এলপিজির বাজারে অস্থিরতার মধ্যে এবার আমদানিকারক পর্যায়েই নির্ধারিত মূল্যের ব্যত্যয়ের অভিযোগ উঠেছে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের বিরুদ্ধে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বেঁধে দেওয়া দামের তোয়াক্কা না করে ১২ কেজির এলপিজি সিলিন্ডার পরিবেশকদের কাছে ২১৫ থেকে ২৮৫ টাকা বেশি দামে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। আমদানিকারকের কাছেই বাড়তি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন পরিবেশকরা। এর সরাসরি প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। অথচ এমন অভিযোগের পরও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার দৃশ্যমান কোনো পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।
- বিইআরসির নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির সিলিন্ডারে ২৮৫ টাকা পর্যন্ত বেশি আদায়
- আমদানি না করেই অন্যের গ্যাস বিক্রি
- বাড়তি দামের বোঝা ভোক্তার
বিইআরসি নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ২ হাজার ৬০ টাকা। এই দামের মধ্যেই আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতার কমিশন অন্তর্ভুক্ত। কমিশনের নির্ধারিত মূল্য কাঠামো অনুযায়ী, পরিবেশকের কাছে সিলিন্ডার পৌঁছে দিয়ে আমদানিকারকের পাওয়ার কথা ১ হাজার ৯০৫ টাকা। কিন্তু জেএমআই সেই দামের ধারেকাছেও নেই।
প্রতিষ্ঠানটির একজন পরিবেশকের সরবরাহ করা চলতি মাসের চালানের তথ্যে দেখা যায়, মাসের শুরুর দিকে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের জন্য জেএমআই নিয়েছে ২ হাজার ১৯০ টাকা। অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে ২৮৫ টাকা বেশি। দ্বিতীয় সপ্তাহে বিক্রয়মূল্য কমিয়ে ২ হাজার ১২০ টাকা করা হলেও অতিরিক্ত আদায় বন্ধ হয়নি। তখনও প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ২১৫ টাকা বেশি নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রশ্ন উঠেছে, যে প্রতিষ্ঠানের দায়িত্ব বাজারে এলপিজি সরবরাহ করা, সেই প্রতিষ্ঠানই যদি সরকারের নির্ধারিত মূল্য কাঠামো ভেঙে ব্যবসা করে, তাহলে ভোক্তা পর্যায়ে দাম নিয়ন্ত্রণ করবে কে? আমদানিকারকের কাছ থেকে বাড়তি দামে সিলিন্ডার কিনে পরিবেশকদের পক্ষে নির্ধারিত দামে বিক্রি করা কঠিন। ফলে নিয়ন্ত্রক সংস্থার ঘোষণা কাগজে থাকলেও বাজারে তার প্রতিফলন মিলছে না।
আমদানি করে না, তবু বাজারে বড় বিক্রেতা
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আর্থিক সংকটে থাকা জেএমআই নিজে এলপিজি আমদানি না করে দেশের অন্যান্য আমদানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে গ্যাস কিনে বাজারজাত করছে। অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে গ্যাস সংগ্রহ করার কারণে তাদের ক্রয়মূল্য বেশি পড়ছে। সেই বাড়তি ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে পরিবেশকদের ওপর, শেষ পর্যন্ত যা গড়াচ্ছে ভোক্তার ঘাড়ে।
এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ে একাধিকবার আলোচনা ও বৈঠক হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বরং সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান নিজেরা আমদানি করে না, তারা গ্যাস না পেলে কী করবে। সংশ্লিষ্টদের অভিযোগ, এ ধরনের যুক্তিতে জেএমআইয়ের মতো প্রতিষ্ঠানের অনিয়মকে কার্যত প্রশ্রয় দেওয়া হচ্ছে। একইভাবে অন্য যেসব প্রতিষ্ঠান বাজারে অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান দেখা যাচ্ছে না।
এলপিজি খাতসংশ্লিষ্টদের দাবি, বড় আমদানিকারকদের কাছে দেড় কোটির বেশি সিলিন্ডার রয়েছে। অথচ এসব প্রতিষ্ঠানের আমদানি কার্যক্রমে স্থবিরতা তৈরি হওয়ায় বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফলে যারা আমদানি না করে অন্যের কাছ থেকে গ্যাস সংগ্রহ করে ব্যবসা করছে, তারাও বাড়তি দামে বিক্রির সুযোগ পাচ্ছে।
সিলিন্ডার বদলানোর সামর্থ্য নেই গ্রাহকের
এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, মন্ত্রণালয়ে এলপিজির দাম নিয়ন্ত্রণ নিয়ে বৈঠকে তারা বিষয়টি তুলেছেন। কিন্তু সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, যারা আমদানি করে না, তারা কী করবে? অন্য আমদানিকারকদের কাছ থেকে গ্যাস কিনে বিক্রি করায় তাদের দাম বেড়ে যাচ্ছে।
তাঁর অভিযোগ, সরকার এ বিষয়ে কঠোর হচ্ছে না। অথচ জেএমআইয়ের সিলিন্ডার ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিকল্প নেওয়াও সহজ নয়। অন্য কোম্পানির গ্যাস ব্যবহার করতে হলে নতুন করে সিলিন্ডার কিনতে হয়। ফলে একদিকে বাড়তি দাম, অন্যদিকে সিলিন্ডার পরিবর্তনের খরচ—দুই দিক থেকেই চাপে পড়ছেন গ্রাহকরা।
বড় আমদানিকারকদের নিষ্ক্রিয়তায় বাড়ছে সংকট
এলপিজি খাতের সংকটের পেছনে বড় আমদানিকারকদের আর্থিক দুরবস্থাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময়ে বড় আমদানিকারকদের কেউ কেউ ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা ব্যবসার বাইরে অন্য খাতে ব্যয় করেছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে হস্তক্ষেপের পর তারা আমদানি ও ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করে।
বর্তমানে সরকার এলপিজি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন দিলেও পর্যাপ্ত নগদ অর্থের অভাবে অনেক প্রতিষ্ঠান নগদ অর্থে এলসি খুলতে পারছে না বলে দাবি সংশ্লিষ্টদের। এতে আমদানি কমছে, সরবরাহব্যবস্থায় তৈরি হচ্ছে চাপ। আর সেই সংকটের সুযোগে বাজারে বাড়তি দামে এলপিজি বিক্রির প্রবণতা বাড়ছে।
বিইআরসির ভূমিকা নিয়েই প্রশ্ন
এলপিজির দাম নির্ধারণের পাশাপাশি আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতার বিক্রয়মূল্যও নির্ধারণ করে দেয় বিইআরসি। ফলে আমদানিকারক পর্যায়ে নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ সরাসরি কমিশনের নজরদারির আওতায় পড়ার কথা। কিন্তু জেএমআইয়ের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। এমনকি প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েও সাড়া মেলেনি। পরে কমিশনের সদস্য (গ্যাস) মিজানুর রহমানকে বিষয়টি জানানো হলে তিনি অভিযোগটি দেখবেন বলে আশ্বাস দেন।
জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের কাছেও আনুষ্ঠানিক বক্তব্য জানতে প্রশ্ন পাঠানো হয়েছিল। তবে তিনিও কোনো জবাব দেননি।
এলপিজির বাজারে এখন ভোক্তাদের প্রশ্ন একটাই—সরকার যখন দাম নির্ধারণ করে দিয়েছে, তখন সেই দামের চেয়ে বেশি অর্থ নেওয়ার অধিকার আমদানিকারককে কে দিল? আমদানিকারক পর্যায়েই যদি বাড়তি দাম আদায় হয়, তাহলে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা কতটা কার্যকর হবে? জেএমআইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুধু একটি প্রতিষ্ঠানের মূল্য অনিয়মের বিষয় নয়, এটি এলপিজি বাজারে নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতারও বড় উদাহরণ।
কালের আলো/ওয়াইএ/জেএন



















