৬৮ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৩০০ সংসদীয় আসনে ৬০০টি মডেল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিটি আসনে একটি বালক ও একটি বালিকা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার এ মহাপরিকল্পনায় পাঁচ বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্প ব্যয়ের ৭০ শতাংশই আসবে বিদেশী ঋণ থেকে। অর্থাৎ ৪৭ হাজার ৮৮০ কোটি টাকা ঋণ নিয়ে বাস্তবায়ন করতে চায় সরকার। বাকি ২০ হাজার ৫২০ কোটি টাকা জোগান দেয়া হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে।
- ১ হাজার ৮০০ একর জমিতে হবে আধুনিক ক্যাম্পাস
- ২৭ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা
- শূন্য ৮৮ হাজারের বেশি শিক্ষক পদ, ঋণ পাওয়া নিয়ে সংশয়
প্রকল্পের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানে থাকবে ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবন, হোস্টেল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ল্যাব, বিভিন্ন ভাষা শিক্ষার ল্যাব, ই-লাইব্রেরি ও ডিজিটাল লার্নিং সুবিধা। তিন একর জমির ওপর গড়ে উঠবে প্রতিটি ক্যাম্পাস। ৬০০ প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হবে মোট ২৭ হাজার শিক্ষক। পাশাপাশি থাকবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, নার্স, গ্রন্থাগারিক, তথ্যপ্রযুক্তি ও পরীক্ষাগার সংশ্লিষ্ট জনবলসহ নানা পদ।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার এ পরিকল্পনা সামনে এলেও দেশের বিদ্যমান মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার চিত্র বেশ উদ্বেগজনক। সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদ শূন্য ৮৮ হাজার ৩৮১টি। গত সাত বছরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী কমেছে ১৮ লাখের বেশি। উচ্চ মাধ্যমিক পর্যায়েও অর্ধেকের বেশি আসন খালি থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক পুরনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনীয় শিক্ষক ছাড়াই চলছে। এমন বাস্তবতায় নতুন ৬০০ প্রতিষ্ঠান নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা ও অর্থনৈতিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদরা।
ঋণের টাকায় মেগা প্রকল্প, নিশ্চিত নয় অর্থায়ন
‘এস্টাবলিশমেন্ট অব ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ ইন সিলেক্টেড এরিয়াজ অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬৮ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে ৪৭ হাজার ৮৮০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে আটটি বিদেশী উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে। সম্ভাব্য অর্থায়নকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড (ইডিসিএফ), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইউনেস্কো ও ইউনিসেফ।
সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করার কথা বাকি ২০ হাজার ৫২০ কোটি টাকা। তবে প্রস্তাবিত বিদেশী অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি। প্রকল্পটির প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) যাচাই-বাছাই শেষে ফেরত দিয়েছে পরিকল্পনা কমিশন। সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে সংশোধিত প্রস্তাব জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সমীক্ষার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবও রয়েছে।
অর্থাৎ বিপুল ব্যয়ের প্রকল্পটির অর্থায়ন ও বাস্তবায়ন কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। তারপরও দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা শেষ করে প্রকল্পটি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্ত করতে চায় মাউশি। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় দুটি করে প্রতিষ্ঠান নির্মাণের পক্ষে ডিও লেটার দিয়েছেন বলেও জানা গেছে।
৩০০ আসনে সমান বরাদ্দ, চাহিদা যাচাই কতটা?
প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো স্থান নির্বাচন। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সংসদীয় আসনে দুটি করে প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। কিন্তু কোন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতি বেশি, কোথায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে কিংবা কোথায় নতুন বিদ্যালয় নির্মাণের প্রয়োজন নেই—এসব বিবেচনায় স্থান নির্বাচন কীভাবে করা হবে, সে বিষয়ে প্রস্তাবে স্পষ্ট ব্যাখ্যা নেই।
প্রতিটি প্রতিষ্ঠানের জন্য তিন একর করে মোট ১ হাজার ৮০০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। নির্মাণ করা হবে ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবন ও একটি হোস্টেল। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ১ হাজার থেকে ১ হাজার ১০০ শিক্ষার্থীর ব্যবস্থা রাখা হবে। প্রতি শ্রেণীতে থাকবে তিন থেকে চারটি শাখা। প্রতিটি শাখায় শিক্ষার্থী থাকবে ৩৮ থেকে ৪০ জন।
প্রতিষ্ঠানপ্রতি ৪৫ জন করে মোট ২৭ হাজার শিক্ষক নিয়োগের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, গ্রন্থাগারিক, নার্স, পরীক্ষাগার ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট জনবল, পুষ্টি ও খাবার ব্যবস্থাপনা কর্মী, হোস্টেল তত্ত্বাবধায়ক এবং নিরাপত্তাকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
প্রতিটি ক্যাম্পাসে এআই ল্যাব, ইংরেজি ও জাপানিজসহ বিভিন্ন ভাষা শিক্ষার ল্যাব, ই-লাইব্রেরি, ডিজিটাল লার্নিং, খেলার মাঠ ও ইনডোর গেমসের সুবিধা থাকবে। জাপানের আদলে স্কুলভিত্তিক খাবার ও পুষ্টি শিক্ষার ব্যবস্থাও রাখার প্রস্তাব করা হয়েছে। তবে পরিবেশবান্ধব ক্যাম্পাসের কথা বলা হলেও সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক বরাদ্দের উল্লেখ নেই।
শিক্ষক নেই ৮৮ হাজার, শিক্ষার্থীও কমছে
দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকটই নতুন প্রকল্পের যৌক্তিকতাকে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে ফেলেছে। জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের দেয়া তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদ শূন্য রয়েছে ৮৮ হাজার ৩৮১টি। এর মধ্যে সরকারি বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি পদ খালি।
মাউশির তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৬৬ শতাংশ, সহকারী প্রধান শিক্ষকের ৭৫ শতাংশ এবং সহকারী শিক্ষকের ৩৭ শতাংশ পদে কোনো জনবল নেই। ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি ঢাকা কলেজিয়েট স্কুলও এর ব্যতিক্রম নয়। প্রধান শিক্ষকসহ অনুমোদিত ৫৩টি পদের বিপরীতে বিদ্যালয়টিতে কর্মরত মাত্র ৩২ জন। শূন্য রয়েছে ২১টি পদ। অর্থাৎ অনুমোদিত জনবলের প্রায় ৪০ শতাংশই নেই। কোনো শিক্ষক ছুটিতে থাকলে সব শাখার পাঠদান স্বাভাবিক রাখাও কঠিন হয়ে পড়ে।
শুধু বিদ্যালয় পর্যায়েই নয়, সরকারি কলেজগুলোতেও শিক্ষক সংকট প্রকট। ব্যানবেইসের তথ্য অনুযায়ী, সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৯৫। আন্তর্জাতিক মানদণ্ডে এ অনুপাত থাকার কথা ১:২০।
অন্যদিকে শিক্ষার্থীর সংখ্যাও ধারাবাহিকভাবে কমছে। ব্যানবেইসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ছিল ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার ১০০ জন। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৩৮ হাজার ৪১৬ জনে। সাত বছরে শিক্ষার্থী কমেছে ১৮ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন।
উচ্চ মাধ্যমিক পর্যায়ের চিত্রও একই রকম। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অথচ একাদশ শ্রেণীতে কলেজ ও মাদরাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। সব উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় ১৩ লাখ ৬২ হাজার আসন খালি থাকবে।
‘প্রকল্প আসক্তি’ বলছেন অর্থনীতিবিদ
বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা না বাড়িয়ে নতুন করে ৬০০ প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগকে ‘প্রকল্প আসক্তি’ হিসেবে অভিহিত করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষক হোসেন জিল্লুর রহমান। তার মতে, শিক্ষার মান নিয়ে উদ্বেগ থাকলেও বিদ্যমান প্রতিষ্ঠানগুলোই শিক্ষক সংকটের কারণে ঠিকমতো পরিচালিত হতে পারছে না। অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পর্যন্ত নেই। এমন পরিস্থিতিতে নতুন প্রতিষ্ঠান নির্মাণের আগে পুরনো প্রতিষ্ঠানগুলোর সংকট দূর করা জরুরি।
তিনি আরো বলেন, নতুন প্রতিষ্ঠান প্রয়োজন কিনা, সে সিদ্ধান্ত নিতে হলে নির্ভরযোগ্য পরিসংখ্যান দরকার। সঠিক তথ্য ও চাহিদা বিশ্লেষণ ছাড়া প্রকল্প গ্রহণ করলে প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই অবকাঠামোগত দুরবস্থা, শিক্ষক সংকট ও শিক্ষার্থীস্বল্পতার মতো সমস্যা রয়েছে। এ অবস্থায় নতুন প্রতিষ্ঠান নির্মাণের পরিবর্তে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করাই বেশি কার্যকর ও যৌক্তিক হতো।
বিদেশী ঋণে বড় প্রকল্প বাস্তবায়নের অর্থনৈতিক যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এ অধ্যাপক। তার মতে, শিক্ষার মতো খাতে অবকাঠামো নির্মাণের বিনিয়োগ থেকে সুফল পেতে দীর্ঘ সময় প্রয়োজন হলেও ঋণের অর্থ পরিশোধের দায় তৈরি হয় অনেক আগেই। ফলে ভবিষ্যতে দেশের অর্থনীতির ওপর ঋণের বোঝা বাড়তে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, যেসব এলাকায় বিদ্যালয়ে পৌঁছানোই বড় বাধা, সেখানে নতুন স্কুল নির্মাণের যৌক্তিকতা রয়েছে। তবে বিদ্যমান বিদ্যালয়গুলোয় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, তদারকি ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতেই যখন হিমশিম খেতে হচ্ছে, তখন একসঙ্গে এতগুলো নতুন প্রতিষ্ঠান চালু করলে সংকট আরো বাড়তে পারে।
তার মতে, সরকারের মাধ্যমিক শিক্ষা পরিকল্পনা প্রমাণভিত্তিক হওয়া প্রয়োজন। যেখানে শিক্ষক প্রয়োজন, সেখানে শূন্যপদ পূরণ, শিক্ষকদের পাঠদানে সহায়তা এবং শিক্ষার্থীদের শেখার ঘাটতি চিহ্নিত করে তা পূরণের ব্যবস্থা নেয়াই হওয়া উচিত অগ্রাধিকার।
বিদ্যমান সংকট সমাধানে নিয়োগের উদ্যোগ
মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রতিষ্ঠান নির্মাণের পাশাপাশি বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট নিরসনেও সরকার কাজ করছে। প্রতিটি উপজেলায় মানসম্মত সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতে বিদ্যমান বিদ্যালয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিদ্যালয় জাতীয়করণ ও নতুন বিদ্যালয় স্থাপনের বিষয়গুলো বিবেচনায় রয়েছে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, সরকারি বিদ্যালয়ে ৭০০ শিক্ষক নিয়োগের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পিএসসির মাধ্যমে বিসিএস নন-ক্যাডার থেকেও দ্রুত শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে বিশেষ বিসিএসের চিন্তাভাবনা চলছে। পাশাপাশি এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।
নতুন শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, বিদ্যালয়ে খেলাধুলা, সহশিক্ষামূলক কার্যক্রম ও প্রযুক্তিগত সুযোগ-সুবিধা বাড়ানোর কাজও চলছে বলে জানান তিনি। প্রসঙ্গত, ৬৮ হাজার ৪০০ কোটি টাকার ৬০০ মডেল স্কুল নির্মাণ প্রকল্পটি দেশের শিক্ষা অবকাঠামোয় বড় বিনিয়োগের পরিকল্পনা। কিন্তু প্রকল্পের অর্থায়ন এখনো নিশ্চিত নয়, সম্ভাব্যতা সমীক্ষাও শেষ হয়নি। অন্যদিকে বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষক সংকটে ধুঁকছে, কমছে শিক্ষার্থী, বাড়ছে অব্যবহৃত আসন। ফলে নতুন প্রতিষ্ঠান নির্মাণের পাশাপাশি সেগুলো পরিচালনার জনবল, শিক্ষার্থী, অর্থায়ন ও দীর্ঘমেয়াদি সক্ষমতা নিশ্চিত করা যাবে কিনা—এ প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।
কালের আলো/ডিএইচ/এমকে








-20261121140412.jpg)







-20261119145050.jpg)



