ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ স্থায়ীভাবে বন্ধ করতে তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর লক্ষ্য, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে প্রেসিডেন্টই আসুন না কেন, কোনো প্রশাসন যেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে না পারে।
শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। ইরানের সঙ্গে অতীতের চুক্তি লঙ্ঘনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, চুক্তি করার পরদিনই ইরান তা ভেঙে ফেলে।
ট্রাম্প বলেন, আগামী বছরগুলোতে হোয়াইট হাউসে যিনিই আসুন, যেকোনো নতুন চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আমি যা করছি, তা হলো আগামী চার বছর, ১৫ বছর বা ২০ বছর পর যদি কোনো অযোগ্য প্রেসিডেন্টও ক্ষমতায় আসেন, তবু যেন বর্তমানের এই স্থায়ী চুক্তির বাইরে গিয়ে নতুন কিছু করতে না পারেন, সেই ব্যবস্থা পাকাপোক্ত করা।’
ভবিষ্যতের কোনো মার্কিন প্রশাসন যাতে বর্তমান নীতি থেকে সরে এসে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারে, সে বিষয়েও জোর দেন তিনি।
ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের মন্তব্য
সাক্ষাৎকারে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে ওয়াশিংটন—এমন ধারণা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, তাঁর প্রশাসন ইতোমধ্যে ইরানের পর্যায়ক্রমিক নেতৃত্বের সঙ্গে কাজ করেছে।
ট্রাম্প বলেন, ‘আমরা এখন তৃতীয় পক্ষের সঙ্গে কাজ করছি। তাই আপনি একে চূড়ান্ত সরকার পরিবর্তনও বলতে পারেন।’
ইরানের বর্তমান নেতৃত্বকে আগের তুলনায় ‘সম্ভবত বেশি যৌক্তিক’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এখনো কঠিন বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি
কালের আলো/এএএন/জেএন















-20261121140412.jpg)
-20261119145050.jpg)



