদায় করেন, দোয়া করেন এবং অর্থ দান করেন। কেউ কেউ মসজিদটিকে ‘গায়েবি মসজিদ’ নামেও চেনেন। তবে এসব বিশ্বাস ও কাহিনি স্থানীয় জনশ্রুতির অংশ।

শিলালিপিতে মিলেছে নির্মাণের ইতিহাস
ঐতিহাসিক তথ্য ও মসজিদে সংরক্ষিত শিলালিপি অনুযায়ী, ১৪৭৬ খ্রিস্টাব্দে বাংলার সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহের শাসনামলে মসজিদটি নির্মিত হয়। তিনি ছিলেন বাংলার সুলতান বরবক শাহের ছেলে। হাজি আমিরের পৌত্র এবং তৎকালীন মন্ত্রী মজলিসে আলম মসজিদটি নির্মাণ করেন।

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মসজিদ এবং গয়ঘর খোজার মসজিদের শিলালিপিতে উল্লিখিত মজলিসে আলম একই ব্যক্তি বলে জানা যায়। মসজিদ দুটি নির্মাণের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র চার বছর।

যেভাবে হলো খোজার মসজিদ নাম
মসজিদটির নামকরণ নিয়েও রয়েছে প্রচলিত একটি লোককথা। জনশ্রুতি অনুযায়ী, বাংলার সুবেদার মানসিংহের কাছে পরাজিত হয়ে পালানোর সময় পাঠান বীর খাজা ওসমান এই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে খাজা নামের অপভ্রংশ ‘খোজা’ শব্দের মাধ্যমে স্থাপনাটির নাম হয় খোজার মসজিদ।

একাধিকবার সংস্কার, বদলেছে পুরোনো অবয়ব
মসজিদটির ইতিহাসে একাধিকবার সংস্কারের তথ্য পাওয়া যায়। ১৯৩৮ সালে আজম শাহ নামে একজন কামেল পীর এখানে আসেন। তাঁর আগমনের পর ১৯৪০ সালের দিকে মসজিদের গম্বুজ ভেঙে পড়ে। পরে গ্রামবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে তিনি মসজিদটি সংস্কার করান। ১৯৬০ সালের দিকেও তাঁর উদ্যোগে সংস্কারকাজ হয়।

এরপর আজম শাহ চলে গেলে মসজিদটি অরক্ষিত ও পরিত্যক্ত হয়ে পড়ে। একপর্যায়ে পুরো এলাকা জঙ্গলে ঢেকে যায়। গম্বুজে জন্ম নেয় বটগাছের চারা ও বিভিন্ন লতাগুল্ম।

১৯৬৫-১৯৬৬ সালের দিকে আবারও সংস্কার করে মসজিদটি চালু করা হয়। পরে ১৯৮৪ সালে মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় পূর্ব দিকে মসজিদের পরিসর বাড়ানো হয়। তবে ওই সময় সংস্কার করতে গিয়ে প্রাচীন স্থাপত্যের মূল আদলে কিছুটা পরিবর্তন আসে। এতে মসজিদটির পুরোনো সৌন্দর্যের অনেকটাই নষ্ট হয়।

প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা
বর্তমানে প্রায় প্রতিদিনই ছায়াঘেরা গয়ঘর গ্রামে মসজিদটি দেখতে শত শত মানুষের সমাগম ঘটে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি বিদেশিরাও এখানে আসেন বলে জানান স্থানীয়রা।

মসজিদে কোনো মাজার না থাকলেও অনেকে এটিকে মাজারের মতো শ্রদ্ধা করেন। কেউ দান-খয়রাত করেন, কেউ পুকুরের গজার মাছকে খাবার দেন, আবার কেউ মোমবাতি জ্বালান। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজেও অংশ নেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা।

মসজিদে আসা মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর এলাকার গৃহবধূ শামীমা নাসরিন বলেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা প্রায়ই এখানে আসি। এখানে এসে নামাজ আদায় করলে মনে প্রশান্তি অনুভব হয়। এখানে কেউ এসে মানত করলে মহান আল্লাহর ইচ্ছায় তা পূর্ণ হয়।’

কুমিল্লার বড়ুড়া উপজেলার ব্যবসায়ী আব্দুস সালাম মিয়া বলেন, গয়ঘর খোজার মসজিদটি দেখতে আকর্ষণীয়। গত বছরও একবার এখানে এসেছিলেন। এবারও এসেছেন। ব্যবসার কাজে মৌলভীবাজারে এলেই মসজিদটি দেখতে আসার ইচ্ছা রয়েছে তাঁর। পাথরে খোদাই করা শিলালিপি ও দেয়ালে বাঘের থাবার ছাপ—সব মিলিয়ে মসজিদটি তাঁর কাছে অসাধারণ মনে হয়েছে।

গয়ঘর গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলাম বলেন, তাঁদের গ্রামের ঐতিহাসিক মসজিদটি দেখতে প্রতিদিন বহু মানুষের আগমন ঘটে। দেশের বাইরের দর্শনার্থীরাও এখানে আসেন। মসজিদে নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে কিছু চাইলে পাওয়া যায়—এমন বিশ্বাস থেকেই অনেকে এখানে আসেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে বহু মুসল্লি অংশ নেন, যাঁদের প্রায় অর্ধেকই বাইরের এলাকার। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মসজিদে অর্থ দান করেন এবং অনেকে মানত নিয়েও আসেন।

সুলতানি আমলের স্থাপত্য, প্রাচীন শিলালিপি, দেয়ালে বাঘের থাবার ছাপ এবং স্থানীয় লোককথা—সব মিলিয়ে গয়ঘর খোজার মসজিদ মৌলভীবাজারের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে আছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!