Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৮:৫২ পিএম

শ্রমে সচল শিল্প, মজুরিতে অনিশ্চিত জীবন—৩০ হাজার টাকা চান শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৮:৫২ পিএম

শ্রমে সচল শিল্প, মজুরিতে অনিশ্চিত  জীবন—৩০ হাজার টাকা চান শ্রমিকেরা

মাস শেষে বেতন হাতে আসে। কিন্তু সেই টাকা দিয়ে মাস পার হয় না। নিজের চিকিৎসা, সন্তানের পড়াশোনা, পরিবারের খাবার, অসুস্থ স্বজনের ওষুধ—সবকিছুর হিসাব মেলাতে গিয়ে প্রতিমাসেই নতুন করে ঋণ ও অনিশ্চয়তার মুখে পড়তে হয়। কারও দায়িত্বে প্রতিবন্ধী ছোট ভাই, কারও বাবা এক দশক ধরে শয্যাশায়ী, আবার কারও স্বামী বিদেশে থেকেও প্রতারণার শিকার হয়ে পরিবারের জন্য আয় করতে পারছেন না। অথচ এসব পরিবারের প্রধান ভরসা পোশাক কারখানায় কাজ করা নারীদের মাসিক বেতন মাত্র ১৫ থেকে ১৭ হাজার টাকার মধ্যে।

  • শ্রমে সচল শিল্প, মজুরিতে অনিশ্চিত জীবন—৩০ হাজার টাকা চান শ্রমিকেরা
  • ১৩-১৪ বছর কাজ করেও সংসার চালাতে হিমশিম
  • চিকিৎসা ও সন্তানের পড়াশোনায় সংকট মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের জীবনসংগ্রামের চিত
  • স্বাধীন ট্রেড ইউনিয়ন ও ছাঁটাই-হয়রানি বন্ধের দাবিও জোরালো

সম্পা আক্তার, জলি আক্তার ও মুক্তা আক্তার—তিনজনের জীবনের গল্প আলাদা। কিন্তু সংকটের জায়গায় তাঁদের মিল একটাই, দীর্ঘদিন কাজ করেও জীবনযাপনের ন্যূনতম নিশ্চয়তা পাচ্ছেন না তাঁরা। বাজারে পণ্যের দাম বাড়ছে, চিকিৎসার ব্যয় বাড়ছে, পরিবারের দায়িত্বও কমছে না। অথচ মজুরি সেই তুলনায় বাড়ছে না। তাই তাঁদের প্রশ্ন, বছরের পর বছর কারখানায় শ্রম দিয়েও কেন বাঁচার মতো মজুরি পাওয়া যাবে না?

এই বাস্তবতা নিয়েই এবার ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্বে থাকা মজুরি বোর্ডের সামনে নিজেদের জীবনসংগ্রামের কথা তুলে ধরেছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। শুধু মজুরি বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে স্বাধীন ট্রেড ইউনিয়ন করার অধিকারও। ইউনিয়ন গঠনের কারণে ছাঁটাই, হয়রানি ও ভয়ভীতির পরিবেশ বন্ধ করে শ্রমিকদের ন্যায্য দাবি জানানোর সুযোগ দিতে হবে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ন্যূনতম মজুরি নির্ধারণে কারখানা পর্যায়ের ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে মজুরি বোর্ডের মতবিনিময় সভায় এসব দাবি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন শ্রমিক প্রতিনিধিরা। ঢাকা বিভাগের ৬০টির বেশি কারখানার ইউনিয়ন প্রতিনিধিরা এতে অংশ নেন।

১৩ বছরের চাকরি, বেতন মাত্র ১৫ হাজার ৯৩৫ টাকা
আরমানা লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সভাপতি সম্পা আক্তারের কর্মজীবনের বয়স ১৩ থেকে ১৪ বছর। দীর্ঘ সময় একই কারখানায় কাজ করেও তাঁর মাসিক বেতন ১৫ হাজার ৯৩৫ টাকা। নিজের চিকিৎসা, চার সদস্যের সংসার এবং প্রতিবন্ধী ছোট ভাইয়ের দায়িত্ব সামলাতে এই সামান্য আয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় তাঁকে।

সম্পা আক্তার বলেন, ‘আমি চাকরি করি ১৩-১৪ বছর একই ফ্যাক্টরিতে। নিজের ওষুধ কিনতে মাসে ২ থেকে ৩ হাজার টাকা খরচ হয়।’ নিজের চিকিৎসার ব্যয় মেটানোর পর পরিবারের অন্য সদস্যদের প্রয়োজন পূরণ করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন কাজ করার পরও জীবনযাপনের ন্যূনতম নিশ্চয়তা না পাওয়ার প্রশ্ন তুলে ধরেন তিনি।

অসুস্থ বাবা, বেকার স্বামী—সংসারের ভার একার কাঁধে
ফাউনটেন্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সম্মিলিত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি আক্তার। ২০১৫ সাল থেকে কারখানাটির কোয়ালিটি বিভাগে গ্রেড-১ পদে কাজ করছেন তিনি। প্রায় এক দশকের কর্মজীবনের পরও তাঁর মাসিক বেতন ১৬ হাজার ৭৫৬ টাকা।

অন্যদিকে তাঁর বাবা ১০ বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। স্বামী চাকরি হারানোর পর এখন দিনমজুরি করেন। সংসারের আর্থিক সংকট এতটাই প্রকট যে তিন মাস ধরে অসুস্থ বাবার কাছেও টাকা পাঠাতে পারছেন না জলি।

তিনি বলেন, ‘২০১৫ সাল থেকে কারখানার কোয়ালিটি বিভাগে গ্রেড-১ পদে কাজ করছি। প্রায় ১০ বছর চাকরি করার পরও মাসিক বেতন ১৬ হাজার ৭৫৬ টাকা। এই বেতনে নিজের সংসার, অসুস্থ বাবা ও সন্তানের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে।’ একজন শ্রমিকের আয় যে শুধু তাঁর নিজের জীবন নয়, পরিবারের আরও কয়েকজন মানুষের বেঁচে থাকার অবলম্বন—জলির অভিজ্ঞতায় উঠে এসেছে সেই বাস্তবতা।

স্বামী বিদেশে, তবু সন্তানের পুষ্টির নিশ্চয়তা নেই
মুক্তা আক্তারের মাসিক বেতন ১৭ হাজার ৪০০ টাকা। সাত সদস্যের পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে। স্বামী দুই বছর ধরে বিদেশে থাকলেও দালালের প্রতারণার শিকার হয়ে এখনো আয় করতে পারছেন না। ফলে পরিবারের আর্থিক দায়িত্ব সামলাতে হচ্ছে মুক্তাকেই। নিজের উপার্জনে সন্তানদের ভালো স্কুলে পড়ানো তো দূরের কথা, পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার কেনাও কঠিন হয়ে পড়েছে তাঁর।

এই তিন শ্রমিকের অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত দুর্দশার বিবরণ নয়; পোশাকশিল্পের বড় একটি শ্রমজীবী জনগোষ্ঠীর জীবনযাত্রার চাপের প্রতিফলন। দীর্ঘ কর্মজীবন, দক্ষতা ও অভিজ্ঞতা থাকার পরও যখন আয় দিয়ে মৌলিক প্রয়োজন মেটে না, তখন মজুরি বৃদ্ধির দাবি তাঁদের কাছে আর কেবল অর্থনৈতিক দাবি থাকে না, হয়ে ওঠে জীবনধারণের প্রশ্ন।

৩০ হাজার টাকা মজুরির দাবি, সঙ্গে সংগঠিত হওয়ার অধিকার
মতবিনিময় সভায় শ্রমিক প্রতিনিধিরা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বিদ্যমান মজুরির কোনো সামঞ্জস্য নেই। তাই ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

তবে তাঁদের দাবি শুধু বেতন বৃদ্ধিতে সীমাবদ্ধ নয়। শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন গঠন এবং কর্মক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে।

শ্রমিক প্রতিনিধি আনোয়ারা বেগম অভিযোগ করেন, ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে বাধা দেওয়া হয়। ইউনিয়ন করার কারণে শ্রমিকদের ছাঁটাই করা হয় এবং ইউনিয়ন কমিটির সদস্যদের কারখানার বাইরে রাখা হয়। তাঁর বক্তব্যে উঠে আসে, মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ের সাংগঠনিক পরিবেশ নিশ্চিত করাও জরুরি। কারণ স্বাধীনভাবে নিজেদের দাবি তুলে ধরার সুযোগ না থাকলে ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রের অধিকার প্রতিষ্ঠার পথ আরও কঠিন হয়ে পড়ে।

একই বাজারে কেনাকাটা, বেতনে এত বৈষম্য কেন?
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এবং পোশাকশ্রমিকদের মজুরির ব্যবধানের বিষয়টিও সামনে আনেন শ্রমিক প্রতিনিধি আলামিন। তিনি বলেন, ‘সরকারি চাকরিজীবীরা যেই মার্কেট থেকে বাজার করেন, আমরাও সেই মার্কেট থেকে বাজার করি। তাদের বেতন বেড়েছে শতভাগের বেশি। তাহলে আমাদের বেতন কেন বাড়বে না?’

একই বাজারে পণ্য কিনতে হয়, একইভাবে বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় বহন করতে হয়। কিন্তু আয়ের ক্ষেত্রে পোশাকশ্রমিকদের বাস্তবতা ভিন্ন—এই বৈষম্যের প্রশ্ন তুলে ধরেন তিনি।

ন্যায্য মজুরির দাবিতে কেন রাজনৈতিক ট্যাগ?
মজুরি আন্দোলনকে রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আলামিন। তাঁর অভিযোগ, শ্রমিকেরা ন্যায্য মজুরি চাইলে তাঁদের রাজনৈতিক ট্যাগ দিয়ে মূল দাবি থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, ‘২০২৩ সালে যখন মজুরি আন্দোলন হয় তখন ফ্যাসিস্ট সরকার একটা ট্যাগ দিল যে এটা বিএনপি-জামায়াতের কাজ। ২০২৬ সালে এখন শ্রমিকরা ন্যায্য মজুরি চাচ্ছে, এখন বলা হচ্ছে এরা ফ্যাসিস্টদের দোসর।’

শ্রমিকদের দাবি রাজনৈতিক পরিচয়ে বিচার না করে তাঁদের বাস্তব সমস্যা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে মজুরি আন্দোলনের পাশাপাশি শ্রমিকদের মতপ্রকাশ ও ন্যায্য দাবি জানানোর পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

মজুরি বোর্ডের সামনে শ্রমিকদের জীবনের হিসাব
গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি এলায়েন্সের আহ্বায়ক নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ গার্মেন্টস ও ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারসহ অন্যরা। সভায় শ্রমিক প্রতিনিধিরা তাঁদের বেতন, পারিবারিক দায়িত্ব, চিকিৎসা ব্যয়, সন্তানদের শিক্ষা এবং কর্মক্ষেত্রে অধিকারসংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন।

পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এই শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ। কিন্তু সেই শিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানোর মতো মজুরি নিশ্চিত না হলে তাঁদের জীবনে অনিশ্চয়তা থেকেই যায়।

সম্পা, জলি কিংবা মুক্তার গল্প তাই শুধু তিনটি পরিবারের সংকট নয়। এটি এমন এক বাস্তবতার ছবি, যেখানে মাস শেষে বেতন আসে, কিন্তু মাস চলে না। শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এখন মজুরি বোর্ডের আলোচনায়। সেই দাবির কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন—যাঁদের শ্রমে শিল্প সচল থাকে, তাঁদের জীবন কি ন্যূনতম স্বস্তি ও মর্যাদার নিশ্চয়তা পাবে না?

কালের আলো/আরআই/এমকে

Link copied!