অপরিচিত কোনো শহরে উড়োজাহাজ থেকে নেমে কোথায় যাবেন, কীভাবে শহরের কেন্দ্রে পৌঁছাবেন কিংবা আশপাশে ভালো রেস্তোরাঁ কোথায়—এসব তথ্য খুঁজতে আর বারবার অনুসন্ধান করতে হবে না। ভ্রমণকারীদের জন্য গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে গুগল। এটি চালু হলে কোনো শহরের বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ব্যবহারকারীর ফোনে স্বাগতবার্তা পাঠাবে অ্যাপটি। সেই বার্তার মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ স্থান, খাবারের দোকান ও স্থানীয় আয়োজন সম্পর্কে পরামর্শ পাওয়া যাবে।
গুগল এখনো আনুষ্ঠানিকভাবে এ সুবিধার ঘোষণা দেয়নি। তবে গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন ফিচারটির সন্ধান পেয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি।
বিমানবন্দরে পৌঁছালেই আসবে বার্তা
প্রতিবেদন অনুযায়ী, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের ২৬.৪৫.০০.১০১১৭২০৯৬৮ সংস্করণের কোডে নতুন সুবিধাটির ইঙ্গিত পাওয়া গেছে। ফিচারটি চালু হলে ব্যবহারকারী অন্য কোনো শহরের বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে ‘আস্ক ম্যাপস’ ব্যবহারের পরামর্শ দিয়ে একটি বার্তা পাঠানো হতে পারে।
এর মাধ্যমে ভ্রমণকারীরা বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থলে যাওয়ার পথ, কাছাকাছি ভালো রেস্তোরাঁ কিংবা রাতে কোথায় কী আয়োজন হচ্ছে—এসব বিষয়ে জানতে পারবেন। ফলে অপরিচিত শহরে পৌঁছে প্রয়োজনীয় তথ্য খুঁজতে আলাদা করে অনেক অনুসন্ধান করতে হবে না। গুগল ম্যাপসের পরামর্শ অনুসরণ করেই ভ্রমণের প্রাথমিক পরিকল্পনা করা সম্ভব হবে।
আগেই তৈরি থাকবে প্রয়োজনীয় প্রশ্ন
নতুন সুবিধাটিতে শুধু স্বাগতবার্তা পাঠানোর ব্যবস্থা নয়, ‘আস্ক ম্যাপস’-এর সঙ্গে কথোপকথন শুরু করার জন্য কিছু সম্ভাব্য প্রশ্নও যুক্ত থাকতে পারে। ফলে বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যবহারকারীরা নির্দিষ্ট প্রশ্ন নির্বাচন করে সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
‘আস্ক ম্যাপস’ সুবিধার মাধ্যমে সাধারণ ভাষায় নিজের প্রয়োজন জানিয়ে বিভিন্ন স্থান, রেস্তোরাঁ কিংবা স্থানীয় কার্যক্রম সম্পর্কে পরামর্শ পাওয়া যায়। প্রচলিত সার্চের মতো নির্দিষ্ট শব্দ লিখে বা বিভিন্ন ফিল্টার ব্যবহার করে খোঁজাখুঁজি করার প্রয়োজন হয় না। ব্যবহারকারীর প্রশ্ন ও পছন্দ অনুযায়ী তথ্য দেওয়াই এ সুবিধার মূল উদ্দেশ্য।
অবস্থান শনাক্ত করবে জিওফেন্স প্রযুক্তি
গুগল ম্যাপসের অ্যাপ কোডে ‘এয়ারপোর্ট জিওফেন্স সিঙ্ক ওয়ার্কার’ নামে একটি ব্যাকগ্রাউন্ড কম্পোনেন্টেরও সন্ধান পাওয়া গেছে। জিওফেন্স প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে কোনো ডিভাইস প্রবেশ করলে তা শনাক্ত করা যায়।
ধারণা করা হচ্ছে, এ প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দরের নির্ধারিত এলাকায় ব্যবহারকারী পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে তাঁর ফোনে বার্তা পাঠানো হবে। এ ছাড়া নতুন সুবিধাটি চালুর ক্ষেত্রে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জেমিনাইয়ের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ সুবিধাও কাজে লাগাতে পারে।
৯০টির বেশি বিমানবন্দরের তথ্য মিলেছে
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটটির তথ্যমতে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের কোডে বিশ্বের ৯০টির বেশি বিমানবন্দরের অবস্থানসংক্রান্ত তথ্য পাওয়া গেছে। তালিকায় লন্ডন, নিউইয়র্ক, দুবাই, সিঙ্গাপুর, টোকিও ও সিডনির পাশাপাশি ভারতের দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু বিমানবন্দরও রয়েছে।
তবে এসব বিমানবন্দরে সুবিধাটি কবে চালু হবে, কিংবা শুরুতে কোন কোন দেশের ব্যবহারকারীরা এটি পাবেন, সে বিষয়ে গুগলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফিচারটি চালু হলে অপরিচিত শহরে ভ্রমণকারীদের জন্য গন্তব্য খোঁজা ও ঘোরার পরিকল্পনা করা আরও সহজ হতে পারে।
কালের আলো/এসএ/জেএন
