ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে ঝিনাইদহের বিস্তীর্ণ ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে। এতে পাকা আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ধানের পাশাপাশি শীতকালীন সবজি, সরিষা ও গমের আবাদও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলার ছয়টি উপজেলায় চলতি মৌসুমে এক লাখ চার হাজার ৫০৬ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ ধান মাড়াই সম্পন্ন হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষক ও কৃষিশ্রমিকেরা।
পানির নিচে পাকা ধান, বেড়েছে কাটার খরচ
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক এলাকার ধানখেত তলিয়ে গেছে। কোথাও ধানের ডগা পানির নিচে ডুবে আছে, আবার কোথাও হালকা বাতাসে কাঁচা ধান মাটিতে নুয়ে পড়েছে। ক্ষতি কমাতে কোনো কোনো কৃষক পানির নিচে থাকা ধানের ডগা কেটে নিচ্ছেন।
পড়ে যাওয়া ধান কাটা ও ঘরে তুলতে অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হচ্ছে। এতে কৃষকদের শ্রমিকের মজুরি বাবদ বাড়তি খরচ গুনতে হচ্ছে।
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা, উত্তর নারায়ণপুর, ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না ও মহারাজপুর এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকার অনেক ধানখেতে পানি জমে থাকায় ধান কাটতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে। এতে ফলনও কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলি মাঠের অবস্থাও প্রায় একই।
সবজি, সরিষা ও গমের আবাদেও শঙ্কা
টানা বৃষ্টিতে শীতকালীন সবজির খেতেও প্রভাব পড়েছে। সবজি চাষিদের আশঙ্কা, জমিতে দুদিন পানি জমে থাকলে গাছ পচে নষ্ট হতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে জেলায় এক লাখ চার হাজার ৫০৬ হেক্টর জমিতে ধান আবাদের পাশাপাশি ছয়টি উপজেলায় পাঁচ হাজার ৩৮০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৫২৬ হেক্টর।
বৃষ্টির কারণে গম বপনের সময় প্রায় দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
দ্বিগুণ খরচের চিন্তায় কৃষক
বৈডাঙ্গা গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, পানিতে তলিয়ে থাকা ধান বাজারে কম দামে বিক্রি করতে হয়। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
কালুহাটি গ্রামের কৃষক মো. সোলাইমান বলেন, বৃষ্টিতে ধানের পাশাপাশি শীতকালীন সবজির খেতও অনেকটা নষ্ট হয়েছে। সরিষা ও গমের আবাদও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াইয়ের খরচ দ্বিগুণ হয়ে গেছে। এত খরচ কীভাবে মেটাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে কৃষি বিভাগ
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে ধানের ক্ষতি কিছুটা বেশি হতে পারে। শীতকালীন সবজির খেত বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া সরিষা, গম ও ভুট্টার বীজ বপন ও রোপণেও কিছুটা বিলম্ব হতে পারে।
তিনি জানান, ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করতে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি বিভাগের কর্মীরা এ নিয়ে কাজ করছেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি













-20261121140412.jpg)






