নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমুন্নত রাখতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ইউএন উইমেন আয়োজিত ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম অ্যাগেইনস্ট জেন্ডার-বেজড ভায়োলেন্স’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। জনগণের জন্য যা কল্যাণকর, বর্তমান সরকার তা-ই করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবেন না এবং নারীরা তাঁদের প্রাপ্য সম্মান পাবেন।
নির্যাতনের শিকারদের জন্য সমন্বিত সেবা
নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী।
তিনি জানান, ভুক্তভোগীদের এক ছাতার নিচে প্রয়োজনীয় সেবা দেওয়ার লক্ষ্যে সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুরা দ্রুত আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সেবা পাবেন।
সহিংসতা বন্ধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে সমাজের সবার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক।
কালের আলো/এসকে/এমএসআইপি



-6b052df2e53ea-20261125074514.webp)












-20261124163219.jpg)


