চলচ্চিত্র শুধু গল্প বলার মাধ্যম নয়, বরং সময়, ইতিহাস, স্মৃতি ও মানুষের বেঁচে থাকার চিহ্ন সংরক্ষণেরও শক্তিশালী উপায়। ফ্রান্সের নঁতে শহরে চলমান ৪৮তম চলচ্চিত্র উৎসবে সেই বিষয়টিই উঠে এসেছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলের চলচ্চিত্রের মধ্য দিয়ে। এবারের আয়োজনে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে আফ্রিকার স্মৃতি, ইতিহাস ও সমকালীন বাস্তবতা নিয়ে নির্মিত দুটি নতুন প্রামাণ্যচিত্র। পাশাপাশি বিশেষ প্রদর্শনী বিভাগে দেখানো হয়েছে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা।
আফ্রিকার ইতিহাস ও স্মৃতির সন্ধানে দুই প্রামাণ্যচিত্র
মঙ্গলবার ( ২৪ নভেম্বর) ফ্রান্সের নঁতে শহরের কারতোজা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় দুটি প্রামাণ্যচিত্র। মঙ্গলবার ( ২৪ নভেম্বর) সকালে দেখানো হয় বুরকিনা ফাসোর নির্মাতা বুবাকার সাঙ্গারের ‘জেলিয়া, মেমোয়ার দ্যু মান্দে’। পুরোনো দিনের অ্যাডভেঞ্চারধর্মী সিনেমার আবহে নির্মিত ভ্রমণনির্ভর এই চলচ্চিত্রে উঠে এসেছে স্মৃতি ও ঐতিহ্যের নানা দিক।
মঙ্গলবার ( ২৪ নভেম্বর) দুপুরে একই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের আরেক প্রামাণ্যচিত্র ‘ত্রো সে ত্রো’। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও মাঝারি দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র নির্মাণের পর এটিই নির্মাতা এলিসে সাওয়াসাওয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
কঙ্গোর তরুণদের প্রতিবাদ ও প্রতিরোধের গল্প
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযানের বিরুদ্ধে তরুণদের সাহসী প্রতিবাদ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘ত্রো সে ত্রো’। এতে গোমা শহর ও আশপাশের এলাকার তরুণ জনগোষ্ঠীর সম্মিলিত কণ্ঠস্বর ও বাস্তবতা তুলে ধরা হয়েছে।
দুটি প্রামাণ্যচিত্রের একটিতে প্রজন্মান্তরের স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণের চেষ্টা রয়েছে। অন্যটিতে সহিংসতার মধ্যেও মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর ধরে রাখার প্রয়াস দেখা যায়। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের স্মৃতি সংরক্ষণ ও বিস্মৃতির বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতাকে গুরুত্ব দিয়েছে উৎসবের আয়োজন।
নঁতের পর্দায় তাই মৃত ও হারিয়ে যাওয়া মানুষের উপস্থিতি কেবল কল্পনার বিষয় হয়ে ওঠেনি; বরং ইতিহাসের সাক্ষ্য এবং বিস্মৃতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।
ঐতিহাসিক প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা
আফ্রিকার প্রামাণ্যচিত্রের পাশাপাশি উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্রও। গতকাল বিকেলে নঁতে শহরের কারমেলিত মঠের পুরোনো একটি চ্যাপেলে অবস্থিত ঐতিহাসিক ‘লে সিনেমাটোগ্রাফ’ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
উৎসবের স্পেশাল স্ক্রিনিংস বিভাগে প্রদর্শিত বাংলাদেশের এই সিনেমাটি উপভোগ করেন দর্শকেরা। তিন মহাদেশের ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস ও সমকালীন বাস্তবতার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের এই উপস্থিতি আন্তর্জাতিক মঞ্চে দেশের সিনেমার প্রতিনিধিত্বকে আরও দৃশ্যমান করেছে।
কালের আলো/এসএ/টিসি
















-20261124163219.jpg)


