বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং সংগঠনটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এক যুগ পর নতুন আহ্বায়ক কমিটি
সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দীর্ঘ এক যুগ ধরে দায়িত্ব পালন করা বর্তমান নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগে সম্মত হন। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দ্রুত কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত রেজুলেশনে বলা হয়, শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা ও বিস্তারিত আলোচনার পর বর্তমান কমিটির সদস্যদের একযোগে পদত্যাগ এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত হন। এর পরিপ্রেক্ষিতে ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।
শ্রমিকদের দাবি ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্ব
সভায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত করার বিরুদ্ধে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বাড়ানো, নতুন শ্রমিক ইউনিয়ন গঠন, বিদ্যমান ইউনিয়নগুলোকে সংগঠনের অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সভায় উপস্থিত নজরুল ইসলাম খান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য বিদায়ী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সারা দেশের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটির সফলতা কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ২৪ জন কেন্দ্রীয় সদস্য সর্বসম্মতিতে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নতুন আহ্বায়ক কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।
শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি
আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
কমিটির অন্য সদস্যরা হলেন—আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, সম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
কালের আলো/এসকে/এমএসআইপি














-20261119145050.jpg)




