বান্দরবানের পাহাড়, বনভূমি ও প্রাকৃতিক পানির উৎসকে ঝুঁকির মুখে ফেলে নতুন মৌসুমে ইট উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে প্রায় অর্ধশত ইটভাটা। জেলার সাত উপজেলায় গড়ে ওঠা ৭৩টি ইটভাটার একটিরও বৈধ অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র নেই। এর পরও শীত মৌসুম সামনে রেখে এসব ভাটায় চুল্লি জ্বালানোর প্রস্তুতি চলছে। কোথাও পাহাড় কেটে ইট তৈরির মাটি সংগ্রহ করা হচ্ছে, কোথাও জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে পাহাড়ি এলাকার কাঠ। পাশাপাশি ইটভাটার কাজে ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক ঝিরি ও খালের পানি।
স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কালো ধোঁয়া, ধুলাবালি ও বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। এমনকি ভাটার ধোঁয়া, যানবাহন ও যন্ত্রপাতির শব্দে ব্যাহত হচ্ছে শিশুদের পড়াশোনাও। প্রশাসনের অভিযান, জরিমানা এবং উচ্চ আদালতের নির্দেশনার পরও বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটার কার্যক্রম।
সাত উপজেলায় ৭৩ ইটভাটার একটিরও অনুমোদন নেই
পরিবেশ অধিদফতরের তথ্য অনুযায়ী, বান্দরবান সদর উপজেলায় ১৪টি, লামায় ৪১টি, নাইক্ষ্যংছড়িতে ৯টি, আলীকদমে ৩টি, রুমায় ২টি, থানচিতে ১টি এবং রোয়াংছড়িতে ৩টি ইটভাটা রয়েছে। সব মিলিয়ে জেলায় ইটভাটার সংখ্যা ৭৩টি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব ভাটার একটিরও বৈধ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নেই।
এর মধ্যে প্রায় ৫০টি ইটভাটায় নতুন মৌসুমে ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে লামা উপজেলায়। উপজেলার ফাইতং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রয়েছে ৩০টি ইটভাটা। আগামী এক সপ্তাহের মধ্যে এসব ভাটায় চুল্লি জ্বালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এক মৌসুমে একটি ভাটায় লাগে হাজার হাজার মণ কাঠ
ইট তৈরিতে জ্বালানি হিসেবে পাহাড়ি কাঠের ব্যবহার পরিবেশের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। ফাইতংয়ের একটি ইটভাটার ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে জানান, ভাটার আকার অনুযায়ী এক দফায় ছয় থেকে আট লাখ ইট পোড়ানো হয়। এ পরিমাণ ইট পোড়াতে প্রায় ৬০০ থেকে ৭০০ মণ জ্বালানি কাঠ প্রয়োজন হয়।
তিনি জানান, এক মৌসুমে একটি ভাটায় প্রায় ১০ দফায় ইট পোড়ানো হয়। সে হিসাবে একটি ভাটায় পুরো মৌসুমে ছয় থেকে সাত হাজার মণ কাঠের প্রয়োজন হয়। এসব কাঠ পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা হয় বলে জানান তিনি।
ধোঁয়া ও শব্দে বিপর্যস্ত স্থানীয় জনজীবন
ফাইতং ইউনিয়নের শিবাতলী পাড়ার বাসিন্দা মংপ্রু মারমা বলেন, ইটভাটার চুল্লি জ্বালানো হলে কালো ধোঁয়ায় পুরো পাড়া ও বিদ্যালয়ের প্রাঙ্গণ ঢেকে যায়। ভাটার গাড়ি চলাচল এবং যন্ত্রপাতির শব্দে বিদ্যালয়ে শিশুদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। প্রতিবছর একইভাবে ভাটার কার্যক্রম চললেও এগুলো বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ইটভাটায় শিবাতলী খালের পানি ব্যবহার করা হয়। শ্রমিকদের আনাগোনা ও যানবাহন চলাচলের কারণে খালের পানি দূষিত হয়ে পড়েছে। ফলে স্থানীয় মানুষের পক্ষে আগের মতো খালের পানি ব্যবহার করা কঠিন হয়ে গেছে।
অভিযান ও জরিমানার পরও থামছে না পাহাড় কাটা
অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে পরিবেশ অধিদফতর। জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পাহাড় কাটার দায়ে লামা থানায় আটটি নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে শুধু ফাইতং ইউনিয়নেই ইটভাটার মালিকদের কাছ থেকে ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি জানান, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। পরিবেশের ক্ষতি হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে টাস্কফোর্স
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান বলেন, ইটভাটার মালিকরা উচ্চ আদালতের নির্দেশনা মানছেন না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য র্যাব, পুলিশ, আনসার, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আইন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, গত বছরও কয়েকটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু মালিকেরা রাতারাতি আবার চিমনি নির্মাণ করেন। দুর্গম এলাকায় ভাটাগুলো অবস্থিত হওয়ায় একবার অভিযান চালানোর পর পুনরায় অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তারপরও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইটভাটা মালিকের বক্তব্যে অনুমোদনহীন কার্যক্রমের স্বীকারোক্তি
ফাইতং ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. মুক্তার আহম্মদ অবৈধভাবে ভাটা পরিচালনার বিষয়টি স্বীকার করে বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই প্রতিবছর ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হয়। তবে তাঁদের কোনো আইনগত অনুমতিপত্র নেই।
তিনি জানান, ফাইতংয়ের বিভিন্ন ইটভাটায় এক সপ্তাহের মধ্যে চুল্লি জ্বালানো হবে। প্রশাসনের অভিযানেও ভাটা বন্ধ হবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, অতীতেও অভিযান ও প্রশাসনিক তৎপরতার মধ্যেই ভাটার কার্যক্রম চলেছে, এবারও চলবে।
উচ্চ আদালতের নির্দেশের পরও বন্ধ হয়নি ভাটা
পরিবেশ অধিদফতর সূত্র জানায়, অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে তিন পার্বত্য জেলার সব ইটভাটা বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দেন উচ্চ আদালত।
ওই নির্দেশনার পর ফাইতংসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয় এবং ভাটাগুলোতে বন্ধের নোটিশ টাঙানো হয়। তবে এরপরও কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।
সর্বশেষ গত ১২ নভেম্বর দেশের আট বিভাগের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাহাড় ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
স্থানীয়দের আশঙ্কা, পাহাড় কেটে মাটি সংগ্রহ, বনজ সম্পদ জ্বালানি হিসেবে ব্যবহার এবং প্রাকৃতিক পানির উৎস দূষণের এ প্রবণতা অব্যাহত থাকলে বান্দরবানের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি আরও বাড়বে। তাঁদের মতে, বছরের পর বছর অভিযান, মামলা ও জরিমানা চললেও অবৈধ ইটভাটা বন্ধ না হওয়া উদ্বেগজনক।
তাই শুধু অভিযান বা জরিমানা নয়, উচ্চ আদালতের নির্দেশ কার্যকর করে অবৈধ ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ এবং পাহাড়, বন ও পানির উৎস রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কালের আলো/এএএন/এমএসআইপি




















