কুড়িগ্রামে টানা দুই দিন সূর্যের দেখা মেলেনি। সকাল থেকে বিকাল পর্যন্ত আকাশ থাকছে ঘন মেঘে ঢাকা। এর সঙ্গে হালকা কুয়াশা ও হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। ঠান্ডা উপেক্ষা করেই কৃষিজমি ও শহরে কাজ করতে হচ্ছে তাঁদের। অন্যদিকে, ঘন মেঘ ও কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
ঠান্ডায় কাজে ভোগান্তি
রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামের কৃষিজমিতে নিড়ানির কাজ করছিলেন দিনমজুর সাদেক মিয়া। তিনি বলেন, মঙ্গলবার দিনের বেলাতেও সূর্যের দেখা মেলেনি। আগের দিনের তুলনায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এতে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে।
একই এলাকায় ফুলকপি তুলছিলেন কৃষক আজমত আলী। তিনি বলেন, ঠান্ডা বেড়ে যাওয়ায় ফুলকপি তুলতে গিয়ে হাত অসাড় হয়ে আসছে।
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ের ব্যবসায়ী আবু সাঈদ জানান, সকালে কুয়াশার সঙ্গে ঠান্ডাও বেশি থাকে। আগের দিনও সূর্যের দেখা মেলেনি, মঙ্গলবারও রোদ ওঠেনি।
আরও দুই-তিন দিন থাকতে পারে মেঘলা আবহাওয়া
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে এ অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আকাশে ঘন মেঘ থাকায় সূর্যের দেখা মিলছে না। আগামী দুই থেকে তিন দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
