টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফসলি জমির পাশে গড়ে উঠেছে একাধিক অনুমোদনহীন রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী কারখানা। এসব প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য ও দূষিত পানিতে আশপাশের কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। একই সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিম্নমানের ও ভেজাল চাল বাজারজাতের অভিযোগও উঠেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ
সরেজমিনে দেখা যায়, কালিহাতী উপজেলায় বেশ কয়েকটি রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে কালিহাতী-বল্লা সড়কে অবস্থিত মেসার্স এশিয়া মাল্টি এগ্রো ফুডের বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নমানের ও ভেজাল চাল উৎপাদনের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
তাদের দাবি, চাল কেটে ছোট ছোট দানায় পরিণত করার পর বিভিন্ন মোড়কে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, এশিয়া মাল্টি এগ্রো ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে চাল উৎপাদন করা হয়। সেখানে ভেজাল চাল তৈরি করে ছোট দানায় পরিণত করে বিভিন্ন মোড়কে বাজারজাত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কালিহাতী-বল্লা সড়কের আশপাশে ঘনবসতি রয়েছে। আবার তুলনামূলক কম বসতিপূর্ণ এলাকাগুলোতে রয়েছে তিন ফসলি জমি। এসব কৃষিজমির মাঝখানে কারখানা স্থাপন করে পরিবেশ ও কৃষির ক্ষতি করা হচ্ছে। তাদের ভাষ্য, খাদ্য উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানেই যদি খাদ্যের মান ও উৎপাদন পরিবেশ ঠিক না থাকে, তাহলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তারা দ্রুত অভিযুক্ত কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃষিজমি রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাসায়নিক বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকের ফসল
অন্যদিকে প্রগতি এগ্রো ফুড, স্বদেশ অটোমেটিক রাইস মিল ও কালিহাতী এগ্রো ফুডের রাসায়নিক বর্জ্য এবং দূষিত পানিতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা।
তাদের দাবি, শুধু ক্ষতিপূরণ দিলেই সমস্যার সমাধান হবে না। ফসলি জমির মাঝখানে গড়ে ওঠা এসব শিল্পকারখানা অন্যত্র সরিয়ে নিতে হবে। একই সঙ্গে বর্জ্য নিঃসরণ বন্ধ, ক্ষতিগ্রস্ত জমির উপযুক্ত ক্ষতিপূরণ এবং অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
কৃষক আনিসুর রহমান জানান, কারখানার রাসায়নিক বর্জ্য ও দূষিত পানির কারণে জমিতে ধানের ফলন হচ্ছে না। যে পরিমাণ ফসল উৎপাদিত হয়েছে, তারও বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক লোকসান গুনতে হচ্ছে। অথচ ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো ক্ষতিপূরণ দিচ্ছেন না কারখানার মালিকেরা।
কৃষক বেল্লাল হোসেন অভিযোগ করেন, এসব কারখানার অধিকাংশেরই প্রয়োজনীয় লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে সংশ্লিষ্ট দপ্তরের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে মৌখিকভাবে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তার। কারখানার মালিকেরাও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিচ্ছেন না।
জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ
খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ, মাননিয়ন্ত্রণ ও নিরাপদ উৎপাদনব্যবস্থা নিশ্চিত থাকার কথা। কিন্তু কালিহাতীর কয়েকটি কারখানার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। একদিকে নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্য বাজারজাতের অভিযোগ, অন্যদিকে কারখানার বর্জ্যে কৃষিজমির ক্ষতি—সব মিলিয়ে জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
কর্তৃপক্ষের বক্তব্য
এশিয়া মাল্টি এগ্রো ফুডের মালিক লুৎফর জানান, কারখানার লাইসেন্সের জন্য প্রাথমিক অনুমোদন চেয়ে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি পরিবেশ অধিদপ্তরের দায়িত্বের কথা উল্লেখ করেন। তার দাবি, পরিবেশ অধিদপ্তরের প্রাথমিক অনুমোদন পাওয়ার পরই খাদ্য উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়। কোন কোন কারখানা অবৈধভাবে পরিচালিত হচ্ছে, সেসব প্রতিষ্ঠানের তালিকা চেয়ে তিনি জানান, তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম জানান, অভিযুক্ত কয়েকটি কারখানার বিষয়ে তিনি অবগত আছেন। এর আগে একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়েও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
