Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১২:১৭ পিএম

কমলার বাগানে বদলে যাচ্ছে বিজয়নগরের অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১২:১৭ পিএম

কমলার বাগানে বদলে যাচ্ছে বিজয়নগরের অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরের লালমাটির টিলা ও সমতল ভূমিতে এখন চোখে পড়ছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা সোনালি কমলা। বাগানজুড়ে থোকায় থোকায় ধরে থাকা রসালো ফলের আকর্ষণে প্রতিদিন ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। একসময় সিলেট, মৌলভীবাজার কিংবা আমদানিনির্ভর বলে পরিচিত কমলা এখন বিজয়নগরের মাটিতেই বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। এতে বদলে যাচ্ছে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক চিত্র, তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।

লালমাটিতে বাড়ছে কমলার আবাদ
বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের লালমাটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ফল চাষের জন্য পরিচিত। এসব এলাকায় লিচু, কাঁঠাল, আনারস, পেয়ারা, বড়ই ও মাল্টার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিকভাবে কমলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকেরা।

বিশেষ করে ‘দার্জিলিং’ ও ‘চায়না’ জাতের কমলা চাষে ঝুঁকছেন তাঁরা। কৃষকদের মতে, তুলনামূলক কম পুঁজি বিনিয়োগে ভালো ফলন ও লাভের সম্ভাবনা থাকায় এই চাষ জনপ্রিয় হচ্ছে। পাশাপাশি সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে রোগবালাইয়ের ঝুঁকিও তুলনামূলক কম থাকে।

বর্তমানে বাগান থেকেই প্রতি কেজি কমলা প্রায় ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গাছে থাকা অবস্থাতেই পাইকারদের কাছে ফল বিক্রি হয়ে যাওয়ায় অনেক কৃষককে বাজারজাত করার বাড়তি ঝামেলাও পোহাতে হচ্ছে না।

৪০ শতকের বাগানে লাখ টাকা লাভের আশা
বিষ্ণুপুর ইউনিয়নের কমলা চাষি মো. খোকন মিয়া জানান, শুরুতে ৪০ শতক জমিতে কমলার চারা রোপণ করেছিলেন তিনি। তখন তাঁর এই উদ্যোগ দেখে প্রতিবেশীদের অনেকে হাসাহাসি করেছিলেন। তবে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী জৈব সার প্রয়োগ ও নিয়মিত পরিচর্যা চালিয়ে যাওয়ায় তৃতীয় বছর থেকেই গাছে ভালো ফলন আসতে শুরু করে।

এ বছর তাঁর বাগানের প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি পর্যন্ত কমলা ধরেছে। ফলন ভালো হওয়ায় বাজারে নেওয়ার আগেই পাইকাররা বাগান থেকে অগ্রিম টাকা দিয়ে কমলা কিনে নিচ্ছেন। সব খরচ বাদ দিয়ে এবার ৩ থেকে ৪ লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।

খোকন মিয়ার মতো আরও অনেক কৃষক কমলা চাষে আগ্রহী হচ্ছেন। তাঁদের কাছে এটি এখন শুধু শখের ফল চাষ নয়, বরং আয়ের নতুন একটি উৎস।

বাগানে ভিড় করছেন দর্শনার্থীরাও
কমলার বাম্পার ফলনের খবর ছড়িয়ে পড়ায় বিজয়নগরের বাগানগুলোতে বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। বিশেষ করে বিকেল হলেই পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। কেউ বাগান ঘুরে দেখছেন, কেউ গাছ থেকে নিজের হাতে কমলা পেড়ে কিনছেন, আবার অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে পরিবার নিয়ে বাগান দেখতে আসা মেহেরুন্নেছা সুমি বলেন, ফেসবুকে বিজয়নগরের কমলা বাগানের ছবি দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি যে জেলার মাটিতেই এত সুন্দর কমলা উৎপাদিত হচ্ছে। সরাসরি বাগানে এসে গাছভর্তি কমলা দেখে তাঁর ভালো লেগেছে। তাঁর কাছে এখানকার কমলা বাজারের কেনা কমলার তুলনায় বেশি মিষ্টি ও রসালো মনে হয়েছে। সন্তানদের নিয়ে ঘোরার পাশাপাশি বাড়ির জন্য তাজা কমলাও কিনেছেন তিনি। আরেক দর্শনার্থী তারিন আক্তার রুমি বলেন, বিজয়নগরের পরিবেশ বেশ সুন্দর ও মনোরম। কমলা বাগানে এসে তাঁর খুব ভালো লেগেছে।

২৫ হেক্টর জমিতে কমলার আবাদ
বিজয়নগরে কমলা চাষের সম্প্রসারণ নিয়ে আশাবাদী কৃষি বিভাগও। ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তুফা এমরান হোসেন জানান, বিজয়নগরের লালমাটি ও আবহাওয়া সাইট্রাসজাতীয় ফল, বিশেষ করে মাল্টা ও কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী।

তিনি বলেন, কৃষকদের উন্নত মানের রোগমুক্ত চারা সরবরাহ, গাছের ডাল ছাঁটাই বা প্রুনিং এবং জৈব বালাইনাশক ব্যবহারের বিষয়ে শুরু থেকেই হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। কৃষি বিভাগের এই কর্মকর্তা মনে করেন, এভাবে চাষ সম্প্রসারণ অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বিজয়নগর দেশের অন্যতম প্রধান কমলা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিতি পেতে পারে।

কৃষির পাশাপাশি পর্যটনের সম্ভাবনা
বিজয়নগরের কমলা চাষ ঘিরে তৈরি হচ্ছে কৃষি পর্যটনের নতুন সম্ভাবনা। বাগানে দর্শনার্থীদের উপস্থিতি স্থানীয় কৃষকদের সরাসরি ফল বিক্রির সুযোগ বাড়াচ্ছে। একই সঙ্গে পরিবহন, ফল সংগ্রহ ও বিক্রিসহ বিভিন্ন কাজে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

তবে এই সম্ভাবনাকে দীর্ঘস্থায়ী করতে প্রয়োজন পরিকল্পিতভাবে বাগান সম্প্রসারণ, মানসম্মত চারা সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ এবং উৎপাদিত ফল সংরক্ষণের ব্যবস্থা। পাশাপাশি বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে কৃষকেরা ন্যায্যমূল্য পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে বিজয়নগরের কমলা দেশের বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। ভবিষ্যতে উৎপাদনের মান ও পরিমাণ আন্তর্জাতিক বাজারের উপযোগী করা সম্ভব হলে রপ্তানির পথও খুলতে পারে। সবুজ পাতার আড়ালে ঝুলে থাকা এই সোনালি কমলা তাই শুধু ফলন নয়, বিজয়নগরের কৃষি অর্থনীতি ও পর্যটনের নতুন সম্ভাবনারও প্রতীক হয়ে উঠছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!