Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১২:০২ পিএম

ফলের বাজারে আগুন, বিপাকে রোগীর স্বজন

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১২:০২ পিএম

ফলের বাজারে আগুন, বিপাকে রোগীর স্বজন

গাইবান্ধার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মাল্টা, বেদানা, আঙুর, আপেল ও ডাব। অসুস্থ স্বজনের জন্য ফল কিনতে এসে দাম শুনে ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য প্রয়োজনীয় তরল খাবার ও পুষ্টিকর ফল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন স্বল্প আয়ের মানুষ। আমদানি ব্যয়, শুল্ক, পরিবহন খরচের পাশাপাশি খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফার প্রবণতায় ফলের বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

গাইবান্ধার খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি হলুদ মাল্টা বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৫২০ টাকায়। বড় আকারের একটি মাল্টার দাম পড়ছে ১০০ টাকারও বেশি। বেদানা প্রতি কেজি ৪০০ থেকে ৬৫০ টাকা, আঙুর ৪০০ থেকে ৫৫০ টাকা এবং আপেল ৩২০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে একটি দেশি ডাবের দাম ১৫০ থেকে ১৮০ টাকা। অথচ গত আগস্টেও ডাবের দাম ছিল ১৩০ থেকে ১৫০ টাকা।

ক্রেতা আকতার হাবিব বলেন, আগে অসুস্থ মানুষের জন্য মাল্টা কিংবা ডাব কিনতে খুব বেশি ভাবতে হতো না। এখন এক কেজি মাল্টি কিনতেই প্রায় ৫০০ টাকা লাগে। চিকিৎসকেরা ফল ও তরল খাবার খেতে বললেও বাজারে এসে সেগুলো কেনা কঠিন হয়ে পড়েছে।

ডেঙ্গু বাড়ছে, বাড়ছে ফলের চাহিদাও
ফলের বাড়তি দামের মধ্যে ডেঙ্গুর প্রকোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রোগটি এখন শুধু রাজধানীকেন্দ্রিক নয়; দেশের বিভিন্ন জেলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। মারা গেছেন ৪৯৯ জন। ২০২৫ সালের পুরো বছরের তুলনায় এবার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৫৮ শতাংশ বেশি।

রংপুর বিভাগে ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৪০ জনের বেশি। এ সময়ে মারা গেছেন অন্তত ১১ জন। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের হিসাবে, ২০২৫ সালে গাইবান্ধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৬২; ওই বছর জেলায় কোনো মৃত্যু হয়নি। তবে চলতি বছর সুন্দরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঢাকা থেকে জ্বর নিয়ে ফেরা ব্যক্তিদের পাশাপাশি স্থানীয়ভাবেও আক্রান্ত হচ্ছেন অনেকে।

চিকিৎসকেরা বলছেন, কোনো ফলই ডেঙ্গুতে প্লাটিলেট বাড়ানোর নিশ্চিত চিকিৎসা নয়। তবে জ্বরের সময় পানিশূন্যতা ও দুর্বলতা কাটাতে পর্যাপ্ত পানি, ওরস্যালাইন, ডাবের পানি এবং সহজপাচ্য তরল খাবার গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এসব খাবার জোগাড় করতে গিয়েই বাড়তি খরচের মুখে পড়ছেন রোগীর স্বজনেরা।

আমদানি দরের সঙ্গে খুচরা দামের বড় ব্যবধান
দক্ষিণ আফ্রিকা ও মিসর থেকে আমদানি করা মাল্টার কেজিপ্রতি আমদানি মূল্য প্রায় ৭০ সেন্ট বা ৮৭ টাকা। অথচ গাইবান্ধার বাজারে সেই মাল্টা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫২০ টাকায়। অর্থাৎ আমদানি মূল্য থেকে খুচরা বাজারে পৌঁছাতে দাম বেড়ে যাচ্ছে পাঁচ থেকে ছয় গুণ।

আমদানির পর চট্টগ্রাম বন্দরে খালাসের সময় কর ও শুল্ক বাবদ কেজিতে প্রায় ১০৭ টাকা যুক্ত হয়। এতে মাল্টার দাম দাঁড়ায় ১৯৩ থেকে ১৯৪ টাকা। আমদানিকারকদের দাবি, হিমায়িত কনটেইনার, বন্দর মাশুল, পচনঝুঁকি ও ব্যাংক খরচসহ অন্যান্য ব্যয় যোগ করলে কেজিপ্রতি খরচ ২৩০ থেকে ২৪০ টাকায় পৌঁছায়।

এর সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, গত ২১ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর চট্টগ্রাম থেকে ফল পরিবহনের ট্রাকভাড়া ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকায় উঠেছে। এতে কেজিপ্রতি পরিবহন ব্যয় বেড়েছে প্রায় ২০ টাকা। চট্টগ্রাম বা ঢাকা থেকে দূরবর্তী জেলা গাইবান্ধায় ফল পৌঁছাতে এ ব্যয়ের প্রভাব আরও বেশি পড়ার কথা।

তবে এসব ব্যয় দিয়ে বাজারের পুরো মূল্যবৃদ্ধির ব্যাখ্যা মিলছে না। ব্যবসায়ীদের সর্বোচ্চ দাবি অনুযায়ী কেজিপ্রতি খরচ ২৫০ থেকে ২৬০ টাকা ধরলেও ১৫ কেজির একটি মাল্টার কার্টন পাইকারিতে বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকায়। অর্থাৎ কেজিপ্রতি দাম দাঁড়াচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। এরপর খুচরা বাজারে দাম উঠছে ৫২০ টাকা পর্যন্ত।

এতে খরচের হিসাবের সঙ্গে খুচরা বিক্রয়মূল্যের কেজিপ্রতি ১৬০ থেকে ২৭০ টাকা পর্যন্ত ব্যবধান তৈরি হচ্ছে। শুধু পরিবহন কিংবা দোকানভাড়া দিয়ে এ ব্যবধানের ব্যাখ্যা পাওয়া কঠিন। আমদানিকারকেরাও স্বীকার করছেন, খুচরা বিক্রেতাদের কেউ কেউ কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন। ট্যারিফ কমিশনের ২৯ অক্টোবরের বিশ্লেষণেও খুচরা পর্যায়ে বাড়তি মুনাফার প্রবণতার বিষয়টি উঠে এসেছে।

আয় বাড়ছে কম, খরচ বাড়ছে বেশি
গাইবান্ধার মানুষের জন্য উচ্চমূল্যের ফল কেনা এমনিতেই কঠিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬ সালের জরিপে জেলায় দারিদ্র্যের হার ছিল ৪৬ দশমিক ৭ শতাংশ। ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, এ হার কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩০ শতাংশে। এর মধ্যে সাধারণ দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ এবং অতিদারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। একই সময়ে রংপুর বিভাগে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৮ শতাংশ, যা জাতীয় গড় ১৮ দশমিক ৭ শতাংশের চেয়ে বেশি।

অক্টোবরের ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে এ হার ১০ দশমিক ২১ শতাংশ। বিপরীতে একই সময়ে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ এবং কৃষি খাতে ৭ দশমিক ৫৫ শতাংশ। অর্থাৎ মানুষের আয় বাড়ার তুলনায় জীবনযাত্রার ব্যয় বাড়ছে বেশি।

বেসরকারি স্কুলশিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের চাকরিজীবীদের অনেকের বেতন দীর্ঘদিন ধরে প্রায় অপরিবর্তিত। এর মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম একবারে ২২৩ টাকা বেড়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় পৌঁছেছে। ফলে সীমিত আয়ের মধ্যবিত্ত পরিবারগুলোও সঞ্চয় ভেঙে সংসার চালাতে বাধ্য হচ্ছে। তাদের দৈনন্দিন বাজারের তালিকা থেকে বাদ পড়ছে ৫০০ টাকা কেজির মাল্টার মতো ফল।

কৃষি ও শ্রমজীবী মানুষের অবস্থাও স্বস্তিদায়ক নয়। ভরা মৌসুমে ধান কাটার শ্রমিকের দৈনিক মজুরি ৯০০ থেকে ১ হাজার টাকা। ধানের উৎপাদন খরচ ও বাজারদরের মধ্যেও তেমন ব্যবধান নেই। সুন্দরগঞ্জসহ কয়েকটি এলাকায় সারের ডিলারদের বিরুদ্ধে প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। বাড়তি ব্যয়ের চাপে অনেক কৃষক ও নিম্নমধ্যবিত্ত পরিবার সরু চালের পরিবর্তে ৫৫ থেকে ৬০ টাকা কেজির মোটা চাল কিনছেন। সপ্তাহে তিন দিন ডিম-মাছ খাওয়ার সামর্থ্য কমে অনেক পরিবারের ক্ষেত্রে তা এক দিনে নেমে এসেছে।

একজন দিনমজুর দৈনিক ৯০০ টাকা আয় করেও এক কেজি মাল্টা ও একটি ডাব কিনলে খরচ হয়ে যায় প্রায় ৭০০ টাকা। অর্থাৎ দিনের আয়ের বড় অংশই চলে যায় দুটি ফল কিনতে। ফলে অসুস্থ স্বজনের জন্য প্রয়োজনীয় খাবার কেনার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়ছে।

শুল্ক কমানোর সিদ্ধান্ত, তবে কার্যকর হবে জানুয়ারিতে
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খেজুর, মাল্টা ও আপেলের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে মাল্টা ও আপেলের মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মাল্টা ও আপেলের ক্ষেত্রে নতুন করহার কার্যকর হবে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র এক মাস। খেজুরের শুল্কছাড় কার্যকর থাকবে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত।

ফলে ডেঙ্গু ও শীতের মৌসুমের বড় একটি সময়জুড়ে গাইবান্ধার ক্রেতাদের জন্য ফলের দাম কমার সম্ভাবনা সীমিত। তাছাড়া রোগীর পথ্য হিসেবে অনেকে যে বেদানা, আঙুর ও নাশপাতি কেনেন, সেগুলো শুল্কছাড়ের তালিকায় নেই।

নতুন করহার কার্যকর হলে মাল্টা ও আপেলের বন্দর-খালাস ব্যয় কেজিতে প্রায় ৫৩ থেকে ৫৪ টাকা কমে ১৪০ টাকায় নামতে পারে। তবে এ সুবিধার কতটা শেষ পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছাবে, তা নিয়ে সংশয় রয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, শুল্ক কমানোর পরও আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতারা একে অপরের ওপর দায় চাপানোর কারণে অনেক সময় বাজারে দাম কমে না।

অভিযান ও জরিমানায় কি নিয়ন্ত্রণে আসবে বাজার?
অযৌক্তিকভাবে দাম বাড়ানোর প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুরের ধাপেরহাটসহ বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানাও করেছে।

তবে ভোক্তা অধিকারকর্মীদের মতে, বিচ্ছিন্ন অভিযান ও জরিমানায় বাজারে স্থায়ী শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। আমদানি থেকে শুরু করে পাইকারি ও খুচরা বিক্রির প্রতিটি পর্যায়ে পণ্যের ক্রয়মূল্য, পরিবহন ব্যয় ও বিক্রয়মূল্য যাচাই করা প্রয়োজন।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) প্রস্তাব অনুযায়ী, দেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় না এমন তাজা ফলের সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে মোট করভার ৮৯ শতাংশে নামানো হলে ফলের দাম কমতে পারে। এতে আমদানি বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়ার সুযোগ রয়েছে বলে কমিশনের মত।

শুল্কনীতির বৈষম্য নিয়েও প্রশ্ন উঠেছে। চলতি অর্থবছরে ৫০ হাজার ডলারের বিলাসবহুল টেসলা গাড়ি আমদানিতে সর্বোচ্চ করভার ৮০ শতাংশ। অথচ সাধারণ মানুষের প্রয়োজনীয় মাল্টা ও আপেলের ক্ষেত্রে করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ। বাজারে দাম নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে চালানভিত্তিক তদারকি এবং জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ নজরদারির প্রয়োজনীয়তার কথাও বলা হচ্ছে।

দেশি ফল উৎপাদন বাড়ানোর তাগিদ
দীর্ঘমেয়াদে আমদানিনির্ভরতা কমাতে স্থানীয়ভাবে ফল উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তাঁদের মতে, গাইবান্ধার মাটি ও আবহাওয়া কলা, পেয়ারা, পেঁপে, লেবু ও দেশি মাল্টা চাষের উপযোগী। পরিকল্পিত বাণিজ্যিক চাষ, ন্যায্য দামে সার ও সেচের ব্যবস্থা এবং আঞ্চলিক হিমাগার গড়ে তোলা গেলে স্থানীয় উৎপাদন বাড়ানো সম্ভব।

পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত দরিদ্র পরিবার ও চরাঞ্চলের মানুষের জন্য পুষ্টি সহায়তার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। কারণ অসুস্থ মানুষের জন্য প্রয়োজনীয় খাবার যদি কেবল উচ্চ আয়ের মানুষের সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

গাইবান্ধার ফলের দোকানে বাহারি ফলের সমারোহ থাকলেও দাম শুনে ফিরে যাচ্ছেন বহু ক্রেতা। বাজারে ফলের সরবরাহ থাকলেই যে সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, এমন নিশ্চয়তা নেই। দাম নিয়ন্ত্রণ, বাজার তদারকি ও দেশীয় উৎপাদন বাড়ানো না গেলে রোগীর পথ্য কেনাও অনেক পরিবারের কাছে বিলাসিতাই থেকে যাবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!