বাংলাদেশে নীরবে বাড়ছে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ। আক্রান্তদের বড় একটি অংশ জানেনই না তাঁদের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস বাসা বেঁধেছে। দীর্ঘদিন কোনো উপসর্গ ছাড়াই শরীরে সক্রিয় থাকতে পারে ভাইরাস দুটি। একপর্যায়ে লিভারের দীর্ঘমেয়াদি ক্ষতি, সিরোসিস কিংবা ক্যান্সার দেখা দিলে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটতে হয় অনেককে। অথচ শুরুতেই সংক্রমণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া গেলে এসব জটিলতা ও মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট ২০২৪’ অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ৮৩ লাখ। এর মধ্যে হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন প্রায় ৭২ লাখ এবং হেপাটাইটিস সি-তে আক্রান্ত ছিলেন ১০ লাখ ২০ হাজার মানুষ। দুই ধরনের সংক্রমণ মিলিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম। বিশ্বে মোট হেপাটাইটিস বি ও সি সংক্রমণের ২ দশমিক ৭ শতাংশই ছিল বাংলাদেশে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের অধিকাংশই রোগ শনাক্তের বাইরে রয়েছেন। ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শেষ নাগাদ দেশে হেপাটাইটিস বি আক্রান্তদের মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ শনাক্ত হয়েছিলেন। অর্থাৎ প্রতি হাজারে শনাক্ত হয়েছিলেন মাত্র ছয়জন। তাঁদের মধ্যে চিকিৎসার আওতায় ছিলেন আরও কম, আক্রান্তদের মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ।
অন্যদিকে হেপাটাইটিস সি আক্রান্তদের ২৬ শতাংশ শনাক্ত হলেও চিকিৎসা নিচ্ছিলেন মাত্র ৮ শতাংশ। ফলে বিপুলসংখ্যক মানুষ সংক্রমণ নিয়ে বসবাস করলেও প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের বাইরে থেকে যাচ্ছেন।
বছরে ৩১ হাজারের বেশি মানুষের মৃত্যু
হেপাটাইটিস বি ও সি শুধু লিভারের প্রদাহ সৃষ্টি করে না, দীর্ঘমেয়াদে প্রাণঘাতী জটিলতারও কারণ হতে পারে। ডব্লিউএইচওর হিসাব অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে নতুন করে হেপাটাইটিস বি ভাইরাসে সংক্রমিত হন প্রায় ১৬ হাজার মানুষ। একই সময়ে হেপাটাইটিস সি ভাইরাসে নতুন সংক্রমণ ছিল প্রায় ১৭ হাজার।
এদিকে ওই বছর হেপাটাইটিস বি-জনিত কারণে আনুমানিক ২৭ হাজার ৭৬১ জন এবং হেপাটাইটিস সি-জনিত কারণে ৩ হাজার ৩৫১ জনের মৃত্যু হয়। দুই ভাইরাসের কারণে এক বছরেই দেশে ৩১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি ও সি সংক্রমণ চলতে থাকলে লিভারের কোষে প্রদাহ ও ক্ষতি তৈরি হয়। ধীরে ধীরে লিভারে ফাইব্রোসিস এবং একপর্যায়ে সিরোসিস হতে পারে। হেপাটাইটিস বি সংক্রমণে সিরোসিস ছাড়াও সরাসরি লিভার ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে হেপাটাইটিস সি সংক্রমণে সিরোসিস হলে ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায়।
লিভার ক্যান্সারের বড় কারণ দুই ভাইরাস
দেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লিভার ক্যান্সারের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশের সঙ্গে এ দুই ভাইরাসের সম্পর্ক রয়েছে। অর্থাৎ লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে দীর্ঘমেয়াদি ভাইরাল সংক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লিভার রোগের কারণ, মৃত্যুর চিত্র ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে ২০২০ সালে ‘দ্য ল্যানসেট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি’ সাময়িকীতে ‘লিভার ডিজিজেস ইন দ্য এশিয়া-প্যাসিফিক রিজিয়ন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশে লিভার ক্যান্সারে আনুমানিক ২ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে হেপাটাইটিস বি-জনিত লিভার ক্যান্সারে মারা যান ১ হাজার ৩২৬ জন, যা মোট মৃত্যুর ৪৫ দশমিক ৩ শতাংশ। আর হেপাটাইটিস সি-জনিত লিভার ক্যান্সারে মারা যান ৯২৬ জন বা ৩১ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ ওই বছর লিভার ক্যান্সারে মৃত্যুর প্রায় ৭৭ শতাংশের সঙ্গে এ দুই ভাইরাসের সংক্রমণ জড়িত ছিল।
একই প্রতিবেদনে বলা হয়, লিভার সিরোসিস ও অন্যান্য দীর্ঘমেয়াদি লিভার রোগে মৃত্যুর ৪৮ দশমিক ১ শতাংশের জন্য দায়ী ছিল হেপাটাইটিস বি এবং ২৯ দশমিক ৯ শতাংশের জন্য হেপাটাইটিস সি।
লিভারের নিজস্ব কোষ থেকে সৃষ্ট সবচেয়ে সাধারণ ক্যান্সার হেপাটোসেলুলার কার্সিনোমা। বাংলাদেশের হাসপাতালভিত্তিক গবেষণায় দেখা গেছে, এ ধরনের ক্যান্সারের ৬৫ শতাংশের সঙ্গে হেপাটাইটিস বি এবং ১৭ শতাংশের সঙ্গে হেপাটাইটিস সি সংক্রমণের সম্পর্ক রয়েছে। লিভার সিরোসিসের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৬০ ও ৩০ শতাংশ।
প্রতিবেদনে হেপাটাইটিস বি নির্মূলের পথে কয়েকটি বাধার কথাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে লিভার বিশেষজ্ঞের স্বল্পতা, পরীক্ষাগারের সীমিত সুবিধা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব।
গবেষণায়ও উঠে এসেছে হেপাটাইটিস বি-এর প্রভাব
চলতি বছর ‘জার্নাল অব মেডিসিন, সার্জারি অ্যান্ড পাবলিক হেলথ’-এ প্রকাশিত আরেকটি গবেষণায় লিভার ক্যান্সারের প্রধান কারণ হিসেবে হেপাটাইটিস বি সংক্রমণের বিষয়টি উঠে এসেছে।
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইয়াসির আরাফাত ও তাঁর সহকর্মীরা ২৪৫ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালনা করেন।
গবেষণায় দেখা যায়, রোগীদের ৬৯ দশমিক ৮ শতাংশের ক্ষেত্রে লিভার ক্যান্সারের কারণ ছিল হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ। আরও উদ্বেগজনক বিষয় হলো, রোগীদের ৬৯ শতাংশের ক্যান্সার শনাক্ত হয় অগ্রসর পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছিলেন মাত্র ৬ দশমিক ৯ শতাংশ রোগী।
বিশেষজ্ঞদের মতে, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে ঘাটতি থাকায় অনেক রোগী চিকিৎসার গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলেন। নিয়মিত পরীক্ষা এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের পর্যবেক্ষণের আওতায় আনা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
উপসর্গ না থাকায় বাড়ছে অজান্তে সংক্রমণ
হেপাটাইটিস বি ও সি সংক্রমণের অন্যতম বিপজ্জনক দিক হলো, প্রাথমিক পর্যায়ে অধিকাংশ রোগীর শরীরে স্পষ্ট কোনো উপসর্গ দেখা যায় না। ফলে আক্রান্ত ব্যক্তি বছরের পর বছর নিজের অজান্তেই ভাইরাস বহন করতে পারেন। এ সময় লিভারের ভেতরে ধীরে ধীরে ক্ষতি চলতে থাকলেও বাইরে থেকে তা বোঝার উপায় থাকে না।
লিভারের ক্ষতি বাড়তে শুরু করলে জন্ডিস, প্রস্রাবের রং গাঢ় হওয়া, ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব, শারীরিক দুর্বলতা এবং পেটের ডান পাশে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। রোগ আরও জটিল হলে পেট ফুলে যাওয়া এবং দ্রুত ওজন কমে যাওয়ার মতো লক্ষণও দেখা দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা না করে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পরীক্ষা করানো জরুরি। বিশেষ করে যাঁদের রক্ত গ্রহণের ইতিহাস রয়েছে, একই সুচ বা সিরিঞ্জ ব্যবহারের ঝুঁকি রয়েছে কিংবা পরিবারের কারও হেপাটাইটিস সংক্রমণ রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করা উচিত।
যেভাবে ছড়ায় হেপাটাইটিস বি ও সি
হেপাটাইটিস বি ও সি মূলত সংক্রমিত রক্তের মাধ্যমে ছড়ায়। একই সুচ বা সিরিঞ্জ একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার, জীবাণুমুক্ত না করা চিকিৎসা সরঞ্জাম, অনিরাপদ ট্যাটু বা শরীরে ছিদ্র করার সরঞ্জাম এবং অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে ভাইরাস দুটি ছড়াতে পারে। আক্রান্ত মা থেকেও শিশুর শরীরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে।
বিশেষ করে জন্মের সময় হেপাটাইটিস বি সংক্রমিত হলে শিশুর দীর্ঘমেয়াদি সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। পরবর্তী সময়ে সিরোসিস ও লিভার ক্যান্সারের আশঙ্কাও তৈরি হতে পারে।
এ কারণে গর্ভধারণের আগে অথবা গর্ভাবস্থায় মায়ের হেপাটাইটিস বি পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নবজাতককে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ দেওয়ার সুপারিশ করেছে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাকি ডোজ দিতে হবে। সংক্রমিত মায়ের নবজাতকের ক্ষেত্রে টিকার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
টিকা ও চিকিৎসায় কমানো সম্ভব সংক্রমণ
হেপাটাইটিস বি প্রতিরোধে কার্যকর টিকা রয়েছে। নির্ধারিত নিয়মে টিকা গ্রহণ করলে এ ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। অন্যদিকে হেপাটাইটিস সি-এর কোনো টিকা এখনো নেই। তবে নিরাপদ রক্ত পরিসঞ্চালন, জীবাণুমুক্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার এবং সংক্রমিত রক্তের সংস্পর্শ এড়িয়ে চলার মাধ্যমে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যায়।
হেপাটাইটিস বি শনাক্ত হলে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা জরুরি। ভাইরাসের সক্রিয়তা, হিমোগ্লোবিন নয় বরং লিভারের অবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষার ফল বিবেচনা করে চিকিৎসক অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নেন। এসব ওষুধ ভাইরাসের বংশবিস্তার নিয়ন্ত্রণ এবং লিভারের জটিলতার ঝুঁকি কমাতে সহায়তা করে। অনেক রোগীকে দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে হয়।
হেপাটাইটিস সি-এর ক্ষেত্রেও বর্তমানে কার্যকর অ্যান্টিভাইরাল চিকিৎসা রয়েছে, যার মাধ্যমে অধিকাংশ রোগীর শরীর থেকে ভাইরাস নির্মূল করা সম্ভব। তবে চিকিৎসার আগে পরীক্ষা করে সংক্রমণ নিশ্চিত করা এবং লিভারের অবস্থা মূল্যায়ন করা প্রয়োজন।
স্ক্রিনিং ও চিকিৎসা বাড়ানোর তাগিদ
দেশে হেপাটাইটিস বি ও সি নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদুল হকের মতে, হেপাটাইটিস নির্মূলে সরকার ও সাধারণ মানুষ উভয়কেই সচেতন হতে হবে।
তিনি মনে করেন, সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও বেশি প্রশিক্ষণের আওতায় আনতে হবে। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বিনা মূল্যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা চালু করা প্রয়োজন। একই সঙ্গে এসব রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম সাধারণ মানুষের নাগালে আনতে প্রয়োজনে ভর্তুকি দিতে হবে।
সংক্রমণের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী সম্পর্কে তিনি বলেন, বর্তমানে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেই সংক্রমণের ঝুঁকি রয়েছে। তবে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী এবং যৌনকর্মীরা তুলনামূলক বেশি ঝুঁকিতে রয়েছেন। এসব জনগোষ্ঠীকে নিয়মিত পরীক্ষার আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য
ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণে ২০২০-৩০ মেয়াদি জাতীয় কৌশলগত পরিকল্পনা রয়েছে সরকারের। ২০২৩ সালে শুরু হওয়া ‘ন্যাশনাল অপারেশন প্ল্যান ফর এলিমিনেশন অব ভাইরাল হেপাটাইটিস’ কর্মসূচিতে ২০৩০ সালের মধ্যে ভাইরাসজনিত হেপাটাইটিসকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ পরিকল্পনায় নতুন সংক্রমণ ৯০ শতাংশ এবং হেপাটাইটিসজনিত মৃত্যু ৬৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে। তবে লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আক্রান্তদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা।
বিশেষজ্ঞদের মতে, শুধু জাতীয় পরিকল্পনা গ্রহণ করলেই হেপাটাইটিস নির্মূল সম্ভব নয়। এর জন্য প্রত্যন্ত অঞ্চলে পরীক্ষার সুযোগ বাড়ানো, বিনা মূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা নিশ্চিত করা, নবজাতকের টিকাদান জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে নিয়মিত স্ক্রিনিং চালু করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, হেপাটাইটিস শনাক্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা। কারণ নীরবে শরীরে বাসা বাঁধা এই ভাইরাস একসময় লিভারের অপূরণীয় ক্ষতি এবং প্রাণঘাতী ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে।
কালের আলো/এসএ/এএএন
















-20261119145050.jpg)



