দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের এই উদ্যোগে দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
১৮ নভেম্বর শেষ হওয়া জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী।
এনসিপির সঙ্গে বৈঠক, জামায়াতের সঙ্গে আলোচনার প্রস্তুতি
প্রথম পর্যায়ে গত ২৩ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। আলোচনা ও মধ্যাহ্নভোজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক চলে প্রায় ৩৫ মিনিট।
এনসিপির পর জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের কথা রয়েছে। তবে দলটির আমির শফিকুর রহমান দেশের বাইরে থাকায় এখনো বৈঠকটি হয়নি।
জামায়াতের সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অস্ট্রেলিয়া সফর শেষে আমিরের এক দিনের মালয়েশিয়া সফরের কথা ছিল। সেখানে প্রবাসী বাংলাদেশিদের একটি কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা ছিল তাঁর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার দেশে ফেরার কথা থাকলেও মালয়েশিয়া সফর বাতিল করে বুধবারই দেশে ফিরেছেন তিনি।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগে অংশ নিতে আগ্রহী জামায়াতে ইসলামী। তবে দলটি এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের সব দলকে নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায়। এ ছাড়া এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় আমন্ত্রণ জানানোর পক্ষে দলটি।
সংলাপে জুলাই সনদ ও গণভোটের বিষয়
এনসিপির সঙ্গে বৈঠকে জুলাই সনদসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে।
বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, ২০২৪ সালের পরাজিত শক্তির বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থানের অভাবে পরিস্থিতির অবনতি হয়েছে।
তিনি আরও বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের কথাও বলেছে দলটি।
জামায়াতের পক্ষ থেকেও আসন্ন সংলাপে এসব বিষয় তুলে ধরার কথা জানা গেছে। দলটির সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। জামায়াত সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছে। পাশাপাশি ১১ দলীয় ঐক্যের সঙ্গে জোটবদ্ধভাবে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে।
জাতীয় স্বার্থে মতপার্থক্য পাশে রাখার তাগিদ
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার চর্চাকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র মতবিরোধ থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও সমাধানের উদ্যোগ দেখা যায়।
যুক্তরাজ্যে লেবার ও কনজারভেটিভ পার্টির মধ্যে রাজনৈতিক বিরোধ থাকলেও দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনায় বসে। একইভাবে যুক্তরাষ্ট্রে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার মতো বিষয়ে সহযোগিতার নজির রয়েছে।
বাংলাদেশেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। গণভোট, জুলাই সনদ কিংবা সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে বিতর্ক সংসদে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া যেতে পারে। তবে দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের উদ্যোগকে বহুদলীয় গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে বিরোধী দলগুলোর প্রতিও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে। জাতীয় ঐক্যের আলোচনায় দলীয় দাবি আদায়ের চেয়ে দেশের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দেওয়ার বিষয়টিই এখানে মুখ্য।
কালের আলো/এএইচ/এমএসআইপি
















-20261124163219.jpg)


