জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। সর্বশেষ ২০২৪ সালের জরিপে দেশটির অবস্থান ছিল ১০০তম।
এবারই প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাংকিংয়ে প্রবেশ করল বাংলাদেশ। একই সঙ্গে দেশের ইতিহাসে সর্বোচ্চ ইজিডিআই স্কোর ০.৬৮৯৩ অর্জন করেছে দেশটি।
শুক্রবার (২০ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অনলাইন সেবা ও টেলিযোগাযোগে সর্বোচ্চ স্কোর
প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ স্কোর অর্জনের ফলে ‘উচ্চ ইজিডিআই’ শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, সূচকটির তিনটি উপাদানের মধ্যে দুটি ক্ষেত্রেও সর্বকালের সর্বোচ্চ স্কোর অর্জন করেছে বাংলাদেশ। এর মধ্যে অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে ০.৮১ এবং টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্সে (টিআইআই) ০.৬৯।
শীর্ষে দক্ষিণ কোরিয়া
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রতি দুই বছর অন্তর ই-গভর্নমেন্ট জরিপ প্রতিবেদন প্রকাশ করে। ২০২৬ সালের জরিপে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।
সরকারি সেবা প্রদানে কোনো দেশের ই-গভর্নমেন্ট ব্যবহারের প্রস্তুতি, সক্ষমতা ও অগ্রগতি নির্দেশ করে ইজিডিআই। অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স—এই তিনটি সূচকের সমন্বিত গড়ের ভিত্তিতে ইজিডিআই স্কোর নির্ধারণ করা হয়।
বৈশ্বিক গড়ের চেয়ে এগিয়ে বাংলাদেশ
জরিপে বিশ্বব্যাপী গড় ইজিডিআই স্কোর ৪.৬ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে বৈশ্বিক গড় স্কোর ছিল ০.৬৩৮২, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ০.৬৬৭৫-এ। বাংলাদেশের অর্জিত ০.৬৮৯৩ স্কোর বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।
জরিপে মূল্যায়ন করা ১৯৪টি দেশের মধ্যে বর্তমানে ১৫১টি দেশ ‘উচ্চ’ অথবা ‘অতি উচ্চ’ ইজিডিআই শ্রেণিতে রয়েছে। ২০২৪ সালের প্রতিবেদনে এ সংখ্যা ছিল ১৩৮টি।
কালের আলো/এএইচ/এমএসআইপি




















-20261119145050.jpg)