যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের মুখে পড়তে যাচ্ছে ভারত। তবে শুধু ভারত নয়, আরও ডজনখানেক দেশ থাকতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কের তালিকায়। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব দেশ নিজেদের অভ্যন্তরীণ শিল্প উৎপাদনে সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে। কয়েক মাস ধরে পরিচালিত তদন্তের ভিত্তিতে নতুন এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত নতুন শুল্কের আওতায় চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের কয়েকটি প্রধান অর্থনীতির দেশ পড়তে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এ বিষয়ে তদন্তের ফল প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। নতুন শুল্কের ঘোষণা শিগগিরই আসতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
নতুন শুল্কের কাঠামো
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকি নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। অন্যায্য বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে এই আইনের আওতায় মার্কিন প্রেসিডেন্ট সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করতে পারেন।
মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের মূল্যায়ন অনুযায়ী, এসব দেশের সরকারি ভর্তুকি ও অন্যান্য সহায়তার কারণে শিল্প উৎপাদনের সক্ষমতা প্রয়োজনের তুলনায় বেড়ে গেছে। ফলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম দামে পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে সরবরাহ করছে। এতে মার্কিন উৎপাদকদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন।
তদন্তের ফলাফলের ভিত্তিতে চিহ্নিত দেশগুলোর ওপর উচ্চহারে শুল্ক আরোপ করা হতে পারে। এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই নতুন শুল্কের আওতায় আসার সম্ভাবনা রয়েছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য এই তালিকার বাইরে থাকতে পারে। কারণ, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পৃথক আইনের আওতায় এসব পণ্যের ওপর আগে থেকেই শুল্ক আরোপ করা হয়েছে।
নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো নির্ধারিত হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্টের নির্ধারণ করা শুল্কের মতোই নতুন শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তাঁদের। যদিও ট্রাম্পের ওই শুল্ক আরোপের একটি আইনি ভিত্তি চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট বাতিল করে দেন।
এদিকে গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় বাধ্যতামূলক শ্রম ব্যবহারের অভিযোগ নিয়ে একটি তদন্ত শেষ করে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর। সংস্থাটির মতে, এর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে। এসব দেশের মধ্যে শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে চলমান তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির দেশও রয়েছে। ফলে নতুন শুল্কের সঙ্গে জুলাইয়ে প্রস্তাবিত শুল্ক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি
এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির কাঠামো চূড়ান্ত করা হলেও ট্রাম্পের আগের শুল্ক আরোপের আইনি ভিত্তি সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ায় আলোচনা নতুন করে জটিলতায় পড়ে।
চুক্তির আওতায় মার্কিন বাজারে ভারতীয় পণ্যের জন্য তুলনামূলক সুবিধাজনক শুল্কহার নিশ্চিত করতে চাইছে নয়াদিল্লি। বিশেষ করে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা পাওয়ার প্রত্যাশা করছে ভারত। তবে নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ দুই দেশের চলমান বাণিজ্য আলোচনায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
কালের আলো/এসএ/এএইচ








-6b052df2e53ea-20261125074514.webp)








-20261124163219.jpg)


