Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৫১ পিএম

দখলমুক্ত হবে ঢাকার হারিয়ে যাওয়া খাল-পুকুর

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৫১ পিএম

দখলমুক্ত হবে ঢাকার হারিয়ে যাওয়া খাল-পুকুর

অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ স্থাপনা ও দখলদারদের কারণে হারিয়ে যেতে বসেছে রাজধানী ঢাকার প্রাকৃতিক জলাধার। এতে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশনব্যবস্থা, বাড়ছে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৫৬টি খাল এবং ৬২টি পুকুর পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, দখলমুক্ত করার পাশাপাশি খালগুলোর সীমানা নির্ধারণ এবং দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পর্যায়ক্রমে এসব জলাধার উদ্ধারের কাজ এগিয়ে নেওয়া হবে।

উত্তর সিটিতে ২৯, দক্ষিণে ২৭ খাল
জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীর ৫৬টি খালের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে রয়েছে ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় ২৭টি। তবে অধিকাংশ খালের জায়গা দখল হয়ে যাওয়ায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, জলাধারগুলো পুনরুদ্ধারের মাধ্যমে নগরের পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নেওয়া হয়েছে। দক্ষিণ সিটির শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল উদ্ধারে ইতোমধ্যে প্রকল্পের কাজ চলছে। পর্যায়ক্রমে অন্য খালগুলোতেও কাজ শুরু হবে।

দক্ষিণ সিটির উল্লেখযোগ্য অন্য খালগুলোর মধ্যে রয়েছে খিলগাঁও-বাসাবো, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, ধোলাইখাল, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ খাল।

উত্তর সিটিতে ১০ খাল উদ্ধারের কাজ চলছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন উল্লেখযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর ও সুতিভোলা খাল। এসব খালের মধ্যে প্রাথমিকভাবে ১০টি উদ্ধারের কাজ চলছে।

ডিএনসিসি জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে ভূমি প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও ঢাকা মহানগর পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। জমির মালিকানা যাচাই, সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অবৈধ ভবন ও আবাসন প্রকল্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

খালের জায়গায় বহুতল ভবন, কারখানা ও গুদাম
সরেজমিনে রাজধানীর বিভিন্ন খালের জায়গায় বসতবাড়ি, বহুতল ভবন, দোকান, বিপণিবিতান, কারখানা ও গুদামসহ নানা স্থাপনা দেখা গেছে। কোথাও খালের জায়গা দখল করে তৈরি করা হয়েছে গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ। এসব স্থাপনার কারণে পানির স্বাভাবিক প্রবাহের পথ সংকুচিত হয়ে পড়েছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা বলেন, খালে বর্জ্য ফেলে পানি দূষণ কিংবা পরিবেশের ক্ষতি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জলাবদ্ধতা কমাতে নিয়মিত নজরদারির তাগিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ বলেন, জলপ্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ও বর্জ্য নদীতে পৌঁছাতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

তিনি মনে করেন, উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে নিয়মিত তদারকি জরুরি। অতীতে নজরদারির অভাবে উদ্ধার করা অনেক জায়গা আবারও বেদখল হয়েছে।

নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের মতে, খাল ও পুকুরের অস্তিত্ব ফিরিয়ে আনা গেলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়বে। জলজ প্রাণী ও পাখির আবাসস্থলও সুরক্ষিত হবে। জরুরি প্রয়োজনে এসব জলাধার পানির উৎস হিসেবেও কাজে লাগানো যাবে।

এ ছাড়া খালের দুই পাশে সবুজায়ন ও হাঁটার পথ তৈরি করা সম্ভব হলে নগরের তাপমাত্রা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এসব উদ্যোগের সুফল পেতে উদ্ধার করা জলাধারগুলোর স্থায়ী সুরক্ষা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।

কালের আলো/এমএস/জেএন

Link copied!