জ্বালানি সংকট ও বিদ্যুতের বাড়তি উৎপাদন ব্যয়ের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কারখানার ছাদ, পুকুরের পানি এবং ফুটপাতকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি বর্তমানে ৩২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। চলতি বছরের মধ্যে এই সক্ষমতা ৫০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
কারখানার বিশাল এলাকাজুড়ে বিভিন্ন ভবনের ছাদে বসানো হয়েছে সারি সারি সোলার প্যানেল। পাশাপাশি পুকুরের ওপর স্থাপন করা হয়েছে ফ্লোটিং সোলার প্ল্যান্ট। রয়েছে দেশের সবচেয়ে দীর্ঘ ফুটপাত সোলার শেড প্যানেল। জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলেও আগ্রহ তৈরি করেছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও প্রকল্পটি পরিদর্শন করে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছেন।
পুকুরের পানিতে সৌরবিদ্যুৎ উৎপাদন
ওয়ালটন হাই-টেক পার্কে দেশের সবচেয়ে বড় ফ্লোটিং সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে এই প্ল্যান্ট থেকে ২ দশমিক ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। চলতি বছরের মধ্যে উৎপাদন সক্ষমতা ৪ দশমিক ২৫ মেগাওয়াট এবং আগামী বছর ৬ দশমিক ২৫ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির বিশেষত্ব হলো, পুকুরের পানির ওপর সোলার প্যানেল স্থাপন করেও মাছ চাষ অব্যাহত রাখা যাচ্ছে। অর্থাৎ একই জায়গা থেকে একদিকে মাছ উৎপাদন, অন্যদিকে সৌরবিদ্যুৎ পাওয়া যাচ্ছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে পুকুরটি পানির উৎস হিসেবেও ব্যবহার করা সম্ভব।
ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী জানান, ফ্লোটিং সোলার প্ল্যান্টের মাধ্যমে জায়গার কার্যকর ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে প্রকল্পটি পরিদর্শন করেছেন। তাঁরা এর নকশা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং এ ধরনের প্রকল্প স্থাপনে সহযোগিতা চেয়েছেন।
তিনি জানান, সোলার প্যানেল ছাড়া প্ল্যান্টের অন্যান্য উপকরণের বড় অংশ দেশেই তৈরি করা হয়েছে। এমনকি প্রতিষ্ঠানের ব্যবহৃত রাসায়নিকের খালি ড্রাম কাজে লাগিয়ে ফ্লোটিং সোলারের অবকাঠামো তৈরির নকশা করা হয়েছে।
ডিজেলের চেয়ে সৌরবিদ্যুতে খরচ অনেক কম
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদনে একদিকে যেমন বিপুল অর্থ ব্যয় হয়, অন্যদিকে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ডিজেল ব্যবহার করে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় প্রায় ৪০ টাকা। সেখানে সৌরবিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ছে ৩ টাকার কিছু বেশি।
এই বিপুল ব্যয়ের পার্থক্য সৌরবিদ্যুতের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও স্পষ্ট করছে। তাঁদের মতে, দেশের বড় শিল্পকারখানাগুলো নিজস্ব অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করলে জ্বালানি ব্যয় অনেকটাই কমানো সম্ভব। এমনকি ব্যক্তি পর্যায়েও বাড়ির ছাদ কিংবা খালি জায়গায় সোলার প্যানেল স্থাপন করে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ করা যেতে পারে।
জাতীয় গ্রিডে যাচ্ছে উদ্বৃত্ত বিদ্যুৎ
ওয়ালটনের সৌরবিদ্যুৎ উৎপাদনের একটি উল্লেখযোগ্য দিক হলো, কারখানার নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে ছুটির দিনে কারখানায় বিদ্যুতের ব্যবহার কম থাকায় অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে। এই বিদ্যুৎ দিয়ে প্রায় ১৩ হাজার পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমান উৎপাদন সক্ষমতার ভিত্তিতে সৌরবিদ্যুতের সমপরিমাণ বিদ্যুৎ ডিজেল দিয়ে উৎপাদন করতে হলে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হতো। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে কার্বন নিঃসরণও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। বর্তমানে মাসে প্রায় ৩২ লাখ ৬৪ হাজার ইউনিট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে।
ফুটপাতেও সোলার প্যানেল, সুরক্ষা পাচ্ছেন শ্রমিকরা
শুধু ভবনের ছাদ কিংবা পুকুর নয়, কারখানার ফুটপাতকেও বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগিয়েছে ওয়ালটন। ফুটপাতের ওপর সোলার শেড স্থাপন করায় একদিকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, অন্যদিকে রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা পাচ্ছেন কারখানায় কর্মরত শ্রমিকরা।
দেশের সবচেয়ে বড় এই ফুটপাত সোলার প্যানেল থেকে বর্তমানে ১ দশমিক ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর ফলে প্রতিদিন কারখানার ১৫ থেকে ২০ হাজার শ্রমিক চলাচলের সময় রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষা পাচ্ছেন।
ব্যাটারি উৎপাদনেও আসছে নতুন উদ্যোগ
সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি ও সরঞ্জাম উৎপাদনেও এগোচ্ছে প্রতিষ্ঠানটি। রাষ্ট্রীয় মালিকানাধীন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) অর্থায়নে লিথিয়াম আয়ন ব্যাটারি, ইএসএস ব্যাটারি এবং সোলার ইনভার্টার উৎপাদনের প্রস্তুতি চলছে। আগামী মাসে লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন শুরু করার আশাবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে এসব পণ্যের জন্য বাংলাদেশকে আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। দেশে উৎপাদন শুরু হলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
সব মিলিয়ে ছাদ, পুকুর ও ফুটপাতকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ শিল্পকারখানায় জ্বালানি সাশ্রয়ের নতুন সম্ভাবনা তৈরি করেছে। দেশের অন্যান্য বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানও এমন মডেল অনুসরণ করলে বিদ্যুতের ওপর প্রচলিত জ্বালানির নির্ভরতা কমার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
কালের আলো/এসএ/জেএন
