শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে বৈশ্বিক উদ্যোগের মঞ্চে নিজেদের অবস্থান ও কর্মপরিকল্পনা তুলে ধরেছে বাংলাদেশ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেশের প্রথম জাতীয় অঙ্গীকারনামা উপস্থাপন করে সাতটি অগ্রাধিকার ক্ষেত্রের কথা জানিয়েছে সরকার। লক্ষ্য—প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করা।
বুধবার (১৮ নভেম্বর) সম্মেলনের অঙ্গীকার প্রকাশ পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেন, 'প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর। এ লক্ষ্যে সুশাসন ও অর্থায়ন জোরদার, আইন সংস্কার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণসহ সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার।' এ সময় নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
- ফিলিপাইনের রাজধানীতে দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকারনামা উপস্থাপন
- সুশাসন, শিশু সুরক্ষা সেবা, নিরাপদ শিক্ষার পরিবেশ ও সিদ্ধান্ত গ্রহণে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি মন্ত্রীর
বাংলাদেশের এই অঙ্গীকারনামার ভিত্তি তৈরি হয়েছে অংশীজনদের সঙ্গে বিস্তৃত আলোচনার মাধ্যমে। দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এটি প্রণয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী।
সুরক্ষার ভিত্তি হবে শক্তিশালী প্রতিষ্ঠান ও আইন
অঙ্গীকারনামার প্রথম অগ্রাধিকার শিশু সুরক্ষায় সুশাসন, সমন্বয় ও অর্থায়ন জোরদার করা। এ জন্য শক্তিশালী শিশু সুরক্ষা প্রতিষ্ঠান, বহুমুখী সমন্বয় ব্যবস্থা এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় অগ্রাধিকারে রয়েছে আইন ও নীতিমালা সংস্কার। সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে শিশুদের অধিকতর সুরক্ষা দিতে শিশু আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারসহ প্রচলিত আইন ও নীতিমালা আরও শক্তিশালী করা হবে।
তৃতীয় অগ্রাধিকারে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিরোধমূলক উদ্যোগ বাড়ানোর কথা বলা হয়েছে। জাতীয় পর্যায়ে ইতিবাচক অভিভাবকত্ব কর্মসূচি গ্রহণ এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সাথে শিক্ষা’ রূপকল্প বাস্তবায়নকে এগিয়ে নেবে।
ডিজিটাল জগতেও নিশ্চিত হবে শিশুর নিরাপত্তা
চতুর্থ অগ্রাধিকারে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা ও সমাজসেবার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসব খাতে জনবল বৃদ্ধির পাশাপাশি শিশু সুরক্ষা ও সহায়তা সেবাগুলো আরও শক্তিশালী করা হবে। পঞ্চম অগ্রাধিকারে গুরুত্ব পেয়েছে অনলাইন নিরাপত্তা। অনলাইনে শিশুদের প্রতি সহিংসতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতি এবং ডিজিটাল পরিসরে তাদের সুরক্ষা জোরদার করা হবে।
ষষ্ঠ অগ্রাধিকারে রয়েছে কাজের অগ্রগতি ও ফলাফল পর্যবেক্ষণ। এ লক্ষ্যে শিশু সুরক্ষাসংক্রান্ত তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ এবং জবাবদিহি কাঠামো শক্তিশালী করার অঙ্গীকার করা হয়েছে। সপ্তম অগ্রাধিকারটি শিশুদের মতামত ও অধিকারকে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে নিয়ে আসার। শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে এমন সব নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
শিশুর ভবিষ্যৎ সুরক্ষায় অঙ্গীকার বাস্তবায়নের প্রত্যয়
সাতটি অগ্রাধিকারের মধ্য দিয়ে শিশু সুরক্ষাকে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, সামাজিক কাঠামো, আইন ও ডিজিটাল পরিসরে বিস্তৃত করার পরিকল্পনা তুলে ধরেছে বাংলাদেশ। মন্ত্রী তাঁর বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ, সুরক্ষিত এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত থাকবে।
প্রসঙ্গত, ম্যানিলায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।
কালের আলো/এমএএএমকে
