Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১১:৫১ এএম

মানবাধিকার বিতর্কের মধ্যেই রুয়ান্ডামুখী ইউরোপের অভিবাসননীতি

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১১:৫১ এএম

মানবাধিকার বিতর্কের মধ্যেই রুয়ান্ডামুখী ইউরোপের অভিবাসননীতি

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ও বসবাস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে পাঁচটি দেশ। কোনো ব্যক্তির অভিবাসন কিংবা আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে তাঁকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করেছে তারা। এ জন্য রুয়ান্ডায় বিশেষ প্রত্যাবাসন কেন্দ্র বা ‘রিটার্ন হাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুর দিকে পরীক্ষামূলকভাবে এ পরিকল্পনা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশগুলো।

এই উদ্যোগে যুক্ত হয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডস। গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত পাঁচ দেশের অভিবাসনবিষয়ক সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোতে যেসব অভিবাসনপ্রত্যাশীর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হবে, তাঁদের রুয়ান্ডায় স্থানান্তর করে একটি প্রত্যাবাসন কেন্দ্রে রাখা হবে। তবে এ উদ্যোগ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, এর ফলে বিপদে থাকা অভিবাসনপ্রত্যাশীরা নতুন করে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন।

পাঁচ দেশের নতুন অভিবাসন পরিকল্পনা
ইউরোপের পাঁচ দেশের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, যেসব অভিবাসনপ্রত্যাশীর ইউরোপে থাকার আইনগত অধিকার নেই, তাঁদের ইউরোপের বাইরে সরিয়ে নেওয়া। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করা এবং মানব পাচারকারীদের কার্যক্রম সীমিত করাও পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।

পরিকল্পনা অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোতে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের রুয়ান্ডায় পাঠানো হবে। সেখানে তাঁদের জন্য বিশেষ প্রত্যাবাসন কেন্দ্র গড়ে তোলা হবে। আগামী বছরের শুরুর দিকে পরীক্ষামূলকভাবে কার্যক্রমটি শুরু করার কথা রয়েছে।

তবে পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য রুয়ান্ডা সরকারের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর আলোচনা এখনো চলছে। কেন্দ্রটির অবকাঠামো, পরিচালনা, অর্থায়ন এবং অভিবাসনপ্রত্যাশীদের অধিকার নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে সমঝোতা প্রয়োজন।

রুয়ান্ডায় গিয়ে অভিবাসীদের সামনে থাকবে তিনটি পথ
রুয়ান্ডা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপ থেকে পাঠানো ব্যক্তিদের সামনে তিনটি বিকল্প থাকবে। প্রথমত, তাঁরা চাইলে নিজ দেশে ফিরে যেতে পারবেন। দ্বিতীয়ত, রুয়ান্ডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিতে পারবেন। তৃতীয়ত, চাইলে রুয়ান্ডা থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করতে পারবেন। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট তৃতীয় দেশে তাঁদের বৈধভাবে বসবাসের অধিকার থাকতে হবে।

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, ইউরোপে বসবাসের অধিকার না থাকা ব্যক্তিদের তাঁর দেশ দ্বিতীয় সুযোগ দেবে। অর্থাৎ ইউরোপে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলেও তাঁদের জন্য অন্য দেশে নতুন করে জীবন শুরু করার সুযোগ রাখার কথা বলছে রুয়ান্ডা সরকার।

অভিবাসনপ্রত্যাশীদের মানবাধিকার ও নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, সে প্রশ্নও উঠেছে। এ বিষয়ে ভিনসেন্ট বিরুতা জানিয়েছেন, একটি স্বাধীন পর্যবেক্ষণব্যবস্থা থাকবে। এ ক্ষেত্রে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করা হবে।

অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর হতে চায় ইউরোপ
ইউরোপের দেশগুলো কয়েক বছর ধরেই অভিবাসন নীতি কঠোর করার চেষ্টা করছে। বিশেষ করে আশ্রয়প্রার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণ, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশ বন্ধ এবং যাঁদের থাকার বৈধ অধিকার নেই, তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন এই পরিকল্পনাকে বড় ধরনের পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, অবৈধ অভিবাসনের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় এ উদ্যোগ ইউরোপের দেশগুলোর সক্ষমতা বাড়াবে।

তিনি বলেন, মানব পাচারকারীদের ব্যবসার পথ বন্ধ করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য নিজেদের সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া এবং অবৈধ অভিবাসনের প্রণোদনা বন্ধ করা প্রয়োজন।

অন্যদিকে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেছেন, পাঁচ দেশের সম্মেলনের মাধ্যমে অভিবাসন নীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, ইউরোপের দেশগুলো প্রচলিত অভিবাসন ব্যবস্থার বাইরে গিয়ে নতুন পদ্ধতিতে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করতে চাইছে।

যুক্তরাজ্যের পুরোনো পরিকল্পনার সঙ্গে পার্থক্য
অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নতুন নয়। এর আগে ২০২২ সালে যুক্তরাজ্যও একই ধরনের একটি উদ্যোগ নিয়েছিল। ওই পরিকল্পনার আওতায় আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল। তবে ব্যাপক সমালোচনা ও আইনি জটিলতার মুখে উদ্যোগটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ২০২২ সালের চুক্তিকে বেআইনি ঘোষণা করেছিলেন। আদালতের যুক্তি ছিল, অভিবাসনপ্রত্যাশীদের পাঠানোর জন্য রুয়ান্ডাকে নিরাপদ তৃতীয় দেশ হিসেবে বিবেচনা করা যায় না। সেখানে পাঠানো ব্যক্তিরা নির্যাতন কিংবা নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়তে পারেন।

তবে ইউরোপের পাঁচ দেশের নতুন পরিকল্পনাকে যুক্তরাজ্যের ওই উদ্যোগের সঙ্গে তুলনা করতে রাজি নন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোবরিন্ট। তাঁর বক্তব্য, নতুন ব্যবস্থায় কেবল যাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হবে, তাঁদেরই রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

অর্থাৎ আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকা কিংবা বৈধভাবে ইউরোপে বসবাসের অধিকার থাকা ব্যক্তিদের এই পরিকল্পনার আওতায় আনার কথা বলা হয়নি।

মানবাধিকার সংগঠনগুলোর তীব্র আপত্তি
ইউরোপের পাঁচ দেশের পরিকল্পনাকে স্বাগত জানায়নি মানবাধিকার সংগঠনগুলো। বরং ৪৭টি মানবাধিকার সংস্থা, ট্রেড ইউনিয়ন ও সহায়তা সংস্থা যৌথ বিবৃতিতে উদ্যোগটি বাতিলের আহ্বান জানিয়েছে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং ডাচ কাউন্সিল ফর রিফিউজিসহ বিভিন্ন সংগঠনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই পরিকল্পনার মাধ্যমে সমাজের সবচেয়ে প্রান্তিক ও ঝুঁকিতে থাকা মানুষের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি হচ্ছে। অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জনের জন্য তাঁদের অন্য দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এ ধরনের পদক্ষেপ কার্যকর হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের একজন গবেষকও পরিকল্পনাটির সমালোচনা করেছেন। তাঁর মতে, এর মাধ্যমে এমন একটি সরকারকে অর্থায়ন ও রাজনৈতিকভাবে শক্তিশালী করার ঝুঁকি তৈরি হচ্ছে, যার বিরুদ্ধে দেশের ভেতরে ও বাইরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর মূল উদ্বেগ হলো, ইউরোপে আশ্রয় না পাওয়া ব্যক্তিরা রুয়ান্ডায় গিয়ে কতটা নিরাপদ থাকবেন এবং তাঁদের মৌলিক অধিকার বাস্তবে কতটা সুরক্ষিত হবে।

রুয়ান্ডার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন
ইউরোপের দেশগুলোর এই পরিকল্পনায় রুয়ান্ডাকে অংশীদার হিসেবে বেছে নেওয়া নিয়েও বিতর্ক রয়েছে। জার্মানির ডের স্পিগেল পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রুয়ান্ডা সরকারের বিরুদ্ধে কর্তৃত্ববাদী পদ্ধতিতে দেশ পরিচালনার অভিযোগ রয়েছে। এ কারণে দেশটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য নির্ভরযোগ্য ও নিরাপদ আশ্রয়স্থল হতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সমালোচকেরা।

এর আগে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপের বাইরে পাঠানোর সম্ভাব্য অংশীদার হিসেবে উগান্ডা ও উজবেকিস্তানের নামও আলোচনায় এসেছিল। তবে নতুন পরিকল্পনায় রুয়ান্ডাকেই প্রধান অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রত্যাবাসনবিষয়ক বিধিমালাকে এ ধরনের উদ্যোগের আইনি ভিত্তি হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। গত জুনে ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্যদেশগুলোর প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে তৃতীয় কোনো দেশে অভিবাসীদের পাঠানোর ক্ষেত্রে সেই দেশকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারসংক্রান্ত মানদণ্ড মেনে চলতে হবে।

প্রকল্পে দুই কোটি ইউরো বরাদ্দের পরিকল্পনা
নতুন পরিকল্পনা বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ ব্যয়ের প্রস্তুতিও নিচ্ছে ইউরোপের দেশগুলো। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোবরিন্ট জানিয়েছেন, আগামী বছরের কেন্দ্রীয় বাজেটে পরীক্ষামূলক এই প্রকল্পের জন্য দুই কোটি ইউরো বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।

তবে রুয়ান্ডায় প্রস্তাবিত প্রত্যাবাসন কেন্দ্রটি পুরোপুরি প্রতিষ্ঠা ও পরিচালনা শুরু হলে প্রকৃত ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রের অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা, আবাসন, ব্যবস্থাপনা এবং অভিবাসনপ্রত্যাশীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে।

সব মিলিয়ে ইউরোপের পাঁচ দেশের এই উদ্যোগ অভিবাসন নীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে দেশগুলো বলছে, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং মানব পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, অভিবাসন সমস্যার সমাধান করতে গিয়ে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের আরও অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হতে পারে। আগামী বছরের শুরুতে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইউরোপের অভিবাসন নীতিতে এর প্রভাব কতটা পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!