Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ১১:০১ এএম

জ্বালানি আমদানির বোঝা কমাতে সূর্যের আলোয় বড় স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ১১:০১ এএম

জ্বালানি আমদানির বোঝা কমাতে সূর্যের আলোয় বড় স্বপ্ন

জ্বালানি সংকটে টালমাটাল বিশ্ব। একদিকে বাড়ছে তেল, গ্যাস ও কয়লার দাম, অন্যদিকে অনিশ্চিত হয়ে উঠছে জ্বালানি সরবরাহ। জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাড়ছে পরিবেশদূষণ ও কার্বন নিঃসরণ। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে বিকল্প জ্বালানির সন্ধান জোরালো হয়েছে। আর সেই অনুসন্ধানে সবচেয়ে সম্ভাবনাময় উৎস হিসেবে সামনে এসেছে সৌরবিদ্যুৎ। প্রযুক্তির উন্নয়নে সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় কমছে, বাড়ছে দক্ষতা। একই সঙ্গে কম জায়গায় বেশি বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হচ্ছে। ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশের ক্ষতি কমানোর লক্ষ্যে বাংলাদেশেও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ জোরদার হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা হলো উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জ্বালানির অভাব। বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা থাকলেও গ্যাস, কয়লা ও তেল সংকটের কারণে অনেক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হয় না। ফলে গ্রীষ্মকালে গড়ে আড়াই থেকে তিন হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হয়। অন্যদিকে চড়া দামে জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে গিয়ে বাড়ছে সরকারের আর্থিক চাপ। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পরও ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশীয় গ্যাসের ক্রমহ্রাসমান উৎপাদন। সব মিলিয়ে বিদ্যুৎ খাতের ব্যয় ও আমদানিনির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎকে কার্যকর বিকল্প হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রচলিত বিদ্যুতের চেয়ে অনেক সাশ্রয়ী সৌরশক্তি
বর্তমানে শিল্পকারখানায় দিনের বেলায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১২ টাকা ৭৩ পয়সা থেকে ১২ টাকা ৮৫ পয়সা পর্যন্ত। রাতে সর্বোচ্চ চাহিদার সময় এই দাম প্রায় ১৬ টাকায় পৌঁছায়। বিপরীতে ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হচ্ছে মাত্র ৪ থেকে ৭ টাকা। অর্থাৎ প্রচলিত গ্রিডের বিদ্যুতের তুলনায় সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যয় অর্ধেকেরও কম হতে পারে।

সংশ্লিষ্টদের হিসাবে, একটি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের অর্থ সাধারণত চার বছরের মধ্যেই উঠে আসে। এরপর রক্ষণাবেক্ষণে তুলনামূলক সামান্য ব্যয় করে আরও ২০ থেকে ২৫ বছর বিদ্যুৎ পাওয়া সম্ভব। তবে বিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যাটারি যুক্ত করা হলে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ও উৎপাদন ব্যয় কিছুটা বেড়ে যায়। তারপরও দীর্ঘমেয়াদি বিবেচনায় সৌরবিদ্যুৎকে লাভজনক মনে করছেন উদ্যোক্তারা।

অন্যদিকে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ২৮ টাকার বেশি। কয়লাভিত্তিক বিদ্যুতের উৎপাদন ব্যয় প্রায় ১৫ টাকা। এসব জ্বালানির ব্যবহার পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। গ্যাসভিত্তিক বিদ্যুতের উৎপাদন ব্যয় তুলনামূলক কম হলেও আমদানি করা উচ্চমূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহার করলে ব্যয় বেড়ে যায়। সেই তুলনায় সৌরবিদ্যুৎ উৎপাদনে কোনো জ্বালানি আমদানি করতে হয় না। সূর্যের আলো ব্যবহার করেই দীর্ঘ সময় বিদ্যুৎ উৎপাদন করা যায়।

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো এবং বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা আনতে ২০৩০ সালের মধ্যে নতুন করে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়েছে সরকার। এ পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পকে। শিল্পকারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আবাসিক ভবনের ছাদ ব্যবহার করে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে বেশ কিছু নীতিগত সুবিধাও দেওয়া হয়েছে। ‘সোলার নেট মিটারিং’ ব্যবস্থার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে গ্রাহকের উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকা দরে কেনার ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে যেসব প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করবে, তারা অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আর্থিক সুবিধা পাবে।

আগে সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে ১৪ দশমিক ৫ শতাংশ থেকে ৭৪ শতাংশ পর্যন্ত শুল্ক ও কর দিতে হতো। এখন তা কমিয়ে ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ব্যয় কমার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে বিদ্যুৎ কেনাবেচার সুযোগ রেখে মার্চেন্ট পাওয়ার পলিসির অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শুধু নিজস্ব ব্যবহারের জন্য নয়, বাণিজ্যিকভাবেও সৌরবিদ্যুৎ উৎপাদন ও বিক্রির সুযোগ তৈরি হচ্ছে।

আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের আশা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে যন্ত্রাংশ আমদানিতে কর ছাড়সহ বিভিন্ন ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। এ খাতে বিনিয়োগ আরও সহজ করতে বাংলাদেশ ব্যাংক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুতের চাহিদার একটি অংশ পর্যায়ক্রমে নিজস্ব সৌরবিদ্যুৎ থেকে মেটানোর পরিকল্পনা রয়েছে। আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুতের মাধ্যমে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন শিল্পকারখানায় ৬০০ মেগাওয়াটের বেশি ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দিনের বেলায় জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। বিশেষ করে শিল্পকারখানাগুলো নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারলে দিনের সর্বোচ্চ চাহিদার সময় প্রচলিত বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতাও বাড়তে পারে।

বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোয় বাড়ছে সৌরবিদ্যুৎ বিনিয়োগ
সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় কম হওয়ায় দেশের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে। বিশেষ করে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে আগের তুলনায় বেশি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের বিনিয়োগকারীরাও নতুন করে সম্ভাবনা খতিয়ে দেখছেন।

দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী আকিজবশির গ্রুপের কারখানাগুলোয় বর্তমানে প্রায় ৯০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। প্রতিষ্ঠানটি আরও ৫০ মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার কাজ করছে। মেঘনা গ্রুপ ইতোমধ্যে ৬৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন করেছে। পাশাপাশি আরও ৪০ দশমিক ৫ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

প্রাণ-আরএফএলের বিভিন্ন কারখানার ছাদে স্থাপন করা হয়েছে ৩৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা। আরও অন্তত ৩৫ মেগাওয়াট সক্ষমতা যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিদ্যুতের চাহিদার বড় অংশ সৌরশক্তি থেকে পূরণ করা সম্ভব হবে।

ছাদ থেকে জলাশয়—সব জায়গায় সৌরবিদ্যুতের ব্যবহার
গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাইটেক পার্কেও সৌরবিদ্যুতের ব্যাপক ব্যবহার শুরু হয়েছে। সেখানে ইতোমধ্যে ৩২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও ১৮ মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটির কারখানার ছাদ, হাঁটার পথ, গাড়ি রাখার জায়গা এমনকি জলাশয়েও সৌরবিদ্যুতের প্যানেল বসানো হয়েছে।

এখানেই রয়েছে ২ দশমিক ২৫ মেগাওয়াট ক্ষমতার একটি ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্র, যা দেশের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত। সাধারণত সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য বড় জমির প্রয়োজন হয়। কিন্তু ভাসমান সৌরবিদ্যুৎ ব্যবস্থায় জলাশয়ের ওপর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এতে কৃষিজমি বা মূল্যবান জমির ব্যবহার এড়ানো সম্ভব হয়।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানি করে নিজেরাই স্থাপন করায় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হচ্ছে ৩ থেকে ৪ টাকা। ভবিষ্যতে ব্যাটারিসহ সৌরবিদ্যুতের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম নিজস্ব কারখানায় তৈরির প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়িত হলে আমদানিনির্ভরতা আরও কমবে এবং সৌরবিদ্যুৎ খাতের স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়বে।

আবুল খায়ের স্টিল, হা-মীম গ্রুপ, বিএসআরএম, ইয়াংওয়ান গ্রুপ, প্যাসিফিক জিন্স, টিম গ্রুপ, ডিবিএল গ্রুপ ও রাইজিং গ্রুপসহ দেশের বিভিন্ন বড় শিল্পপ্রতিষ্ঠানও সৌরবিদ্যুতে বিনিয়োগ বাড়াচ্ছে। শিল্পকারখানার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিপর্যায়েও সৌরবিদ্যুৎ স্থাপনের প্রবণতা বাড়ছে।

বিশ্ববিদ্যালয়ের ছাদেও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে এ ধরনের প্রকল্প স্থাপন করা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ মেগাওয়াট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২ দশমিক ৪ মেগাওয়াট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভবনের ছাদে ১ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে।

দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৮টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৬টি। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তত ৫০টির বড় ক্যাম্পাস রয়েছে। আয়তন ও ভবনের ছাদের পরিমাণ বিবেচনায় এসব প্রতিষ্ঠানে গড়ে ১ থেকে ৪ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগানো গেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি জাতীয় বিদ্যুৎ সরবরাহেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

জ্বালানি আমদানিতে বছরে ব্যয় ১২ বিলিয়ন ডলার
বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বাংলাদেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। বেসরকারি সংস্থা ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদীর মতে, দেশে বছরে জ্বালানি আমদানিতে প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয় হয়। এর ফলে একদিকে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হচ্ছে।

তিনি জানান, গত দুই দশকে বিদ্যুৎকেন্দ্রের কেন্দ্রভাড়া বাবদ প্রায় ১৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এই বিপুল অর্থ দিয়ে প্রায় ৩২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব ছিল। অর্থাৎ দীর্ঘমেয়াদে পরিকল্পিতভাবে সৌরবিদ্যুতে বিনিয়োগ করা গেলে বিদ্যুৎ খাতের ব্যয় কমানোর পাশাপাশি আমদানিনির্ভরতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যেত।

হাসান মেহেদী আরও বলেন, সরকার ঘোষিত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা পূরণ হলে আবাসিক খাতে প্রায় পৌনে তিন লাখ এবং বাণিজ্যিক খাতে প্রায় এক লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। একই সঙ্গে প্রায় ১ লাখ ২৭ হাজার ২০০ টন কার্বন নিঃসরণ কমানোর সুযোগ তৈরি হবে। ফলে সৌরবিদ্যুৎ শুধু জ্বালানি সংকট মোকাবিলার উপায় নয়, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জেই ১০ হাজার মেগাওয়াটের বেশি সম্ভাবনা
বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা কতটা বিস্তৃত, তা উঠে এসেছে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান নিও বিভির এক সমীক্ষায়। সমীক্ষায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ শহর এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্পকারখানা এবং সরকারি ভবনের ছাদ ব্যবহার করে ১০ হাজার ৫৯০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা বলা হয়েছে।

এ হিসাব বাস্তবায়িত হলে শুধু এই তিনটি শহর থেকেই বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোয় বড় বড় কারখানার ছাদ ব্যবহার করে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমানো যেতে পারে। একই সঙ্গে আবাসিক ভবন ও সরকারি স্থাপনাগুলোয় সৌরবিদ্যুৎ বসানো গেলে শহরাঞ্চলের বিদ্যুৎ চাহিদার একটি অংশ স্থানীয়ভাবেই পূরণ করা সম্ভব হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৬ লাখ একর খাসজমি এবং প্রায় ১৮ লাখ একর অকৃষিজমি রয়েছে। এসব জমির মধ্যে চরাঞ্চলের ৩০ হাজার একর জমি ব্যবহার করেই ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নিজস্ব প্রায় ছয় হাজার একর জমিও সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজে ব্যবহার করা যেতে পারে।

মানহীন প্যানেল ও যন্ত্রাংশ নিয়ে সতর্কতা
সৌরবিদ্যুতের সম্ভাবনা বাড়লেও এ খাতে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে আমদানি করা সৌর প্যানেল ও অন্যান্য যন্ত্রাংশের গুণগত মান নিশ্চিত করা জরুরি। নিম্নমানের পণ্য ব্যবহার করা হলে বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা কমে যেতে পারে। পাশাপাশি দীর্ঘমেয়াদে যন্ত্রপাতির স্থায়িত্ব ও রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়েও সমস্যা তৈরি হতে পারে।

একশনএইড বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ জানান, অতীতে চীন থেকে নিম্নমানের ও পুরোনো সৌর প্যানেল আমদানি করে ব্যবহারের নজির রয়েছে। আবার বিদ্যুৎ সংযোগ পাওয়ার উদ্দেশ্যে অনেক গ্রাহক সাময়িকভাবে ভাড়া করা সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছিলেন। এসব কারণে কারও কারও মধ্যে সৌরবিদ্যুৎ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তবে বর্তমানে প্রযুক্তির উন্নয়ন ও মানসম্পন্ন যন্ত্রাংশের ব্যবহার বাড়ায় পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে।

তিনি মনে করেন, সৌরবিদ্যুতের প্রসার টেকসই করতে হলে আমদানি করা যন্ত্রপাতির মান যাচাইয়ের ব্যবস্থা জোরদার করতে হবে। এ জন্য চট্টগ্রাম বন্দরে স্বল্প ব্যয়ে একটি পরীক্ষাগার বা ল্যাব স্থাপন করা প্রয়োজন। সেখানে আমদানি করা সৌর প্যানেল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পরীক্ষা করে মান নিশ্চিত করা গেলে নিম্নমানের পণ্য বাজারে প্রবেশের ঝুঁকি কমবে।

বিক্ষিপ্ত উদ্যোগ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা
বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদের মতে, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের উদ্যোগ ইতিবাচক হলেও এসব উদ্যোগকে আরও পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি করতে হবে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। বরং একটি সুস্পষ্ট জাতীয় পরিকল্পনার আওতায় জমি নির্বাচন, বিনিয়োগ, প্রযুক্তি, যন্ত্রাংশের মান এবং বিদ্যুৎ সরবরাহব্যবস্থার সমন্বয় করতে হবে।

তার মতে, সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি নীতিগত নিশ্চয়তা প্রয়োজন। কারণ এ ধরনের প্রকল্পে প্রাথমিক বিনিয়োগের পর দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। নীতিমালা ও সুবিধার ক্ষেত্রে ঘন ঘন পরিবর্তন হলে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যেতে পারে। তাই সরকারের নেওয়া উদ্যোগগুলোকে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা জরুরি।

অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইএফএ) জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম মনে করেন, সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যাটারি সংযোজন করলে উৎপাদন ব্যয় বেড়ে যায়। তাই শুরুতেই ব্যাটারিনির্ভর ব্যবস্থার ওপর অতিরিক্ত গুরুত্ব না দিয়ে দিনের বেলায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্তত দিনের বেলায় লোডশেডিং শূন্যে নামানোর নিশ্চয়তা দেওয়া গেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা আরও বাড়বে।

লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে বাংলাদেশ, এগিয়েছে প্রতিবেশীরা
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে দীর্ঘদিন ধরেই ঘাটতি রয়েছে। গত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজনীয় বিনিয়োগ ও উদ্যোগ যথেষ্ট ছিল না।

২০২১ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। পরে ২০২৫ সালের মধ্যে একই লক্ষ্যমাত্রা পূরণের কথা বলা হলেও সেটিও বাস্তবায়িত হয়নি। ফলে নতুন করে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরির লক্ষ্য সামনে এসেছে।

তবে এ ক্ষেত্রে প্রতিবেশী ও এশিয়ার কয়েকটি দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের সৌরবিদ্যুৎ খাতের দ্রুত সম্প্রসারণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে।

সৌরবিদ্যুতে পাকিস্তানের সাফল্য, সাশ্রয় ১২ বিলিয়ন ডলার
সৌরবিদ্যুৎ উৎপাদনে সাম্প্রতিক বছরগুলোয় বড় অগ্রগতি দেখিয়েছে পাকিস্তান। ২০১৮ সালে দেশটিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ শুরু হয়। এরপর আট বছরের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিস্তারের কারণে তেল ও গ্যাস আমদানিতে ১২ বিলিয়ন ডলারের বেশি সাশ্রয় হয়েছে। চলতি বছর শেষে সাশ্রয়ের পরিমাণ আরও ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার বাড়তে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে।

২০১৮ সালে পাকিস্তানের সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র ১ গিগাওয়াট বা এক হাজার মেগাওয়াট। চলতি বছরের শুরুতে তা বেড়ে ৫১ গিগাওয়াটে পৌঁছেছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটির তেল ও গ্যাস আমদানিও ৪০ শতাংশ কমেছে। সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণের ফলে দিনের বেলায় বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়েছে।

ভারত ও ভিয়েতনামেও দ্রুত বাড়ছে সৌরবিদ্যুৎ
সৌরবিদ্যুৎ উৎপাদনে ভারতের অগ্রগতিও উল্লেখযোগ্য। ২০১৪ সালে দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল ২ দশমিক ৮২ গিগাওয়াট। গত মার্চ পর্যন্ত তা বেড়ে ১৫০ দশমিক ২৬ গিগাওয়াটে দাঁড়িয়েছে। বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে দেশটি ৩০ হাজার থেকে ৭৮ হাজার রুপি পর্যন্ত প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি সৌরচালিত সেচযন্ত্র স্থাপনে ৭০ শতাংশ পর্যন্ত সহজ শর্তে ব্যাংকঋণের সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে ভিয়েতনামও অল্প সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় সাফল্য অর্জন করেছে। ২০১৮ সালে দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র ৮৬ মেগাওয়াট। সাত বছরের ব্যবধানে তা বেড়ে ২০ হাজার মেগাওয়াটে পৌঁছেছে।

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তিই হতে পারে বড় ভরসা
বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলছে, সঠিক পরিকল্পনা, বিনিয়োগবান্ধব নীতিমালা এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে অল্প সময়ের মধ্যেই সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। বাংলাদেশের ক্ষেত্রেও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্র, সরকারি জমি এবং অনাবাদি জমি ব্যবহারের মাধ্যমে বড় সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে শুধু উৎপাদন সক্ষমতা বাড়ালেই হবে না। উৎপাদিত বিদ্যুতের কার্যকর ব্যবহার, গ্রিডে সংযোগ, মানসম্পন্ন যন্ত্রাংশের সরবরাহ, সহজ অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি নীতিগত নিশ্চয়তাও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দিনের বেলায় সৌরবিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনকে কাজে লাগানোর জন্য বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।

জ্বালানি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয়, দেশীয় গ্যাসের সীমিত মজুত এবং পরিবেশদূষণের ঝুঁকি বিবেচনায় সৌরবিদ্যুৎ বাংলাদেশের জন্য শুধু বিকল্প কোনো জ্বালানি নয়, বরং ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে। এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, ঘোষিত পরিকল্পনাকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়া এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা।

কালের আলো/এসএ/জেএন

Link copied!