সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের দাপ্তরিক কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের তিন লাখ ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের মান ও ব্যবহার উপযোগিতা যাচাই করতে নিজেই সাইকেল চালিয়ে দেখেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর এ দৃশ্য দেখা যায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, সচিবালয়ে এসে বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি। এ সময় বাইসাইকেলগুলোর সার্বিক অবস্থা ও বিতরণ কার্যক্রমের প্রস্তুতি সম্পর্কেও খোঁজখবর নেন।
তিন লাখ ছাত্রীর জন্য বাইসাইকেল
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হবে।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করা। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক এলাকার অনেক ছাত্রীকে প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। যাতায়াতের অসুবিধা ও নিরাপত্তার উদ্বেগের কারণে অনেক ক্ষেত্রে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে।
এ পরিস্থিতি বিবেচনায় মেধাবী ছাত্রীদের বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে এ বিতরণের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা
সচিবালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী যখন বাইসাইকেল চালিয়ে দেখেন, তখন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে ছাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় উৎসাহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কালের আলো/এএইচ/এমএসআইপি







-6b052df2e53ea-20261125074514.webp)








-20261124163219.jpg)


