অনিয়ম, ঘুষ লেনদেন, অর্থ আত্মসাৎ ও সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে দেশের চারটি সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
সিভিল এভিয়েশনে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ
দুদক সূত্র জানায়, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (বেবিচক) ই/এম প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে পরস্পর যোগসাজশে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়াসহ নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সেখানে অভিযান চালানো হয়।
পাসপোর্ট ও ভূমি অফিসে হয়রানির অভিযোগ
ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে যোগসাজশ করে সাধারণ মানুষকে হয়রানি এবং সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আবেদনপত্র গ্রহণে অনিয়ম ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও খতিয়ে দেখেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
অন্যদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারি কার্যক্রমে সেবাগ্রহীতাদের হয়রানি করে ফাইল আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। দালালের মাধ্যমে ঘুষ লেনদেন এবং সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি ও আদায়ের অভিযোগেও সেখানে অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও অভিযান
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি এবং বিশেষ করে কার্ডিওলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে বিনা রশিদে অর্থ আদায় করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে হাসপাতালটিতে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম।
নথিপত্র সংগ্রহ, প্রতিবেদন দাখিলের প্রস্তুতি
অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
কালের আলো/এএইচ/এমএসআইপি
















-20261124163219.jpg)


