দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজ দেশের মাটিতে ইতিহাস গড়লেন জেনিফার ব্যারেটো। ৭৫তম মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী এই তরুণী। তাঁর জয়ের মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা পেল পুয়ের্তো রিকো।
বিবাহিত নারী ও মা হিসেবে নতুন ইতিহাস
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই শিরোপা জিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন জেনিফার। দীর্ঘদিন ধরে প্রতিযোগিতাটিতে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ ছিল না। তবে ২০২৩ সালে নিয়ম পরিবর্তনের মাধ্যমে সেই বাধা তুলে নেওয়া হয়। পরের বছর প্রতিযোগীদের বয়সের ঊর্ধ্বসীমাও বাতিল করা হয়।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় ও চতুর্থ রানারআপ হয়েছেন যথাক্রমে ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
সুন্দরী প্রতিযোগিতায় অভিষেকেই বিশ্বজয়
জেনিফারের এই অর্জন শুধু সৌন্দর্যের প্রতিযোগিতায় জয় নয়, বরং তাঁর মেধা, আত্মবিশ্বাস ও মানবসেবার স্বীকৃতিও। অবাক করার মতো বিষয় হলো, ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে কখনো কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেননি তিনি।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম নেওয়া জেনিফারের বেড়ে ওঠা ইসাবেলায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত সার্জেন্ট ইয়ান কার্লোস ব্যারেটোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৯ সালে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান পেনেলোপ।
মানবসেবায় গড়েছেন আলাদা পরিচয়
মনস্তত্ত্ব ও সমাজকর্মে দুটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে জেনিফারের। ২০২১ সাল থেকে মার্কিন সেনাবাহিনীর অধীনে ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রাম’-এ ক্রাইসিস রেসপন্ডার হিসেবে কাজ করেছেন তিনি।
পারিবারিক সহিংসতা, শিশু নির্যাতন ও আত্মহত্যা প্রতিরোধে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মানবসেবার এই কাজকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য থেকেই বিশ্বমঞ্চে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন জেনিফার। শেষ পর্যন্ত সেই লক্ষ্য তাঁকে এনে দিয়েছে বিশ্বসেরার মুকুট।
এআই যুগে মানবিকতার বার্তা
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে মানুষের কোন মূল্যবোধ ধরে রাখা জরুরি—এমন প্রশ্নের জবাবে জেনিফার বলেন, প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীল। তবে প্রযুক্তি যেন কখনো মানুষের নিজস্ব মূল্যবোধ ও মানবিকতাকে গ্রাস না করে, সেদিকেও সতর্ক থাকতে হবে। নেতাদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং নিজেদের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করে সমাজকে এগিয়ে নিতে হবে।
বিশ্বজুড়ে নারীদের উদ্দেশে নতুন মিস ইউনিভার্সের আহ্বান, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। সমাজের তৈরি তথাকথিত ‘নিখুঁত’ ছাঁচে নিজেকে আটকে না রেখে স্বকীয়তা দিয়েই স্মরণীয় হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন তিনি। ২০০৬ সালে জুলেইকা রিভেরা মিস ইউনিভার্স হওয়ার পর ঠিক ২০ বছর পর আবারও পুয়ের্তো রিকোর ঘরে ফিরল বিশ্বসুন্দরীর মুকুট।
কালের আলো/এসএ/টিসি








-6b052df2e53ea-20261125074514.webp)







-20261124163219.jpg)


