আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। অন্য দেশের প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এ লক্ষ্য অর্জন করতে চায় সরকার। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
তরুণদের উদ্ভাবনী শক্তিতে গুরুত্ব
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে থাকবে। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে।
তিনি বলেন, যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে পারে। তাই অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে। দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই নিজস্ব স্যাটেলাইট তৈরির লক্ষ্য বাস্তবায়ন করতে চায় সরকার।
২০৩৪ সালের মধ্যে এভিয়েশন হাব হওয়ার লক্ষ্য
প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
তিনি তরুণদের নতুন নতুন ধারণা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানান। একই সঙ্গে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারেক রহমান বলেন, তরুণদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
কালের আলো/এএএন/এমএসআইপি
