Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঙ্কেল, হ্যাপি বার্থ ডে’—শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১০:৫৩ এএম

রক্তস্বল্পতার নীরব বোঝা বইছেন নারীরা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১০:৫৩ এএম

রক্তস্বল্পতার নীরব বোঝা বইছেন নারীরা

নারীদের পুষ্টির ঘাটতি, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, অল্প বয়সে বিয়ে ও মাতৃত্বসহ নানা কারণে বাড়ছে রক্তস্বল্পতার ঝুঁকি। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবারের অন্য সদস্যদের তুলনায় নিজের খাবার ও স্বাস্থ্যের প্রতি নারীদের কম গুরুত্ব দেওয়ার প্রবণতা। ফলে পুরুষের তুলনায় নারীরা প্রায় দ্বিগুণ হারে রক্তস্বল্পতায় আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে গ্রামীণ নারীদের মধ্যে এ সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

চট্টগ্রাম বিভাগের চারটি গ্রামীণ ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিতে আসা প্রাপ্তবয়স্কদের ওপর পরিচালিত এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। গবেষণায় অংশ নেওয়া নারীদের ৭৭ দশমিক ৯ শতাংশের শরীরে রক্তস্বল্পতা পাওয়া গেছে। বিপরীতে পুরুষদের মধ্যে এ হার ৩৯ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ একই জনগোষ্ঠীতে পুরুষের তুলনায় নারীদের আক্রান্ত হওয়ার হার প্রায় দ্বিগুণ।

আন্তর্জাতিক সাময়িকী হেলথ সায়েন্স রিপোর্টসে গত ১০ অক্টোবর প্রকাশিত গবেষণাটিতে নারী-পুরুষ মিলিয়ে মোট ৪৫৯ জনের পরীক্ষার তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৫৯ দশমিক ৩ শতাংশই রক্তস্বল্পতায় ভুগছেন। আক্রান্তদের মধ্যে ২৭ শতাংশের রক্তস্বল্পতা মৃদু, ২৯ দশমিক ৬ শতাংশের মাঝারি এবং ২ দশমিক ৬ শতাংশের তীব্র পর্যায়ে রয়েছে। অর্থাৎ আক্রান্তদের প্রায় অর্ধেকই মাঝারি থেকে তীব্র রক্তস্বল্পতায় ভুগছেন।

গবেষণার ফলাফলে নারী ও পুরুষের মধ্যে রোগের তীব্রতার উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। পুরুষের তুলনায় নারীদের মৃদু রক্তস্বল্পতায় আক্রান্ত হওয়ার আপেক্ষিক ঝুঁকি ২ দশমিক ৫১ গুণ। মাঝারি মাত্রার রক্তস্বল্পতার ক্ষেত্রে এই ঝুঁকি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৩ গুণে। তীব্র রক্তস্বল্পতার ক্ষেত্রেও নারীদের ঝুঁকি বেশি। তবে এ পর্যায়ের রোগীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ঝুঁকির হিসাবটিতে অনিশ্চয়তা রয়েছে।

শুধু নারী-পুরুষের পার্থক্য নয়, শারীরিক ওজনের সঙ্গেও রক্তস্বল্পতার সম্পর্ক পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় কম ওজনের ব্যক্তিদের মাঝারি মাত্রার রক্তস্বল্পতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩ দশমিক ৪২ গুণ বেশি।

গবেষণাকালে চারটি গ্রামীণ ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিতে আসা ২ হাজার ১১৮ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিবেচনায় নেওয়া হয়। তবে যাদের হিমোগ্লোবিন পরীক্ষার ফল পাওয়া গেছে, এমন ৪৫৯ জনকে চূড়ান্ত বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে নারী ছিলেন ২৩৫ জন এবং পুরুষ ২২৪ জন।

গবেষকদের মতে, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে রক্তস্বল্পতা প্রতিরোধ ও চিকিৎসার উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে নারী-পুরুষের ঝুঁকির পার্থক্যকে বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পুষ্টি, স্বাস্থ্যসচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ বাড়ানো জরুরি।

কেন নারীদের মধ্যে বাড়ছে রক্তস্বল্পতা
নারীদের রক্তস্বল্পতার পেছনে শুধু পুষ্টিকর খাবারের অভাব নয়, বরং জীবনের বিভিন্ন পর্যায়ে শারীরিক চাহিদা বেড়ে যাওয়া এবং সেই অনুযায়ী পুষ্টি না পাওয়াও গুরুত্বপূর্ণ কারণ। মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, গর্ভাবস্থা ও সন্তান জন্মদানের সময় শরীর থেকে আয়রনসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায়। কিন্তু অনেক নারী প্রয়োজন অনুযায়ী খাবার গ্রহণ করতে পারেন না। ফলে শরীরে হিমোগ্লোবিন তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানের ঘাটতি দেখা দেয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মাহবুবা জামিলের মতে, বাংলাদেশের নারীদের রক্তস্বল্পতার অন্যতম কারণ অপুষ্টি, বাল্যবিয়ে ও অল্প বয়সে মাতৃত্ব। কম বয়সে বিয়ে এবং গর্ভধারণের কারণে শরীরে পুষ্টির চাহিদা বেড়ে যায়। অথচ সেই চাহিদা পূরণে প্রয়োজনীয় আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার অনেক নারী পান না। এতে রক্তস্বল্পতার ঝুঁকি তৈরি হয়।

তিনি মনে করেন, পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতার অভাবও সমস্যাটিকে বাড়িয়ে তুলছে। কোন খাবারে কী ধরনের পুষ্টি উপাদান রয়েছে, তা সম্পর্কে ধারণা থাকলে প্রয়োজন অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করা সম্ভব। এর মাধ্যমে রক্তস্বল্পতার ঝুঁকি অনেকাংশে কমানো যেতে পারে।

পুষ্টিকর খাবার মানেই দামি ফলমূল কিংবা ব্যয়বহুল খাদ্যসামগ্রী নয়। মাছ, মাংস ও ডিমের পাশাপাশি স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, পেঁপে ও কলার মতো খাবারও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। বাড়ির আঙিনা কিংবা আশপাশের পতিত জায়গায় শাকসবজি চাষ করেও পরিবারের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখা সম্ভব।

নারীদের নিজেদের খাবারের প্রতিও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তাঁর মতে, অনেক পরিবারে ভালো খাবার সন্তান, স্বামী কিংবা পরিবারের অন্য সদস্যদের জন্য সংরক্ষণ করা হলেও নারীরা নিজেরা প্রয়োজনীয় খাবার গ্রহণ করেন না। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিবারের সবার পুষ্টির পাশাপাশি নারীর নিজের পুষ্টির বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া জরুরি।

তবে গবেষণায় পাওয়া রক্তস্বল্পতার হার দেশের সব অঞ্চলের নারীদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয়। দীর্ঘমেয়াদি রোগ, সংক্রমণ কিংবা বংশগত কারণেও রক্তস্বল্পতা হতে পারে। তাই প্রত্যেক রোগীর ক্ষেত্রে রক্তস্বল্পতার প্রকৃত কারণ আলাদাভাবে নির্ণয় করা প্রয়োজন।

পরিবারের খাবারে বৈষম্য, উপেক্ষিত নারীর স্বাস্থ্য
নারীদের রক্তস্বল্পতার পেছনে পরিবারের খাদ্যাভ্যাস ও সামাজিক দৃষ্টিভঙ্গিরও বড় ভূমিকা রয়েছে। অনেক পরিবারে খাবার বণ্টনের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দেখা যায়। পরিবারের অন্য সদস্যদের পুষ্টির বিষয়টি গুরুত্ব পেলেও নারীরা নিজের প্রয়োজনকে প্রায়ই উপেক্ষা করেন।

প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর মতে, বিশেষ করে গ্রামীণ নারীদের মধ্যে পুষ্টিকর খাবার গ্রহণ এবং নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। পরিবারের অন্য সদস্যদের খাবারের বিষয়ে তাঁরা যতটা গুরুত্ব দেন, নিজের ক্ষেত্রে ততটা দেন না। অনেক মা সন্তান, স্বামী কিংবা পরিবারের অন্যদের ভালো খাবার দিতে গিয়ে নিজেদের প্রয়োজনের কথা ভুলে যান।

নারীদের অসুস্থতার বিষয়টিও অনেক সময় গুরুত্ব পায় না। অসুস্থ হলেও অনেকে চিকিৎসকের কাছে যেতে চান না। বিশেষ করে কৈশোরে মাসিকসংক্রান্ত সমস্যা দেখা দিলে লজ্জা ও সামাজিক সংকোচের কারণে অনেকেই তা গোপন করেন। ফলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি হয় এবং পরবর্তী সময়ে শারীরিক জটিলতা বাড়তে পারে।

পরিবারের মধ্যেই ছেলে ও মেয়ের খাবার গ্রহণে বৈষম্য তৈরি হওয়ার বিষয়টি উদ্বেগজনক। একই পরিবারের ছেলে ও মেয়ে থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে ছেলেকে তুলনামূলক ভালো খাবার দেওয়া হয়। অন্যদিকে মেয়ের পুষ্টির বিষয়টি উপেক্ষিত থাকে। শৈশব ও কৈশোরে পুষ্টির এমন ঘাটতি পরবর্তী সময়ে নারীর স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।

ডা. আবদুল্লাহর মতে, রক্তস্বল্পতা প্রতিরোধে শুধু নারী ও কিশোরীদের সচেতন করলেই হবে না, পরিবারের অন্য সদস্যদেরও দায়িত্ব নিতে হবে। নিয়মিত খাদ্যতালিকায় মাছ, মাংস, ডিম, ডাল, শাকসবজি ও আয়রনসমৃদ্ধ খাবার রাখতে হবে। পাশাপাশি আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি-যুক্ত ফল খেলে শরীরে আয়রন শোষণে সহায়তা করে।

বাল্যবিয়ে প্রতিরোধ ও নিরাপদ মাতৃত্ব জরুরি
কিশোরীদের পুষ্টি এবং প্রজননস্বাস্থ্য নিশ্চিত করাও রক্তস্বল্পতা প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ। অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণের ফলে একজন কিশোরীর শরীরকে নিজের বেড়ে ওঠার পাশাপাশি গর্ভস্থ সন্তানের পুষ্টির চাহিদাও পূরণ করতে হয়। এতে পুষ্টির ঘাটতি ও রক্তস্বল্পতার ঝুঁকি বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, বাল্যবিয়ে প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং এক সন্তান জন্মের পর পরবর্তী সন্তান নেওয়ার আগে পর্যাপ্ত সময়ের ব্যবধান রাখা প্রয়োজন। এতে মায়ের শরীর আগের গর্ভধারণ ও সন্তান জন্মদানের ধকল কাটিয়ে ওঠার সুযোগ পায়।

এ ছাড়া গ্রামীণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যকর্মী ও ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবার মাধ্যমে নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা জরুরি। বিশেষ করে কিশোরী, গর্ভবতী নারী ও সন্তান জন্ম দিয়েছেন এমন নারীদের পুষ্টি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

মাঝারি ও তীব্র রক্তস্বল্পতায় আক্রান্ত নারীদের দ্রুত উপযুক্ত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। শুধু আয়রন ট্যাবলেট বিতরণ নয়, বরং রোগের কারণ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা এবং চিকিৎসা-পরবর্তী পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ।

সব রক্তস্বল্পতার কারণ আয়রনের ঘাটতি নয়
রক্তস্বল্পতা বলতে সাধারণত রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে বোঝায়। শরীরের বিভিন্ন অঙ্গ ও কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য হিমোগ্লোবিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাত্রা কমে গেলে দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

আয়রনের ঘাটতি রক্তস্বল্পতার অন্যতম পরিচিত কারণ হলেও সব ক্ষেত্রে এর জন্য আয়রনের অভাব দায়ী নয়। ভিটামিন বি১২-এর ঘাটতি, দীর্ঘস্থায়ী প্রদাহ, বিভিন্ন সংক্রমণ, বংশগত রক্তরোগ এবং দীর্ঘমেয়াদি কিছু অসুস্থতার কারণেও রক্তস্বল্পতা হতে পারে।

তাই রক্তস্বল্পতা দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট গ্রহণ করা উচিত নয়। প্রথমে সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করা জরুরি। এ জন্য হিমোগ্লোবিন, ফেরিটিনসহ প্রয়োজনীয় পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

সব মিলিয়ে গবেষণার ফলাফল গ্রামীণ নারীদের পুষ্টি ও স্বাস্থ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে। পরিবারের খাবার বণ্টনে বৈষম্য দূর করা, কিশোরীদের পুষ্টি নিশ্চিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ বাড়ানো ছাড়া এ সমস্যা মোকাবিলা কঠিন। নারীর স্বাস্থ্যকে পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্যের সমান গুরুত্ব দেওয়াই রক্তস্বল্পতা প্রতিরোধে বড় পদক্ষেপ হতে পারে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!