Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৩৯ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৩৯ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনরায় তুলে ধরেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ অবস্থান জানান।

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার আহ্বান

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নীতিগত অবস্থানে অটল রয়েছে।

তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবসের গুরুত্ব আরও বেড়েছে।

ফিলিস্তিনিদের ওপর হামলা ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং জরুরি পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি কার্যকর ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

এ সময় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের বিষয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দখলদার শক্তির দায়িত্ব রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক জনগণকে অনাহারে রাখাও নিষিদ্ধ।

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ ও দখলদারত্বের অবসানের দাবি

বার্তায় ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করা এবং দখলদারত্বের অবসানের আহ্বান জানান তারেক রহমান।

একই সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পূর্বে ধারণ করা বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার প্রস্তাব গৃহীত হওয়াকে স্বাগত জানান তিনি।

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনে সমর্থন

গাজায় জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এ মিশনের সুস্পষ্ট দায়িত্বের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতা অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন।

ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তর্জাতিক অঙ্গীকারকে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে।

এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণ যেন নিজস্ব স্বাধীন ভূখণ্ডে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাস করতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!