Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১২:৪৭ পিএম

শখের আইফোন, জীবনের শত্রু!

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১২:৪৭ পিএম

শখের আইফোন, জীবনের শত্রু!

একটি স্মার্টফোনের জন্য হত্যা করা হচ্ছে শিশু, কিশোর, তরুণ এমনকি বন্ধুকেও। কখনো মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে সন্তানকে, কখনো বন্ধুর আইফোন-১১ কেড়ে নিতে বন্ধুই হয়ে উঠছে ঘাতক। রাজধানীর সড়ক থেকে প্রত্যন্ত জনপদ—দামি স্মার্টফোন এখন ছিনতাইকারীদের অন্যতম প্রধান লক্ষ্য। আর এই অপরাধের পেছনে সক্রিয় রয়েছে ফোন ছিনতাইকারী, সংগ্রহকারী, মধ্যস্বত্বভোগী ও আন্তর্জাতিক চোরাই পণ্যের বাজারের একটি বিস্তৃত নেটওয়ার্ক। প্রযুক্তির আভিজাত্যের প্রতীক আইফোন এখন অনেকের কাছে নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে উঠেছে।

  • দামি ফোনের লোভে একের পর এক ছিনতাই ও হত্যাকাণ্ড 
  • তিন বছরে আইফোন ঘিরে ছয় খুন 
  • চোরাই ফোনের বিস্তৃত বাজার দেশ ছাড়িয়ে বিদেশে
     

গত তিন বছরের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ১২ নভেম্বর পর্যন্ত আইফোনকে কেন্দ্র করে অন্তত ছয়টি হত্যাকাণ্ড ঘটেছে। শুধু গত এক বছরেই আইফোন-সংশ্লিষ্ট আটটি সহিংসতার ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে চারজনের। এর বাইরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটছে নিয়মিত ছিনতাই। অস্ত্রের মুখে ফোন কেড়ে নেওয়া থেকে শুরু করে পরিচিতজনকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনাও সামনে আসছে।

২০২৬ সালের সেপ্টেম্বরে কুমিল্লার ১৩ বছর বয়সী শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় দেশকে। ১৮ সেপ্টেম্বর মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বাড়ি থেকে বের হয়েছিল সে। এরপর নিখোঁজ। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন স্থান থেকে উদ্ধার হয় তার মরদেহ। পুলিশের প্রাথমিক ধারণা, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

একই মাসে মাদারীপুরের কালিকাপুরে নিজ ঘরে খুন হন ১৮ বছর বয়সী আইভী আক্তার। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পাশাপাশি নিয়ে যায় তার ব্যবহৃত আইফোন। পুলিশের ধারণা, ফোন চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করা দুর্বৃত্তরা তাকে চিনে ফেলায় হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

এরপর অক্টোবরে হবিগঞ্জের লাখাইয়ে আইফোন-১১-এর জন্য বন্ধুর হাতে প্রাণ হারান ২২ বছর বয়সী নির্মাণশ্রমিক তারেক মিয়া। নিখোঁজ হওয়ার ছয় দিন পর একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ফোনটি ছিনিয়ে নিতে তাকে নির্জন স্থানে ডেকে নিয়ে হত্যা করেন তার সহকর্মী ও বন্ধু সাহেল মিয়া।

২০২৬ সালের মার্চে গোপালগঞ্জের মুকসুদপুরে খুন হন ১৭ বছর বয়সী কলেজছাত্র সিয়াম মোল্লা। পুলিশের তদন্তে উঠে আসে, আইফোন ও মাদক কেনার টাকা নেওয়ার উদ্দেশ্যে চার সহপাঠী তাকে শ্বাসরোধে হত্যা করে। ২০২৫ সালের ডিসেম্বরে সিলেটের বিয়ানীবাজারে প্রাণ হারান ২২ বছর বয়সী ইমন আহমদ। আইফোন দিয়ে কনটেন্ট তৈরি করতেন তিনি। পুলিশের তথ্য অনুযায়ী, পরিচিত আশরাফুলসহ কয়েকজন এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

২০২৪ সালে সুনামগঞ্জে নিজ বাসায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। পুলিশ জানায়, আইফোন ও টাকা চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে মা-ছেলেকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত মিনহাজুলের এক অপ্রাপ্তবয়স্ক খালাতো ভাইকে আটক করা হয়।

ফোন ছিনতাইয়ের পেছনে সংঘবদ্ধ চক্র
আইফোন ছিনতাইয়ের ঘটনাগুলো বিচ্ছিন্ন অপরাধের মধ্যে সীমাবদ্ধ নেই। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছিনতাইয়ের পর ফোনগুলো দ্রুত হাতবদল হয়ে পৌঁছে যায় নির্দিষ্ট কিছু বাজারে। রাজধানীতে গুলিস্তান ও স্টেডিয়াম মার্কেট এ ধরনের ফোন কেনাবেচার অন্যতম পরিচিত কেন্দ্র। এ ছাড়া মিরপুর-১, জুরাইন রেলগেট ও খিলগাঁও এলাকাতেও চোরাই ফোনের লেনদেনের তথ্য পাওয়া গেছে।

শাহজাহানপুর থানার এএসআই রুবেল হাওলাদার, এএসআই খোরশেদ আলম এবং পুলিশ পরিদর্শক সজীব দীর্ঘদিন ধরে হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারের সঙ্গে যুক্ত। তাদের মতে, ছিনতাইকৃত ফোনের গন্তব্য সাধারণত তিনটি—অন্যের কাছে বিক্রি, খুলে যন্ত্রাংশ হিসেবে বিক্রি অথবা দেশের বাইরে পাচার। ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে কিংবা অপরিবর্তিত অবস্থায়ও বিক্রি করা হয়। আবার আইফোনের অ্যাপল আইডি ও লক খুলতে না পারলে সেটি খুলে বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করা হয়।

সিমবিহীন ফোন, উদ্ধারেও বাড়ছে জটিলতা
পুলিশ সদস্যরা জানান, আগে হারানো বা ছিনতাইকৃত ফোন উদ্ধার তুলনামূলক সহজ ছিল। এখন অপরাধীরা ফোন বিক্রির সময় সিম ব্যবহার না করার পরামর্শ দেয়। অনেক ক্ষেত্রে হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হয়। এতে প্রচলিত পদ্ধতিতে সিমের তথ্যের ভিত্তিতে ফোনের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

চোরাই ফোন যাচ্ছে ভারত-ভুটানে
তদন্ত-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, চট্টগ্রামকে কেন্দ্র করে চোরাই আইফোনের একটি বাজার গড়ে উঠেছে। কিছু অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থান থেকে ফোন সংগ্রহ করে বিদেশে পাঠিয়ে দেন। ভারত ও ভুটানে থাকা চক্রের সদস্যদের মাধ্যমে এসব ফোন বিক্রি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আবার ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে চুরি বা ছিনতাই হওয়া দামি ফোনও বাংলাদেশে আসে। ২০২৪ সালের জুলাইয়ে কলকাতায় এক নারীর কাছ থেকে ছিনতাই হওয়া আইফোন চট্টগ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। একই মাসে ধানমন্ডির ৮ নম্বর সড়কে দিনাজপুরের ডেপুটি জেলার ফেরদৌস মিয়ার মোবাইল ফোন ভারতের গুজরাট থেকে উদ্ধার করা হয়। গত বছরের ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি ফোনও ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়।

ছিনতাইকারীদেরও নিয়ন্ত্রণ করেন ‘ম্যানেজার’
রাজধানীর কারওয়ান বাজার ও তেজগাঁওকেন্দ্রিক একটি ছিনতাইকারী চক্রের সদস্যের দেওয়া তথ্য আরও উদ্বেগজনক। তার দাবি, ছিনতাইকারীরা নিজেরা ফোন বিক্রি করতে পারেন না। ছিনতাই করা ফোন জমা দিতে হয় কমলাপুর রেলস্টেশনের আশপাশে অবস্থান করা এক ব্যক্তির কাছে। চক্রের সদস্যরা তাকে ‘ম্যানেজার’ নামে চেনেন।

ওই ব্যক্তির ভাষ্য, ম্যানেজারের অনুমতি ছাড়া ফোন অন্য কোথাও বিক্রি করলে কঠোর শাস্তির মুখে পড়তে হয়। নিরাপত্তার কারণে তিনি ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করতে চাননি। এতে স্পষ্ট, মাঠপর্যায়ে যারা ফোন ছিনতাই করছে, তাদের পেছনেও রয়েছে সংগ্রহ ও বিক্রির নিয়ন্ত্রণকারী একটি চক্র। ফলে শুধু ছিনতাইকারী গ্রেপ্তার করে এ অপরাধ নির্মূল করা কঠিন।

ফোনের বাজার বন্ধ না হলে কমবে না ছিনতাই
সংশ্লিষ্টদের মতে, আইফোনসহ দামি স্মার্টফোন ছিনতাই বন্ধে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি চোরাই ফোনের বাজারে কঠোর নজরদারি জরুরি। মোবাইল ফোন কেনাবেচায় আইএমইআই যাচাই, বিক্রেতার পরিচয় সংরক্ষণ এবং সন্দেহজনক লেনদেন শনাক্ত করার ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে চোরাই ফোন সংগ্রহকারী, অর্থের জোগানদাতা ও বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একটি আইফোনের বাজারমূল্য যতই হোক, কোনো মানুষের জীবনের মূল্য তার চেয়ে অসীম। অথচ শখের এই ডিভাইস ঘিরেই ঝরছে প্রাণ, তৈরি হচ্ছে আতঙ্ক। তাই এখন সময় শুধু ছিনতাই প্রতিরোধের নয়, আইফোন ছিনতাইয়ের পেছনে গড়ে ওঠা পুরো অপরাধী নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলার। 

কালের আলো/ডিএইচ/এমকে

Link copied!