স্মার্টফোনের ক্যামেরা যত উন্নত হচ্ছে, ততই যেন পুরোনো দিনের ছবির প্রতি আগ্রহ বাড়ছে তরুণ প্রজন্মের। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে পুরোনো মডেলের আইফোন। আধুনিক স্মার্টফোনের বদলে তাঁদের অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ২০১৩ সালে বাজারে আসা আইফোন ৫সি। ফোনটির ক্যামেরায় তোলা ছবির পুরোনো দিনের আবহই নতুন প্রজন্মকে আকৃষ্ট করছে।
প্রযুক্তিপণ্য কেনাবেচার ওয়েবসাইট কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের তথ্য অনুযায়ী, গত এক বছরে ‘বাই আইফোন ৫সি’ লিখে অনলাইনে অনুসন্ধানের হার বেড়েছে ৪০ হাজার ৫০০ শতাংশ। অর্থাৎ বাজারে আসার ১৩ বছর পরও ফোনটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে বাড়ছে এর ক্যামেরা সম্পর্কিত অনুসন্ধানও।
৮ মেগাপিক্সেলের ক্যামেরায় পুরোনো দিনের আবহ
আইফোন ৫সির প্রতি নতুন প্রজন্মের আগ্রহের অন্যতম কারণ এর ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। আধুনিক স্মার্টফোনের ক্যামেরার মতো এতে নিখুঁত রং, উচ্চ রেজোল্যুশন কিংবা সফটওয়্যারের অতিরিক্ত প্রক্রিয়াজাতকরণের সুবিধা নেই। বরং ছবিতে থেকে যায় কিছুটা দানাদার ও কম রেজোল্যুশনের বৈশিষ্ট্য। তরুণদের কাছে এই লো-ফাই ছবির ধরনই এখন বিশেষ আকর্ষণ।
এক ব্যবহারকারী জানিয়েছেন, আইফোন ৫সিতে তোলা ছবি তাঁকে পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয়। তাই বন্ধুদের সঙ্গে ভ্রমণের ছবি ও ভিডিও ধারণের জন্যও তিনি ফোনটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। আরেক ব্যবহারকারী ছবি তোলার আগ্রহ থেকেই ফোনটি কিনেছেন বলে জানিয়েছেন। অন্য একজনের কাছে আইফোন ৫সি এখনো সবচেয়ে প্রিয় আইফোন।
দুই বছরেই বন্ধ হয়েছিল উৎপাদন
২০১৩ সালের ২০ সেপ্টেম্বর বাজারে আসে আইফোন ৫সি। তবে মাত্র দুই বছরের মাথায় ফোনটির উৎপাদন বন্ধ করে দেয় অ্যাপল। যুক্তরাজ্যে বাজারে আসার সময় এর দাম ছিল ৫৪৯ থেকে ৭০৯ পাউন্ড। বর্তমানে অনলাইন মার্কেটপ্লেস ইবেতে ব্যবহৃত আইফোন ৫সি পাওয়া যাচ্ছে মাত্র ২০ পাউন্ডে।
বাজারে আসার সময় ফোনটিকে ‘এযাবৎকালের সবচেয়ে রঙিন আইফোন’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল অ্যাপল। পাঁচটি উজ্জ্বল রঙে পাওয়া যেত এটি। এতে ছিল ৮ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা।
কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের তথ্য অনুযায়ী, গত এক বছরে ‘আইফোন ৫সি ক্যামেরা’ লিখে অনলাইনে অনুসন্ধান বেড়েছে ১ হাজার ৮১৫ শতাংশ। একই সময়ে শুধু ‘আইফোন ৫সি’ লিখে অনুসন্ধানের হার বেড়েছে ২৬৪ শতাংশ।
ফিল্টারেও মেলে না পুরোনো ক্যামেরার আবহ
কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের প্রধান পণ্য কর্মকর্তা লি এলিয়ট বলেন, আইফোন ৫সির ক্যামেরায় পুরোনো দিনের ডিজিটাল ক্যামেরার বৈশিষ্ট্য পাওয়া যায়। এর ছবির রেজোল্যুশন তুলনামূলক কম এবং সফটওয়্যারের মাধ্যমে ছবি অতিরিক্ত প্রক্রিয়াজাত করা হয় না। ফলে ছবিতে ২০১০ সালের শুরুর দিকের ডিজিটাল ক্যামেরার মতো স্বতন্ত্র আবহ তৈরি হয়।
আইফোন ৫সির ৮ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে সর্বশেষ আইফোন ১৮ প্রোর ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার তুলনা করলে প্রযুক্তিগত পার্থক্য স্পষ্ট। তবে দানাদার ও লো-ফাই ঘরানার ছবি তোলার ক্ষেত্রে পুরোনো ফোনটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কোনো ফিল্টার ব্যবহার করেও ছবিতে ঠিক একই ধরনের আবহ তৈরি করা কঠিন বলে মনে করেন লি এলিয়ট।
তারযুক্ত হেডফোনেও বাড়ছে আগ্রহ
শুধু পুরোনো আইফোন নয়, অতীতের প্রযুক্তিপণ্যের প্রতিও নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান সারকানার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় সপ্তাহে তারযুক্ত হেডফোন বিক্রি থেকে আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে।
এমা ওয়াটসন, হ্যারি স্টাইলস, বেলা হাদিদ ও চার্লি এক্সসিএক্সের মতো তারকাদেরও সম্প্রতি তারযুক্ত হেডফোন ব্যবহার করতে দেখা গেছে। টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির টেড রজার্স স্কুল অব রিটেইল ম্যানেজমেন্টের প্রভাষক ওমর এইচ ফারেস মনে করেন, পুরোনো প্রযুক্তির প্রতি তরুণদের এই আগ্রহের পেছনে স্মৃতিকাতরতা কাজ করছে। তরুণেরা হয়তো অতীতের এমন একটি সময়ের প্রতি আকৃষ্ট হচ্ছেন, যেটিকে তাঁদের কল্পনায় আরও সুন্দর ও আদর্শ বলে মনে হয়।
অতীতের প্রতি টান ছাড়াও ডিজিটাল দুনিয়া থেকে সাময়িক বিরতি নেওয়ার আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ এ প্রবণতার পেছনে ভূমিকা রাখতে পারে।
কালের আলো/এসএ/জেএন
