চলনবিল অঞ্চলে বিনা হালে রসুন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বর্ষার পানি নেমে যাওয়ার পর কাদামাটির জমিতে কোনো ধরনের হালচাষ ছাড়াই রসুনের কোয়া রোপণ করছেন তাঁরা। উচ্চমূল্যের ফসল হিসেবে পরিচিত রসুন স্থানীয় কৃষকদের কাছে ‘সাদা সোনা’ নামে পরিচিত। উৎপাদন খরচ কমানো, সময় বাঁচানো এবং বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনায় দিন দিন বাড়ছে এ ফসলের আবাদ।
চলতি মৌসুমে পাবনার চাটমোহর উপজেলায় রসুন চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। বিশেষ করে চলনবিল অধ্যুষিত ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রসুন রোপণের ধুম পড়েছে। মাঠের পর মাঠজুড়ে চলছে জমি প্রস্তুতি ও বীজ রসুনের কোয়া রোপণের কাজ।
কাদামাটির জমিতে হাল ছাড়াই রসুন চাষ
চলনবিলের পলিমাটির জমিতে উৎপাদিত রসুন দেশের মসলা চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষার পানি নেমে যাওয়ার পর জমিতে কাদা থাকা অবস্থাতেই সারি সারি রসুনের কোয়া রোপণ করেন কৃষকেরা। এ পদ্ধতিতে জমিতে আলাদা করে হালচাষের প্রয়োজন হয় না। ফলে সময় ও শ্রম—দুই-ই সাশ্রয় হয়।
সরেজমিনে ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রসুন রোপণকে কেন্দ্র করে কৃষক পরিবারগুলোতে ব্যস্ততা বেড়েছে। বাড়ির নারী সদস্যরা বীজ রসুনের কোয়া ছাড়িয়ে রোপণের উপযোগী করছেন। পরে পুরুষদের পাশাপাশি তাঁরাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাটির জমিতে রসুনের কোয়া বিছানোর কাজে অংশ নিচ্ছেন।
বিনা হালে রসুন চাষের এ পদ্ধতিতে কোয়া রোপণের পর জমির ওপর ধানের খড় কিংবা কচুরিপানা ছড়িয়ে দেওয়া হয়। এতে মাটির আর্দ্রতা ধরে রাখা যায় এবং সরাসরি রোদ থেকে রসুনের কোয়া সুরক্ষিত থাকে। রসুনগাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে খড় ও কচুরিপানা পচে মাটিতে জৈব পদার্থের জোগান দেয়। ফলে মাটির উর্বরতা ও স্বাস্থ্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখে এ মালচিং পদ্ধতি।
সময় ও খরচ কমাতে কৃষকদের আগ্রহ
ছাইকোলা ইউনিয়নের কৃষক আব্দুল কাদের জানান, মূলত সময় বাঁচানোর জন্যই তাঁরা বিনা হালে রসুন চাষ করেন। বর্ষার পানি নেমে যাওয়ার পর জমিতে চাষের উপযোগী অবস্থা তৈরি হতে দেরি হলে রসুন রোপণও পিছিয়ে যায়। এতে সময়মতো আবাদ শেষ করা কঠিন হয়ে পড়ে। তাই কাদামাটির জমিতেই সরাসরি রসুনের কোয়া রোপণ করেন তাঁরা। এতে জমি চাষের খরচ ও শ্রমিকের ব্যয় কমে আসে।
ডিবিগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামের কৃষক মিকাইল হোসেন এ বছর পাঁচ বিঘা জমিতে রসুনের আবাদ করেছেন। তাঁর জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী ও পুরুষ শ্রমিকেরা কাজ করছেন। বর্তমানে পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি ৭০০ টাকা এবং নারী শ্রমিকের ৫০০ টাকা। তিনি আশা করছেন, সপ্তাহখানেকের মধ্যেই তাঁর জমিতে বিনা হালে রসুন রোপণের কাজ শেষ হবে। ফলন ও বাজারদর ভালো হলে এবারও লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশা তাঁর।
ভালো ফলন ও দামে বাড়ছে আবাদ
মূলগ্রাম ইউনিয়নের কৃষক মিনারুল ইসলাম এ বছর সাত বিঘা জমিতে বিনা হালে রসুন চাষ করেছেন। কয়েক বছর ধরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবার আগের তুলনায় দুই বিঘা বেশি জমিতে আবাদ করেছেন তিনি। বাজারে ভালো দাম পাওয়া গেলে আগামী বছরগুলোতে রসুনের আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
কৃষকদের এমন আগ্রহের পেছনে রয়েছে রসুনের ক্রমবর্ধমান চাহিদা। রান্নার অপরিহার্য উপকরণ হিসেবে ব্যবহারের পাশাপাশি চিপস, আচারসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতেও রসুনের ব্যবহার বাড়ছে। দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও এ পণ্যের চাহিদা থাকায় কৃষকেরা ফসলটির দিকে ঝুঁকছেন। গত তিন বছরে শুধু চাটমোহর উপজেলাতেই রসুনের আবাদ বেড়েছে প্রায় এক হাজার হেক্টর।
লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি আবাদের আশা
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ জানান, চাটমোহর উপজেলার অন্যতম প্রধান উচ্চমূল্যের ফসল রসুন। এখানকার উৎপাদিত রসুন দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। গত কয়েক বছরে ভালো ফলন ও বাজারদর পাওয়ায় কৃষকদের মধ্যে এ ফসল চাষের আগ্রহ বাড়ছে। চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৫০ হেক্টর বেশি জমিতে রসুনের আবাদ হতে পারে বলে আশা করছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, চলতি মৌসুমে চাটমোহরে ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণাগার স্থাপন করায় কৃষকেরা এখন বছরব্যাপী এসব ফসল সংরক্ষণের সুযোগ পাচ্ছেন। ফলে বাজারদর বিবেচনা করে উপযুক্ত সময়ে ফসল বিক্রি করে বেশি লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও জানান, রসুন, সরিষাসহ অন্যান্য রবি ফসলের আবাদ যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় সার সরবরাহ ও মাঠপর্যায়ে কৃষি পরামর্শসেবা দেওয়া হচ্ছে। কৃষকেরা যেন রবিশস্য চাষে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়েন, সে লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক এবং মাঠপর্যায়ের পরামর্শ কার্যক্রম জোরদার করা হয়েছে।
সব মিলিয়ে চলনবিলে রসুন চাষ ঘিরে কৃষকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। অনুকূল আবহাওয়া, ভালো ফলন এবং বাজারে ন্যায্য দাম পাওয়া গেলে এ মৌসুমে চাটমোহরে রসুন উৎপাদন আরও বাড়বে বলে প্রত্যাশা কৃষি বিভাগের।
কালের আলো/এসকে/এমএসআইপি
