পাবনার সাঁথিয়ায় টানা বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বৃষ্টির পানি জমে অনেক বীজতলার চারা নষ্ট হওয়ার পাশাপাশি পচন ধরেছে। এতে আসন্ন মৌসুমে সময়মতো পেঁয়াজের চারা উৎপাদন ও জমিতে রোপণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন করে বীজ বপন করতে হলে বাড়তি খরচের চাপও সামলাতে হবে চাষিদের।
ভারতীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃষ্টিপাত হয়। এতে সাঁথিয়া উপজেলার বিভিন্ন এলাকার পেঁয়াজের বীজতলায় পানি জমে যায়। কৃষকদের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পেঁয়াজের আবাদ ও উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
নতুন করে বীজ বপনের শঙ্কা
কৃষকরা জানান, পেঁয়াজ চাষের জন্য আগেভাগে বীজতলা তৈরি করে বীজ বপন করতে হয়। এরপর চারার নিয়মিত যত্ন নিতে হয়। কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে অনেক বীজতলা পানিতে ডুবে গেছে। এতে চারা নষ্ট হওয়া ও পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে। কোথাও কোথাও নতুন করে বীজ বপন করে চারা উৎপাদনের প্রয়োজন দেখা দিয়েছে।
বীজ, সার, জমি তৈরি ও শ্রমিকের মজুরিসহ বীজতলা তৈরিতে ইতোমধ্যে কৃষকদের বড় অঙ্কের টাকা খরচ হয়েছে। বৃষ্টিতে বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে বীজ বপন করতে হলে বাড়তি ব্যয় বহন করতে হবে। সময়মতো চারা রোপণ করতে না পারলে পেঁয়াজের আবাদ পিছিয়ে যাওয়ার পাশাপাশি ফলন কমে যাওয়ার আশঙ্কাও করছেন তাঁরা।
শুধু পেঁয়াজের বীজতলা নয়, অসময়ের টানা বৃষ্টিতে রোপা ও বোনা আমন ধানেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।
১৫ থেকে ২০ হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্ত
সাঁথিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১৬ হাজার ৬৯৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৮৫ হেক্টর জমিতে হালি পেঁয়াজ এবং এক হাজার ৬১০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষের পরিকল্পনা রয়েছে। এ বছর এক হাজার ১০৫ হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করা হয়েছে।
বৃষ্টির কারণে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ হেক্টর জমির পেঁয়াজের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কার্যালয়।
দুই দফা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক
উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের সাতানিরচর গ্রামের পেঁয়াজ চাষি আব্দুল খালেক জানান, এ বছর প্রায় দেড় বিঘা জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করেছিলেন তিনি। প্রথম দফায় দুই কেজি বীজ বপন করার পর বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। পরে আবার বীজ বপন করেন। কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে দ্বিতীয়বারের বীজতলাও নষ্ট হয়েছে।
এতে তাঁর ৫০ থেকে ৫৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। নতুন করে আবার বীজ বপন করতে হবে। এ বছর পেঁয়াজের দাম কম থাকায় এমনিতেই লোকসানের আশঙ্কা রয়েছে। এর মধ্যে বীজতলা নষ্ট হওয়ায় ক্ষতির পরিমাণ আরও বাড়ল।
চকপাট্টা গ্রামের পেঁয়াজ চাষি আনোয়ার হোসেন বলেন, প্রায় এক সপ্তাহ আগে পেঁয়াজের বীজ বপন করেছেন। আরও জমি চাষ করে বীজ বপনের প্রস্তুতি হিসেবে সার ও কীটনাশকও দিয়েছেন। কিন্তু বৃষ্টির কারণে নতুন করে বীজ বপন করা যাচ্ছে না। এখন বীজতলা তৈরি করতে না পারলে পেঁয়াজের আবাদ পিছিয়ে যাবে এবং ক্ষতির মুখে পড়তে হবে।
শিক্ষক ও পেঁয়াজ চাষি আব্দুল জব্বার বলেন, দুই দফা বৃষ্টিতে আগাম বা মুড়িকাটা পেঁয়াজের চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত জমি সরেজমিন পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি, বিনামূল্যে বা ভর্তুকিতে বীজ সরবরাহ, সহজ শর্তে কৃষিঋণ এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া দরকার।
নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, তাঁদের অঞ্চল পেঁয়াজ আবাদের জন্য বিখ্যাত। চলমান বৃষ্টিতে বীজতলা নষ্ট হয়ে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকলে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, বৃষ্টির কারণে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ হেক্টর জমির পেঁয়াজের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি















-20261119145050.jpg)
-20261121140412.jpg)



