Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:১৪ পিএম

ভুয়া বয়সের তথ্য ধরবে মেটার নতুন প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৬:১৪ পিএম

ভুয়া বয়সের তথ্য ধরবে মেটার নতুন প্রযুক্তি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া জন্মতারিখ ব্যবহার করে বয়স লুকানোর সুযোগ কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন প্রযুক্তি চালু করছে মেটা। ব্যবহারকারী নিজের জন্মতারিখ পরিবর্তন করে প্রাপ্তবয়স্ক পরিচয় দিলেও তার অনলাইন আচরণ, পোস্ট ও অন্যান্য কার্যক্রম বিশ্লেষণ করে কিশোর-কিশোরী হিসেবে শনাক্ত করতে পারবে এই প্রযুক্তি। শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে বিশেষ সুরক্ষা ব্যবস্থা ‘টিন অ্যাকাউন্ট’।

সোমবার (৯ নভেম্বর) মেটা এ উদ্যোগের কথা জানায়। প্রতিষ্ঠানটির লক্ষ্য, বয়স গোপন করে সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তাব্যবস্থা ও অভিভাবকের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ বন্ধ করা।

বিশ্বজুড়ে চালু হচ্ছে বয়স শনাক্তের প্রযুক্তি
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় প্রযুক্তিটি পরীক্ষা করেছে মেটা। পরীক্ষার পর এবার বিশ্বব্যাপী এটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি মাস থেকেই যুক্তরাষ্ট্রে যেসব অভিভাবক কিশোর সন্তানদের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটআপ করেছেন, তাঁরা নতুন ব্যবস্থার বিষয়ে নোটিফিকেশন পাবেন। বছরের শেষ দিকে ফেসবুক ও থ্রেডসেও বয়স অনুমানকারী এআই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় শুধু অ্যাকাউন্টে দেওয়া জন্মতারিখের ওপর নির্ভর করা হবে না। ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে বয়স সম্পর্কে ধারণা তৈরি করবে এআই। ফলে ভুয়া জন্মতারিখ দিয়ে প্রাপ্তবয়স্ক পরিচয়ে অ্যাকাউন্ট পরিচালনা করলেও কিশোরদের শনাক্ত করার সুযোগ থাকবে।

টিন অ্যাকাউন্টে থাকছে একাধিক বিধিনিষেধ
কিশোরদের জন্য নির্ধারিত টিন অ্যাকাউন্টে বেশ কিছু নিরাপত্তাব্যবস্থা যুক্ত করেছে মেটা। এসব অ্যাকাউন্ট ব্যবহারে দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টার সীমা রাখা হয়েছে। রাতে ঘুমানোর সময় স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন বন্ধ থাকবে।

এ ছাড়া সামাজিক তুলনা ও প্রতিযোগিতার চাপ কমাতে লাইক ও রিঅ্যাকশনের মতো কিছু ফিচার আড়াল রাখা হবে। কিশোর কোনো অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে প্রথমবার চ্যাট শুরু করলে অভিভাবকের কাছে নোটিফিকেশন পাঠানো হবে।

আত্মহত্যা, নিজের ক্ষতি করা কিংবা খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যার মতো সংবেদনশীল বিষয় খুঁজলেও অভিভাবকদের সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন আনে—এমন ফিল্টারের ব্যবহারও সীমিত করা হবে।

আইনি চাপ ও সমালোচনার মুখে উদ্যোগ
দীর্ঘদিন ধরেই শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে সমালোচনা রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের অতিরিক্ত ব্যবহার কিশোরদের মধ্যে আসক্তি, মানসিক চাপ ও আত্মবিশ্বাসের সংকট তৈরি করতে পারে।

গত বছর অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এ সিদ্ধান্তের বৈজ্ঞানিক ভিত্তি ও সাংবিধানিক বৈধতা নিয়ে পরে আইনি বিতর্ক শুরু হয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরাও অপ্রাপ্তবয়স্কদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে মেটার বিরুদ্ধে মামলা করেন। এসব আইনি চাপের মধ্যে গত আগস্টে প্রতিষ্ঠানটি বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় পৌঁছায়। ওই সমঝোতায় অপ্রাপ্তবয়স্কদের বয়স যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করার প্রতিশ্রুতি দেয় মেটা।

অন্য প্ল্যাটফর্মগুলোকেও আহ্বান
কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নিজেদের প্ল্যাটফর্মে ব্যবস্থা নেওয়াকে যথেষ্ট মনে করছে না মেটা। প্রতিষ্ঠানটি বলছে, কিশোর-কিশোরীরা ইনস্টাগ্রামের পাশাপাশি টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে। তাই তাদের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করতে অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও একই ধরনের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বয়স অনুমানের এআই প্রযুক্তি কতটা নির্ভুলভাবে কাজ করবে এবং বিভিন্ন দেশে এর প্রয়োগ কীভাবে হবে, তা এখন দেখার বিষয়। তবে ভুয়া জন্মতারিখ দিয়ে বয়স লুকিয়ে কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার সুযোগ কমাতেই মেটার এই উদ্যোগ।

কালের আলো/এএইচ/জেএন

Link copied!