মিস ইউনিভার্সের সাত দশকের দীর্ঘ ইতিহাসে নানা সময়ে বিতর্কের জন্ম হয়েছে। তবে ২০২৩ সালে ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনা পুরো সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজনকে প্রশ্নের মুখে ফেলে দেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, আয়োজকেরা তাঁদের পোশাক খুলে শরীর পরীক্ষা করতে বাধ্য করেছিলেন। শুধু তা-ই নয়, অন্তর্বাস খুলে শরীরের বিভিন্ন অংশ দেখানোর পাশাপাশি আপত্তিকর ভঙ্গিতে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছিল তাঁদের। কক্ষে পুরুষসহ অনেক মানুষ উপস্থিত ছিলেন বলেও অভিযোগ করেন প্রতিযোগীরা।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইন্দোনেশিয়াজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিযোগীদের ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তা ও সম্মতির বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আন্তর্জাতিক পর্যায়েও সমালোচনার মুখে পড়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আন্তর্জাতিক সংস্থাটি। পরে এ ঘটনায় একজন আয়োজক কর্মকর্তার কারাদণ্ডও হয়।
প্রতিযোগিতার তালিকায় ছিল না ‘বডি চেক’
২০২৩ সালের ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতা। ওই বছরের আন্তর্জাতিক মিস ইউনিভার্স আসরে দেশের প্রতিনিধিকে নির্বাচন করাই ছিল আয়োজনের উদ্দেশ্য। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের মাত্র দুই দিন আগে, ১ আগস্ট ঘটে বিতর্কিত ঘটনাটি।
প্রতিযোগীদের অভিযোগ, শরীরে কোনো দাগ, সেলুলাইট কিংবা ট্যাটু আছে কি না, তা পরীক্ষা করার কথা বলে তাঁদের পোশাক খুলতে বলা হয়েছিল। অথচ এ ধরনের পরীক্ষা প্রতিযোগিতার আনুষ্ঠানিক কর্মসূচির অংশ ছিল না। অভিযোগকারীদের আইনজীবী মেলিসা আংগ্রায়েনি জানান, কয়েকজন প্রতিযোগীকে একটি হোটেলের বলরুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের অন্তর্বাস পর্যন্ত খুলতে বলা হয়েছিল। কক্ষে প্রায় দুই ডজন মানুষ উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে পুরুষও ছিলেন। পাঁচজন প্রতিযোগীর অভিযোগ, তাঁদের টপলেস অবস্থায় ছবি তোলা হয়েছিল।
এক প্রতিযোগী জানান, এমন পরিস্থিতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। হঠাৎ পোশাক খুলতে বলা হলে তিনি হতভম্ব হয়ে পড়েন। তবে আয়োজকদের নির্দেশের মুখে আপত্তি জানানোও সহজ ছিল না। আরেক প্রতিযোগীর অভিযোগ, তাঁকে এমন কিছু ভঙ্গিতে দাঁড়াতে বলা হয়েছিল, যা তাঁর কাছে অত্যন্ত অপমানজনক মনে হয়েছিল।
পুলিশের দ্বারস্থ হন প্রতিযোগীরা
ঘটনার পর চুপ থাকেননি প্রতিযোগীরা। ২০২৩ সালের আগস্টে একের পর এক নারী পুলিশের কাছে অভিযোগ জানান। প্রথম দিকে ছয়জনের অভিযোগের খবর প্রকাশ্যে আসে। পরে অভিযোগকারীর সংখ্যা আরও বাড়ে। মোট আটজন প্রতিযোগী আয়োজক প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলে জানা যায়।
অভিযোগে বলা হয়, আয়োজকেরা তাঁদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন এবং অনুমতি ছাড়া শরীরের ছবি তুলেছেন। বিষয়টি ইন্দোনেশিয়ার ২০২২ সালের যৌন সহিংসতাবিরোধী আইনের আওতায় তদন্তের দাবি ওঠে। এরপর জাকার্তা পুলিশ তদন্ত শুরু করে। হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং অভিযোগকারীদের বক্তব্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পুলিশ জানায়, এ ঘটনায় কয়েকজন নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাঁদের মনঃসামাজিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও করা হয়।
নারীর মর্যাদা নিয়ে প্রশ্ন
ঘটনাটি নিয়ে ইন্দোনেশিয়ার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক জাতীয় কমিশনও উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটির বক্তব্য ছিল, কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে যৌন হয়রানিকে স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। অভিযোগকারীদের সাহসের সঙ্গে সামনে আসার প্রশংসা করে তাঁদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানায় কমিশন।
এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগীদের নিয়ে নেতিবাচক মন্তব্য ও সাইবার বুলিং শুরু হয়। কেউ কেউ দাবি করেন, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলে এ ধরনের পরীক্ষা মেনে নিতে হয়। তবে নারী অধিকারবিষয়ক কমিশন এ যুক্তির বিরোধিতা করে জানায়, কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া মানে নিজের শরীর ও ব্যক্তিগত মর্যাদার ওপর অন্যের অধিকার প্রতিষ্ঠা করতে দেওয়া নয়।
অভিযোগ অস্বীকার করেন আয়োজক পপি কাপেলা
অভিযোগের কেন্দ্রে ছিল ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্সের ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি কাপেলা স্বস্তিকা কারিয়া। প্রতিষ্ঠানটির জাতীয় পরিচালক ও লাইসেন্সধারী পপি কাপেলা অবশ্য অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগীদের সঙ্গে এমন আচরণের বিষয়ে তিনি কিছুই জানতেন না। কাউকে এ ধরনের পরীক্ষা করতে নির্দেশ দেননি বা অনুমতিও দেননি। যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে নিজের অবস্থানের কথাও জানান তিনি।
এক আয়োজক কর্মকর্তার কারাদণ্ড
ঘটনার বিচারিক প্রক্রিয়ায় শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়েন একজন আয়োজক কর্মকর্তা। ২০২৪ সালের ৭ মার্চ জাকার্তার কেন্দ্রীয় জেলা আদালত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা অ্যান্ডারিয়া সারাহ দেউইয়াকে ইলেকট্রনিক মাধ্যমে যৌন সহিংসতার অপরাধে দোষী সাব্যস্ত করেন। আদালত তাঁকে এক বছর চার মাসের কারাদণ্ড দেন।
মামলার বিচারিক নথিতে উঠে আসে, প্রতিযোগীদের অনুমতি ছাড়া তাঁদের শরীরের ছবি তোলা হয়েছিল। চারজন প্রতিযোগীর শরীরের বিভিন্ন অংশের মোট ১৭টি ছবি অভিযুক্ত কর্মকর্তার মুঠোফোনে সংরক্ষিত ছিল। এই ঘটনা সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন, প্রতিযোগীদের নিরাপত্তা এবং ব্যক্তিগত সম্মতির গুরুত্ব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে প্রশ্ন তোলে। সূত্র: এপি ও রয়টার্স
কালের আলো/এসএ/জেএন








-6b052df2e53ea-20261125074514.webp)







-20261124163219.jpg)


