প্রতিদিনের খাবারের তালিকায় থাকা শাক-সবজিই হয়ে উঠছে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় মাত্রার তুলনায় কয়েক গুণ বেশি সিসা শনাক্ত হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ভারী ধাতু এবং ই-কোলাই ও সালমোনেলার মতো জীবাণু। খাদ্যে এসব দূষকের উপস্থিতি দীর্ঘ মেয়াদে কিডনি, লিভার, হৃদ্যন্ত্র ও স্নায়ুতন্ত্রের ক্ষতির পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সাম্প্রতিক পরীক্ষায় খাদ্যদূষণের এমন চিত্র উঠে এসেছে। বিশেষ করে শিশুদের জন্য সিসার ঝুঁকি বেশি। এটি তাদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
কোনো নমুনায় সহনীয় মাত্রার প্রায় আট গুণ সিসা
বিএফএসএর ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে ঢাকাসহ দেশের ১৯টি জেলা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, শাক-সবজিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা প্রতি মিলিয়নে ০.৩ ভাগ (পিপিএম)। অথচ পরীক্ষিত নমুনায় সিসার পরিমাণ পাওয়া গেছে ১.১৬ থেকে ২.৩৭ পিপিএম পর্যন্ত। অর্থাৎ কোনো কোনো নমুনায় গ্রহণযোগ্য মাত্রার প্রায় আট গুণ সিসা রয়েছে।
একই পরীক্ষায় ক্যাডমিয়ামের উপস্থিতিও পাওয়া গেছে ০.৩৩ পিপিএম। বিএফএসএর পৃথক এক গবেষণায় লালশাকে প্রতি কেজিতে ৭০৪.৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম শনাক্ত হয়েছে। অথচ এর সর্বোচ্চ সহনীয় মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম।
লালশাক ছাড়াও বেগুন, ঢেঁড়স, টমেটো, আলু, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটিতে সহনীয় মাত্রার বেশি ভারী ধাতু পাওয়া গেছে। এসব সবজির মধ্যে লালশাকে ধাতব দূষণের মাত্রা সবচেয়ে বেশি।
এ ছাড়া সাম্প্রতিক এক গবেষণায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার বেগুন এবং জমির মাটিতে সিসা, নিকেল ও ক্যাডমিয়ামের আধিক্য পাওয়া গেছে।
কীটনাশক প্রয়োগের পরদিনই বাজারে সবজি
শাক-সবজিতে ভারী ধাতুর উপস্থিতির পাশাপাশি কীটনাশকের যথেচ্ছ ব্যবহারও উদ্বেগ বাড়াচ্ছে। রাজধানীর আশপাশের বিভিন্ন সবজিক্ষেতে অনেক কৃষক কোনো ধরনের সুরক্ষাসামগ্রী ছাড়াই কীটনাশক প্রয়োগ করছেন। আবার নির্ধারিত সময় পার হওয়ার আগেই ফসল তুলে বাজারে পাঠানো হচ্ছে।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকার কৃষক আব্দুর রাজ্জাক জানান, পোকামাকড়ের আক্রমণ বেশি হলে সপ্তাহে দুই দফা কীটনাশক প্রয়োগ করতে হয়। কীটনাশকের মোড়কে প্রয়োগের পর সাত থেকে ১৪ দিন পর্যন্ত ফসল না তোলার নির্দেশনা থাকলেও বাজারদর ভালো থাকলে অনেক সময় মাত্র এক দিন পরই সবজি তুলে ঢাকায় পাঠানো হয়।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাতেও একই চিত্র দেখা গেছে। সেখানকার কৃষক খালেদুল ও হামিদুর রহমান জানান, ফুলকপি, বেগুন ও ঢেঁড়সের মতো আগাম শীতকালীন সবজিতে সপ্তাহে এক থেকে দুবার কীটনাশক প্রয়োগ করা হয়। এরপর মাত্র দু-এক দিনের মধ্যেই এসব সবজি বাজারে পাঠানো হচ্ছে।
উৎপাদন খরচ কমাতে অনেক কৃষক কম দামের নিম্নমানের বালাইনাশক ব্যবহার করছেন। স্থানীয় এক বিক্রেতার ভাষ্য, ভালো ব্র্যান্ডের তুলনায় নামসর্বস্ব কোম্পানির সস্তা বালাইনাশকে মুনাফা বেশি। কৃষকদের চাহিদা থাকায় এসব পণ্যের বিক্রি বন্ধ করাও কঠিন হয়ে পড়েছে।
সবজির নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগ্রহ করা সবজির নমুনার ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ সহনীয় সীমায় রয়েছে।
প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বলেন, পুরোনো ও বিষাক্ত বালাইনাশক তুলনামূলক সস্তা হওয়ায় কৃষকেরা এগুলো বেশি ব্যবহার করেন। আধুনিক ও কম ক্ষতিকর বিকল্প বালাইনাশকে সরকারি ভর্তুকি দেওয়া গেলে কৃষকদের এসব পণ্য ব্যবহারে আগ্রহ বাড়বে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও পুষ্টিবিদ বিল্লাল হোসেন বলেন, কীটনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অধিকাংশ কৃষক মানেন না। ফলে দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন জটিল রোগের ঝুঁকিতে পড়ছেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, গ্রাম ও উপজেলা পর্যায়ে নিয়মিত তদারকির জন্য তাঁদের পর্যাপ্ত জনবল নেই। এ দায়িত্ব মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।
উৎপাদন থেকে বাজার পর্যন্ত নজরদারির তাগিদ
বিশেষজ্ঞদের মতে, খাদ্যদূষণ রোধে শুধু বাজারে পরীক্ষা চালালেই হবে না। উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষকদের নিরাপদ বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো জরুরি।
তাঁদের পরামর্শ, নির্দিষ্ট কোনো সবজি খাওয়া বন্ধ না করে খাদ্য উৎপাদনব্যবস্থায় দূষণ নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। নিয়মিত খাদ্য পরীক্ষা, ক্ষতিকর বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করা কঠিন হবে।
কালের আলো/এমএস/জেএন
